স্টাফ রিপোর্টার
দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্তকৃত খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সহকারী কনজারভেন্সি অফিসার নুরুন্নাহার এ্যানির নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়োগ বোর্ডে চাহিদা অনুযায়ী কাগজপত্র দাখিল করতে পারেননি এই কর্মকর্তা। একই সঙ্গে নিজের সনদপত্রের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এসব কারণে কেন তাকে স্থায়ী বরখাস্ত করা হবে না মর্মে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে। গত ১১ সেপ্টেম্বর কেসিসির সচিব সানজিদা বেগম এ মামলা দায়ের করেন। যার নং-০৩/২৮।
মামলায় উল্লেখ করা হয়, রেশমা খাতুন গং কর্তৃক গত ৭ আগস্ট ’২৪ অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, তারা খুলনা সিটি করপোরেশনে আউটসোর্সিং কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন। সহকারী কনজারভেন্সি অফিসার এ্যানি বিভিন্ন সময়ে তাদের অনেকের কাছ থেকে মাস্টাররোলে চাকরি দেওয়ার কথা বলে ঘুষ নিয়ে আউটসোর্সিংয়ে চাকরি দিয়েছেন।
আউটসোর্সিংয়ে চাকরি দিলেও তাদের ৩০ দিনের কাজ করিয়ে ১৫-২০ দিনের হাজিরা দেন। যার কারণে তারা যে পারিশ্রমিক পান, তা দিয়ে তাদের সংসার চালানো সম্ভব হয় না। এছাড়া এ্যানি সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেককে বলে তাদের বেতন বৃদ্ধির আশ্বাস দিলেও পরবর্তীতে এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
তারা এ্যানিকে বেতন বৃদ্ধির বিষয়ে একাধিকবার তাগিদ দিলেও তিনি রাগান্বিত হয়ে চাকরি থেকে অব্যাহতি প্রদানের হুমকি দেন। এছাড়া তাদের পারিশ্রমিক নিয়েও টালবাহানা করেন। বিধায় তারা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।
এ্যানির এমন কর্মকাণ্ডে গত ১০ আগস্ট বিকেলে প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামসহ কেসিসির অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সমন্বয়ক প্রতিনিধিরা ভীষণভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা এ্যানিকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেছেন।
তাছাড়া এ্যানি মশক নিধনের যন্ত্রপাতি, তেল, মালামাল রুমে তালাবদ্ধ রেখে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার ফলে কনজারভেন্সি শাখার কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে বাধ্য হয়ে তার দায়িত্বপ্রাপ্ত স্থানের রুমের তালা ভেঙে কনজারভেন্সি মালামাল বের করে কনজারভেন্সি শাখার কার্যক্রম চালানো হয়। এছাড়া এ্যানির বিরুদ্ধে নানাবিধ অভিযোগের কারণে খুলনা সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
এছাড়া এ্যানির সহকারী কনজারভেন্সি অফিসার পদে চাকরি পাওয়ার আবেদনে প্যারা মেডিকেল ডিপ্লোমা স্নাতকসহ ৫ বছরের অভিজ্ঞতা নেই। একই আবেদনের মার্জিনে তার চাহিত অভিজ্ঞতা নেই মর্মে দেখা যায়।
এ্যানি ২০০৩ সালে এসএসসি পাস করেন এবং ২০০৪ সালে এইচএসসি পাস করেন। এতে প্রমাণ করে এ্যানি ভুয়া সনদপত্র দাখিল করে চাকরিতে যোগদান করেন। তার এমন অপরাধ খুলনা সিটি করপোরেশন (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৯৩ এর ৩৮ (ক) (খ) এবং (৩) ধারায় বর্ণিত দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, পলায়ন এবং দুর্নীতি পরায়নের সামিল।
এ্যানির এমন কর্মকাণ্ডের জন্য কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছেন। সেহেতু সহকারী কনজারভেন্সি অফিসার নুরুন্নাহার এ্যানির বিরুদ্ধে খুলনা সিটি করপোরেশন বিধিমালা ১৯৯৩ এর ৩৮ (ক) (গ) এবং ঙে) ধারায় বর্ণিত দায়িত্ব পালনে অবহেলা, অসদাচারণ ও দুর্নীতির অপরাধে অভিযোগ আনয়ন করা হলো এবং একই অভিযোগের কারণে একই বিধিমালার ৩৯(১) ধারানুযায়ী কেন আপনাকে চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা এ অভিযোগনামা প্রাপ্তির দশ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশক্রমে বলা হলো। এছাড়া আত্মপক্ষ সমর্থনে আপনি ব্যক্তিগত শুনানি চান কিনা তাও জানানোর নির্দেশ প্রদান করা হলো।
কেসিসির কর্মকর্তারা অভিযোগ করে বলেন, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের সঙ্গে সহকারী কনজারভেন্সি অফিসার নুরুনাহার এ্যানির ভালো সম্পর্ক থাকায় সব নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি অবৈধভাবে তিনবার বিদেশ সফরে যান সরকারি টাকায়। কেসিসির বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ ও কর্মশালায় জোরপূর্বক অংশগ্রহণ করতেন।
বয়রা মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী থাকার সুবাধে তিনি মেয়রকে প্রভাবিত করতেন। মশক নিধন তেল চুরির দায়ে পরপর তিনটি মামলা হয়। প্রতিটি ঘটনার সঙ্গে তিনি জড়িত বলে মামলার আসামিরা জানান। কিন্তু তিনি মেয়রের কাছের লোক হওয়ায় তার অপরাধের ব্যাপারে কেউ মুখ খুলতে সাহস পেতেন না।
তিনি কেসিসিতে লোক নিয়োগ দিতেন। কিন্তু নিজ হাতে টাকা নিতেন না। তার স্বামী ওয়াসার সহকারী প্রকৌশলীর মাধ্যমে টাকা নিতেন। চাকরি প্রার্থীরা তার স্বামীর কাছে টাকা জমা দিয়ে দর কষাকষি করতেন। কনজারভেন্সি কাজে প্রয়োজনীয় মালামাল নিজে ঠিকাদার সেজে ক্রয় করে সরবরাহ করতেন।
তার চাকরিতে দাবিকৃত সনদ না দিয়ে অন্য সনদ দিয়ে চাকরি নেয়ার অভিযোগ রয়েছে। নিজ বোন আজমিরাকে অনিয়মভাবে নিজের পিয়ন হিসেবে চাকরি দিয়েছেন এ্যানি। মেয়রের সঙ্গে সুসম্পর্ক থাকায় তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতেন। সবাই তার ভয়ে তটস্থ থাকতেন।
গ্যারেজ শাখায় কর্মরত এক দারোয়ানের ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা তার স্বামীকে দেওয়া হয়। চাকরি না দিতে পেরে কেসিসির গ্যারেজে তুলকালাম ঘটনার জন্ম দিয়েছেন এই এ্যানি। এ্যানি যে রুমটি ব্যবহার করছেন, তাও জোর করে দখলে নেন তিনি। ওই রুমে ভিএস দফতরের পরীক্ষাগার ছিল। অথচ আইন অনুযায়ী তিনি এসি পান না।
কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা জানান বলেন, এ্যানি ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার চৌদ্দগুষ্টি আওয়ামী লীগের সুবিধা নিয়ে গত ১৭ বছর খুলনায় দাপিয়ে বেড়িয়েছে। এখন তিনি বলছেন, তার বোন নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে। যা চরম মিথ্যা ও হাস্যকর। এমনকি তিনি তার বোনের ভয়ও কাউকে কাউকে দিচ্ছেন। এসব ভয় পরোয়া না করেই এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিচার চাই। আইন অনুযায়ী যদি দোষী হন, তবে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করে বিগত দিনে যে বেতন নিয়েছেন, তা ফেরত নেয়ার ব্যবস্থা করে যেন কর্তৃপক্ষ।
তবে এ্যানি এসব অভিযোগ অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
উল্লেখ্য, খুলনা সিটি করপোরেশনের প্রভাবশালী সহকারী কনজারভেন্সি অফিসার নুরুন্নাহার এ্যানিকে দুর্নীতির দায়ে গত ২১ আগস্ট সাসপেন্ড করা হয়। এরপর তিনি নিজ রুমের চাবি সংশ্লিষ্ট কর্মকর্তাকে বুঝিয়ে দেন।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগে এ্যানিকে বরখাস্ত করা হয়েছে।











































