ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
অতিবর্ষণে সবজি গাছ মারা যাচ্ছে, ফলন নেই। চলতি মৌসুমে ক্ষেতে সবজির উৎপাদন অনিশ্চিত হয়ে পড়েছে। বাজারে এর প্রভাব পড়ছে, সবজির দামে ঊর্ধ্বগতি। সবজির দাম মধ্য ও নিম্নবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। কথাগুলো ডুমুরিয়ার বরাতিয়া গ্রামের কৃষক নবদ্বীপ মল্লিক, প্রকাশ কুমার রায় ও আমজাদ আলীর। তাদের ভাষ্য, কৃষকদের অর্থনৈতির অবস্থা করুণ। পানি নামলে ক্ষেতে ফের বীজ বপন করবেন তারা।
চলতি মৌসুমে অতিবর্ষণে খুলনার ডুমুরিয়ায় পানিতে তলিয়ে গেছে অনেক সবজিক্ষেত। এতে কৃষকের অন্তত শত কোটি টাকার ক্ষতি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। লোকসানের কারণে পথে বসার অবস্থা অনেকের। একই সঙ্গে কৃষি ও সবজি বাজারের সঙ্গে জড়িত হাজারো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। দ্বিগুণেরও বেশি দাম দিয়ে ক্রেতারা বাজার থেকে কাঙ্ক্ষিত সবজি কিনতে পারছেন না।
কৃষি অফিস থেকে জানা গেছে, খুলনার ৯টি উপজেলার মধ্যে ডুমুরিয়া সবজি উৎপাদনের জন্য পরিচিত। চলতি মৌসুমে ৫ হাজার ২০০ হেক্টর জমিতে লাউ, বেগুন, ডাঁটা, লালশাক, ওল, ঝিঙা, চিচিঙ্গা, পটোল, পুঁইশাক, বরবটিসহ অন্যান্য সবজি চাষ হয়েছে। এবার সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৮২ হাজার টন। এর দাম ধরা হয় ৫৪৬ কোটি টাকা। তবে প্রায় ২০০ হেক্টর পানিতে তলিয়ে গেছে। এতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না।
ডুমুরিয়ায় উৎপাদিত সবজি এলাকায় চাহিদা মিটিয়ে খুলনা, যশোর, বাগেরহাট, বরিশাল, ফরিদপুর, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। তবে উৎপাদন কম হওয়ায় এবার সরবরাহ কমেছে। কৃষকদের ভাষ্য, চলতি মৌসুমের শুরুতে প্রায় এক মাস টানা বৃষ্টি হয়েছে। ফলে এখনও উপজেলা নিম্নাঞ্চলের ক্ষেত তলিয়ে আছে। কিছু এলাকায় পানি নামতে শুরু করায় গাছের গোড়া পচন ধরে মরতে শুরু করেছে। ফলে উৎপাদন অর্ধেকে নেমেছে।
গত মৌসুমে ২ লাখ ৩০ হাজার টাকার লাউ বিক্রি করেছিলেন আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের কৃষক প্রসেনজিৎ মণ্ডল। তবে চলতি মৌসুমে ৫০ হাজার টাকার বিক্রি হতে পারে বলে জানান তিনি। রংপুর গ্রামের আশুতোষ মণ্ডল বলেন, শতাধিক ডিঙি নৌকার মাঝি কৃষকের ক্ষেতের সবজি বহন করেন। এতে দিনে ৬০০ টাকার মতো আয় হয়। এখন খালবিল পানিতে একাকার হওয়ায় তেমন সবজি নেই। ফলে আয় বন্ধ হওয়ায় পরিবার নিয়ে কষ্টে আছেন তারা।
কৃষি ও সবজি বাজারের সঙ্গে জড়িত শ্রমিকরা জানান, উপজেলায় ১০টি সবজির পাইকারি কাঁচাবাজার রয়েছে। এসব বাজারকেন্দ্রিক কয়েক হাজার শ্রমিক এখন বেকার। সবজি বাজারের রেস্তোরাঁ মালিক তৃপ্তি অধিকারী ও শংকর কুমার তরফদার বলছিলেন, বাজারে সবজি সরবরাহ কমায় হোটেলে তেমন ক্রেতা নেই। তা ছাড়া এলাকার বহু নারী সবজিক্ষেত পরিচর্চা ও বহনে যুক্ত। অনেকে অন্য কাজে নিয়োজিত। তারা প্রায় সবাই এখন কর্মহীন।
এক মাস আগে একটি লাউ ২০ টাকায় কিনলেও এখন ৫০ টাকায় কিনতে হচ্ছে বলে জানান শিক্ষক মো. মমিনুল ইসলাম। তিনি বলেন, এক কেজি ডাঁটাশাকের দাম ছিল ৮ টাকা; তা এখন ২০ টাকা। অন্য সবজির দামও চড়া। উলা গ্রামের ভ্যানচালক আব্দুল হামিদ শেখের ভাষ্য, বাজারে সবজির দাম বেশি হওয়ায় খালবিল থেকে শাপলা বা ডোবা থেকে বুনো কচুর ডাটা সংগ্রহ করে খাচ্ছেন।
‘আল্লাহর দান’ সবজি বাজারের স্বত্বাধিকারী জিএম আনিচুর রহমান বলেন, ২৫ দিন আগেও তাঁর প্রতিষ্ঠানে প্রতিদিন ৯ থেকে ১১ ট্রাক সবজি আসত। এখন ছয় থেকে আট ট্রাক আসে। এ বাজারে প্রায় ৬০-৭০ জন শ্রমিক-কর্মচারী নিয়োজিত। এখন অনেকে কর্মহীন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ-ইবনে আমিন বলেন, অনেক সবজিক্ষেতে পানি উঠে গাছ মারা যাচ্ছে। চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পানি নামতে শুরু করায় নতুন বীজতলা প্রস্তুত শুরু করবেন তারা। কৃষকরা ক্ষতি পুষিয়ে আবারও ঘুরে দাঁড়াবেন।











































