Home আঞ্চলিক শেষ মুহূর্তেও কেসিসির ৪১ কোটির কাজ ভাগাভাগির চেষ্টা

শেষ মুহূর্তেও কেসিসির ৪১ কোটির কাজ ভাগাভাগির চেষ্টা

89


শরিফুল ইসলাম টিপু।।
ছাত্র আন্দোলনে দেশ তখন উত্তাল। প্রতিদিনই গুলিতে ঝরছে নিরীহ ছাত্র-জনতার প্রাণ। রক্তাক্ত সেই জুলাইয়ের মধ্যেই খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) ২১৩ জন জনবল নিয়োগের তোড়জোড় করেছিলেন তৎকালীন মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আবদুল খালেক। দলীয় লোক নিয়োগ দিতে ২৬ ও ২৭ জুলাই আহ্বান করা হয় মৌখিক পরীক্ষা। কিন্তু গণআন্দোলনে সব কিছু বন্ধ করে দিতে বাধ্য হয় কেসিসি। এমনকি শেষ সময়ে কেসিসিতে প্রায় ৪১ কোটি টাকার ঠিকাদারির কাজ ভাগবাটোয়ারার পাঁয়তারা চলছিল।


কেসিসি সূত্রে জানা যায়, গত জুলাই মাসে তিনটি প্রকল্পে ১২টি প্যাকেজে ৪১টি দরপত্র আহ্বান করা হয়। মেয়রের পছন্দের কয়েকজন ঠিকাদার এতে অংশ নেন। এর মধ্যে মুন্সিপাড়া তৃতীয় লেন, ডায়াবেটিক হাসপাতাল থেকে স্যার ইকবাল রোডসহ ৪টি সড়কে বৈদ্যুতিক পোল ও লাইট স্থাপনের জন্য ২ কোটি ৩৫ লাখ টাকার ঠিকাদারি কাজে দি আজাদ ইঞ্জিনিয়ার্সের নামে একটি মাত্র দরপত্র জমা পড়ে। অন্য দরপত্রগুলোতে ১৫ থেকে ২২ শতাংশ পর্যন্ত নিম্ন দর দেওয়া হলেও এই কাজে দর দেওয়া হয়েছে মাত্র দশমিক ৪৫ শতাংশ কম। মেয়রের নির্দেশে এই প্যাকেজে আর কেউ দরপত্র জমা দেয়নি।


একইভাবে মেসার্স রহমান অ্যান্ড ব্রাদার্সের নামে ১৪ কোটি ৬১ লাখ টাকার আরেকটি কাজ ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মাওলা শানুকে দেওয়ার চেষ্টা হয়। বাকি দরপত্রগুলোর বেশির ভাগই খালেকের ঘনিষ্ঠ যুবলীগ নেতা তাজুল ইসলামসহ কয়েকজনকে দেওয়ার পরিকল্পনা চলছিল।
দরপত্র নিয়ে বিভিন্ন মহলের চাপের কথা স্বীকার করে কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান বলেন, সবাই নিশ্চিত থাকতে পারেন, অন্যায় কিছু হবে না। বিষয়টি নিয়ে কেসিসির প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকল্প পরিচালকের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। খুব দ্রুত একটি সিদ্ধান্ত হবে।


অভিযোগ রয়েছে, বিএনপি নেতারা ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিতে চাইছে। কেসিসির কিছু কর্মকর্তা সেই সুযোগ তৈরি করে দিচ্ছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ ঠিকাদারদের মাঝে।
অন্যদিকে ২০০৮ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হলে কেসিসিতে নিজের পছন্দের জনবল নিয়োগ দেওয়া শুরু করেন তালুকদার আবদুল খালেক। ওই বার ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় দুই ডজন লোক নিয়োগ দেন।


কেসিসির সাধারণ শাখা থেকে জানা গেছে, ২১৩টি পদে জনবল নিয়োগের জন্য ২০২১ সালের ১৭ ও ২৫ অক্টোবর দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৭ হাজার ৯১০ জনকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়। লিখিত পরীক্ষায় পছন্দের প্রার্থীদের উত্তীর্ণ দেখাতে চাপ দেন খালেক। তখন চাপে নত না হয়ে কেসিসির তৎকালীন সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্ব ছেড়ে দিতে দিয়েছিলেন। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় পিছু হটেন খালেক। এর পর নিয়োগ কার্যক্রমে কিছুটা ধীরগতি দেখা দেয়।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম বলেন, আমরা লিখিত পরীক্ষায় অনিয়ম হতে দিইনি। এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে আবেদন চাওয়া হবে। চলতি সপ্তাহে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে।