অনলাইন ডেস্ক।।
মার্কিন রাজনীতিতে প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্ক তাৎপর্যপূর্ণ। এ রকমই এক বিতর্ক ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় কাল রাত ৯টায় অনুষ্ঠিত হবে। এ বিতর্ককে বলা হচ্ছে কমলার রাজনৈতিক জীবনের সবচেয়ে জটিল মুহূর্ত। অন্যদিকে চাপে আছেন ট্রাম্পও। বয়সের কারণে ডেমোক্র্যাট জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন। এবার একই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ট্রাম্পকেও। সেই সঙ্গে তাঁর সামর্থ্য নিয়েও প্রশ্ন উঠছে।
গত জুনের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে ট্রাম্প মোকাবিলা করেন জো বাইডেনের। ওই বিতর্কে বাইডেনের ভরাডুবি হয়। এ প্রেক্ষাপটে চাপের মুখে তিনি পদত্যাগ করলে প্রার্থী হন কমলা। আর তাতেই অনেক কিছু বদলে যায়। দ্রুত ভোটারদের মধ্যে জনপ্রিয় হতে থাকেন তিনি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নারী ভোটাররা তাঁকে ব্যাপকভাবে সমর্থন করছেন। বিভিন্ন জরিপেও প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে এগিয়ে যান কমলা।
বিতর্কের আগ মুহূর্তে সিএনএনের প্রতিবেদন জানায়, কমলা হ্যারিসের আনন্দঘন প্রচারাভিযান মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল) কঠোর বাস্তবতার মুখে পড়বে। বিতর্কটি হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, যা হতে পারে আধুনিক যুক্তরাষ্ট্রের অন্যতম কঠিন বিতর্ক। তিক্ততার আবহে থাকা দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর দিকে তাই সবার নজর থাকবে। কমলা প্রার্থী হওয়ার পর যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের অবস্থান মজবুত করেছেন। বাইডেনের প্রার্থিতার সময় এসব অঙ্গরাজ্য হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। ইলেক্টোরাল ভোট বেশি থাকায় মার্কিন নির্বাচনে এগুলো ভাগ্য নির্ধারণী হয়ে উঠতে পারে। প্রেসিডেন্ট হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন। এ অর্জনের জন্য কমলা ডেমোক্র্যাটদের একত্রিত হতে বড় ভূমিকা পালন করেছেন।
টেলিভিশন বিতর্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল নির্ধারণ করে দেয় না। তবে এর প্রভাব অনেকটাই শক্তিশালী হয়। তাই মঙ্গলবার রাতের ওই বিতর্ক কমলার জন্য ট্রাম্পকে আটকানোর সবচেয়ে বড় সুযোগ। ফিলাডেলফিয়া থেকে এবিসি টেলিভিশন বিতর্কটি সরাসরি সম্প্রচার করবে। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্প এর আগে তিনবার বিতর্কে অংশ নিলেও কমলার এ অভিজ্ঞতা নেই। ২০২০ সালে তিনি একবার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মাইক পেন্সের মুখোমুখি হয়েছিলেন।
প্রার্থী হয়ে এক সময় জো বাইডেনকে যে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এবার একই ধরনের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ট্রাম্পকে। তাঁর বয়স ও সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে। বাইডেন না থাকায় জয়ী হলে ৭৮ বছরের ট্রাম্পই হবেন ওভাল অফিসে দায়িত্ব পালন করা ইতিহাসের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। তাঁর কিছু বক্তব্য গণমানুষের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ প্রেসিডেন্ট বিতর্ক যে প্রার্থীদের মধ্যে একজন ছিলেন, যিনি জীবনের আটটি দশক কাটিয়ে ফেলেছেন। তাঁকে পদের জন্য সামর্থ্যের প্রমাণ দিতে হয়েছিল। এতে তিনি ব্যর্থ হয়েছিলেন। আড়াই মাস পর এবার চরিত্র পরিবর্তন হয়ে অন্যজনের দিকে গেছে। তাঁকেই একইভাবে বয়স ও সামর্থ্যের প্রমাণ দিতে হচ্ছে। এ পরীক্ষায় তিনি পাস করলেই শুধু তিনি ওভাল অফিসের পথে হাঁটতে পারবেন।
আগামী ৫ নভেম্বর মার্কিন ভোটাররা তাদের প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট দেবেন। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রজুড়ে ভোটারদের ওপর জরিপ চালায় এবিসি নিউজ। জরিপে দেখা গেছে, ৪৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়ে কমলা এগিয়ে আছেন। ট্রাম্প সমর্থন পেয়েছেন ৪৪ শতাংশ ভোটারের। এ ছাড়া সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের পাঁচটিতে কমলা এবং দুটিতে এগিয়ে আছেন ট্রাম্প।











































