Home আঞ্চলিক ভবদহ অঞ্চল ফের তলিয়েছে

ভবদহ অঞ্চল ফের তলিয়েছে

81


যশোর অফিস
সাজানো গোছানো ঘর-গৃহস্থালি ছিল সুপ্রিয়া বৈরাগীর। সব এখন পানির নিচে। উঠানে কোমরসমান পানি। রান্নাঘর, বসতঘর, গোয়ালঘরে পানি উঠেছে হাঁটুসমান। বারান্দা থেকে রাস্তা পর্যন্ত বাঁশের সাঁকোই বের হওয়ার একমাত্র পথ। পানি আরেকটু বাড়লে ছাড়তে হবে বাড়ি। এমন পরিস্থিতিতে চোখে মুখে আতঙ্ক নিয়ে সময় পার করছেন। যশোরের অভয়নগর উপজেলার ডুমুরতলার বাসিন্দা সুপ্রিয়ার সংসার স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে। স্বামী উপজেলার একটি কারখানায় কর্মরত। আর একমাত্র মেয়ে কলেজছাত্রী।
সুপ্রিয়া বৈরাগী বুধবার বলেন, ‘ঘর জলের তলে। হাঁস-কুঁকড়োর (মুরগি) ঘর আর গোয়ালঘরে জল। রান্নাঘরেও হাঁটু সমান পানি। শোয়ার ঘরেও পানি। জিনিসপত্র নষ্ট হওয়ার পথে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় কাটাচ্ছি। রাতে সবাই এক ঘরে মাচাং বেঁধে দিন পার করছি।’ তিন বেলার খাবার একবেলায় সারতে হচ্ছে তাদের। পেটে ক্ষুধা থাকলেও লজ্জায় কারও কাছে হাতও পাততে পারছেন না। প্রশ্ন ছুড়ে দেন, ‘আমাগের দুঃখ কী কোনোদিন শেষ হবে না?’
যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এই অঞ্চলের পানি নিষ্কাশনের মাধ্যম মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্য হারিয়েছে। ফলে পানি নামছে না। গত শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত ভারী বর্ষণে ২০৫টি গ্রাম এখন পানির নীচে। বেশিরভাগ ঘরবাড়ি, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, কৃষিজমি ও মাছের ঘের প্লাবিত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব এলাকার মানুষ পরিবারের সদস্যরা ও গরু-বাছুর নিয়ে সড়কে থাকেন। রাতে কেউ কেউ ঘরে মাচাং বেঁধে আশ্রয় নেন।
স্থানীয়রা জানান, ভবদহের করাল গ্রাসে প্রায় প্রতি বছরই ঘরছাড়া হতে হয়। গেল দু’বছর পানির ছোবলমুক্ত ছিলেন। তবে চলতি মাসের টানা বর্ষণে ফের তলিয়ে গেছে এ অঞ্চলের মাঠ-ঘাট।
যশোরের আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর মাসে স্বাভাবিক গড় বৃষ্টিপাত ধরা হয় ২৫৪ মিলিমিটার। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে ১৬ সেপ্টেম্বর বেলা তিনটা পর্যন্ত জেলায় ২৭৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। ফলে ভবদহ অঞ্চলের ৫২টি বিল প্লাবিত হয়েছে।
দুর্গত এলাকা ঘুরে দেখা গেছে, ভবদহ অঞ্চলে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। খেতের ফসল, ঘেরের মাছ সবই কেড়ে নিয়েছে এই পানি। কেড়ে নিয়েছে মানুষের থাকার জায়গাটুকুও। যে পানির অপর নাম জীবন, সেই পানিই এখন জীবন কেড়ে নিচ্ছে। রাস্তা তলিয়ে যাওয়ায় অনেক জায়গা যোগাযোগবিচ্ছিন্ন। সুপেয় পানির সংকট প্রকট। পয়োনিষ্কাশন ব্যবস্থা বলে কিছু নেই। কিছু কিছু পরিবার উঁচু সড়কে আশ্রয় নিয়েছে। তবে প্রায় সবার গরু-ছাগল, হাঁস-মুরগি রাখতে হচ্ছে সড়কের ওপরে বানানো অস্থায়ী গোয়ালঘরে। ইতোমধ্যে তিন উপজেলায় সাপের কামড়ে ৫ জনের মৃত্যুর তথ্যও পাওয়া গেছে।
মনিরামপুরের মশ্বিমনগর ইউনিয়নের সুজাপুর মোড়ে সড়কের ওপর বুধবার সকালে গরু-ছাগলের অস্থায়ী ঘর নির্মাণ করছিলেন ষাটোর্ধ্ব সুকুমার সরদার। পাশেই তাঁর স্ত্রী নির্মাণাধীন ঘরের ছাউনিতে পলিথিন বাঁধছিলেন। সুকুমার বলেন, ‘মাসখানিক ধরে বাড়ির উঠানে জল উঠেছিলো। গেল সপ্তাহ থেকে চলমান বর্ষার জলে উঠানে মাজাসমান পানি। জলের তলে রান্নাঘর, গোয়ালঘর, এমনকি টয়লেটও। আমরা না হয় বাঁচার জন্য রাস্তায় উঠে এসেছি। অবুলা পশুগুলো তো আর কথা বলতে পারে না। তাই তাদের জন্য রাস্তায় ঘর বানাচ্ছি।’
ডহর মশিয়াহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার মণ্ডল বলেন, ‘বিদ্যালয়ের মধ্যে উঁচু বেঞ্চ পর্যন্ত জল উঠে গেছে। চারদিকে কোমরপানি। শিক্ষার্থীরা আসতে পারছে না।’
ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালির বাড়ির উঠানে হাঁটুপানি। পানি ছুঁই ছুঁই করছে ঘরের বারান্দায়। তিনি বলেন, এলাকার বিলে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বা জোয়ারাধার চালু না করলে জলাবদ্ধতা থেকে মুক্তি নেই। বিল কপালিয়ায় টিআরএমের দাবিতে ৮ সেপ্টেম্বর যশোরের জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে পানিসম্পদ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ১৯৯০ থেকে চলতি বছর পর্যন্ত ভবদহকে ঘিরে নেয়া ২১টি প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে ৬০০ কোটি টাকা। অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামের শিক্ষক শিবপদ বিশ্বাসের অভিযোগ, প্রকল্পের নামে লুটপাটের কারণে এখনও এই দশায় আছেন তারা। বিগত সরকারের চেয়ারম্যান, এমপি, প্রতিমন্ত্রীর কাছে এই ভবদহ ছিল ডিমপাড়া হাঁস। ভবদহ স্লুইসগেট থেকে শোলগাতী পর্যন্ত নদীতে একটা চ্যানেল করে জরুরি ভিত্তিতে পানি সরানো, আমডাঙ্গা খাল সোজাসুজি খনন করে রাজাপুর খালের সঙ্গে সংযোগ দিতে হবে। অবিলম্বে বিল কপালিয়ার জোয়ারাধার বাস্তবায়ন করতে হবে।
পানি নিস্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিল কপালিয়ায় জরুরি ভিত্তিতে টিআরএম প্রকল্প গ্রহণের দাবি জানান। এ অঞ্চলের দুর্দশা কাটাতে আপাতত এর কোনো বিকল্প দেখছেন না তিনি।
যশোর পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, হরি নদের ২ দশমিক ১ কিলোমিটার অংশে মাটি কাটার কাজ চলছে। ভবদহ স্লুইসগেটের ২১ ভেন্টের ওপর চারটি বড় ও পাঁচটি ছোট পাম্প সব সময় চলছে। বৃষ্টি থেমে গেলে ও যশোর শহরের পানি না ঢুকলে চার-পাঁচ দিনের মধ্যে পানি সরিয়ে ফেলা যাবে।