স্পোর্টস ডেস্ক
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের করা ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানেই অলআউট হয় বাংলাদেশ। মূলত, জাসপ্রিত বুমরাহর তোপে পড়ে দেড় শ করার আগেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার বুমরাহ। এই ৪ উইকেটের মাধ্যমে দারুণ একটি মাইলফলকও স্পর্শ করলেন বাঁহাতি এই পেসার।
ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন বুমরাহ। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, তৃতীয় দ্রুততম ভারতীয় পেসার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। বুমরাহর চেয়েও বেশি দ্রুতগতিতে তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নিয়েছেন কিংবদন্তি কপিল দেব ও মোহাম্মদ শামি।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪০০ উইকেট নিতে ২২৭ ইনিংস লেগেছে বুমরাহর। সবচেয়ে দ্রুতগতিতে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাইয়ের এই স্পিনারের লেগেছে মাত্র ২১৬ ইনিংস। এই তালিকায় এর পরের স্থানগুলোতে আছেন- কপিল দেব (২২০), মোহাম্মদ শামি (২২৪) ও অনিল কুম্বলে (২২৬)।
বাংলাদেশের প্রথম ইনিংসে ১১ ওভারে ৫০ রান দিয়ে ৪ উইকেট নেন বুমরাহ। তার শিকার হয়েছেন শাদমান ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ।
সব সংস্করণ মিলিয়ে ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচে বুমরাহর এখন মোট উইকেট ৪০১টি। ২১.০১ গড়ে এই উইকেটগুলো শিকার করা এই পেসারের সেরা বোলিং ফিগার ৬/১৯। ৩৭ টেস্টে ২০.৪৯ গড়ে ১৬২ উইকেট নিয়েছেন তিনি। এই সংস্করণে তার সেরা বোলিং ফিগার ৬/২৭। ১০ বার পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন তিনি।
৮৯ ওয়ানডেতে ২৩.৫৫ গড়ে বুমরাহর উইকেট ১৪৯টি। এই সংস্করণেই তার সেরা বোলিং ফিগার। ৭০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৮৯ উইকেট নিয়েছেন এই পেসার। ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী অনিল কুম্বলে (৯৫৩)। তার পরের দুই স্থানে রবিচন্দ্রন অশ্বিন (৭৪৪) ও হরভজন সিং (৭০৭)।











































