বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে অবস্থিত ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ-লাগোয়া ঘোড়াদিঘির পাড়ে লাগানো শতাধিক নারকেল, শজিনা ও পেঁপে গাছ কেটে ও উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ১৬ সেপ্টেম্বর রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ওই গাছগুলো বিনষ্ট করে। এ ঘটনায় মঙ্গলবার বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
সংরক্ষিত পুরাকীর্তি বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ক্যাম্পাসের অংশ ঘোড়াদিঘি। দিঘির পাড়ে ৩ বছর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এর পাড়ে ৫০টি নারকেল চারা এবং সম্প্রতি ৬১টি পেঁপে ও কিছু শজিনা গাছ রোপণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ-লাগোয়া ঘোড়াদিঘিটির আয়তন ৪০ একর। ১৫ শতকে মনোরম এ দিঘিটি খনন করেছিলেন হযরত খানজাহান (রহ.)। দেশি-বিদেশি হাজারো পর্যটক নিয়মিত মসজিদ-দিঘিসহ খানজাহান (রহ.)-এর নির্মিত অনন্য সব পুরাকীর্তি দেখতে আসেন বাগেরহাটে। ঘোড়াদিঘি দেখে ও দিঘির পাড়ে বসে মুগ্ধ হন তারা। তাঁর ভাষ্য, মূলত সৌন্দর্যবর্ধনের জন্য দিঘিটির চারপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছিল। নিয়মিত পরিচর্যায় নারকেল গাছগুলো বড় হতে শুরু করে, পেঁপে গাছে ফল ধরে। হঠাৎ গত ১৬ সেপ্টেম্বর রাতে দিঘির দক্ষিণ পাড়ের নারকেল ও পেঁপে গাছগুলোকে কে বা কারা বিনষ্ট করেছে। এ ঘটনা তাদের বিস্মিত করেছে।
এমন ঘটনা আগে কখনও ঘটেনি উল্লেখ করে মো. যায়েদ বলেন, বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গাছের সঙ্গে কারা এবং কেন এমন শত্রুতা দেখালো– বিষয়টি নিয়ে সন্দিহান পুলিশ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
সংশ্লিষ্ট একটি সূত্রের ধারণা, ঘটনার সঙ্গে স্থানীয় কিছু বাসিন্দার সম্পৃক্ততা রয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি সাইদুর রহমান বলেন, ঘোড়াদিঘি পাড়ের গাছ কেটে বিনষ্ট করার ঘটনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।











































