স্পোর্টস ডেস্ক
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। যদিও আজ সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস হয়নি এখন পর্যন্ত।
তবে ঐতিহাসিক এই টেস্ট শুরুর আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান। দলটির ওপেনার ইব্রাহিম জাদরান গোড়ালির ইনজুরিতে পড়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন। এই তথ্য জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন জাদরান। কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দেও ছিলেন জাদরান। তিনি আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে চার টেস্ট সেঞ্চুরিয়ানদের মধ্যে একজন। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ ব্যাটার। যে কারণে জাদরানকে হারিয়ে বিপদেই পড়তে হলো আফগানিস্তানকে।
আফগানিস্তানের লাল বলের ক্রিকেটে জাদরান সবচেয়ে ধারাবাহিক পারফরমারদের একজন। ১৪ ইনিংসে ৫৪১ রান করেছেন তিনি। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং চারটি হাফসেঞ্চুরি রয়েছে।










































