ঢাকা অফিস
মজুরি আন্দোলনে শ্রমিক হতাহতের ঘটনা অনুসন্ধানে গঠিত গণতদন্ত কমিটি জানিয়েছে, আন্দোলনে প্রায় শতাধিক শ্রমিক নিহত হয়েছেন। তবে এ ঘটনায় মামলা হয়নি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে গণতদন্ত কমিটি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক আনু মুহাম্মদ বলেন, এ আন্দোলনে নিহত-আহত শ্রমিকদের সংখ্যা বের করার বিষয়টি প্রক্রিয়াধীন। তবে আনুমানিক শতাধিক শ্রমিক নিহত হয়েছেন।
তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া বলেন, মজুরি আন্দোলনে চারজন শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে মাথায় গুলি করা হয়েছে। একজনকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, ১২ হাজার শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৮৮ জনকে। কিন্তু শ্রমিক হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি।
ঘুমন্ত অবস্থায় ওই শ্রমিককে কে গুলি করেছে, এমন প্রশ্নে আনু মুহাম্মদ বলেন, ঘুমন্ত অবস্থায় যে শ্রমিক মারা গেছেন, তার মৃত্যু হয় কারখানায় আগুনে পুড়ে।
এ সময় পাল্টা প্রশ্ন করা হয়, জোতির্ময় বললেন গুলিতে নিহত হয়েছে, আপনি বলছেন আগুনে পুড়ে মারা গেছে, কোনটা সঠিক?
জবাবে ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া বলেন, ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে যে শ্রমিক মারা গেছেন তার শরীরে ছররা গুলি পাওয়া গেছে।
পরে আনু মুহাম্মদ আরও বলেন, আমাদের তদন্ত কমিটি গঠন করা নিয়ে প্রশাসন প্রশ্ন তুলে। সুতরাং প্রশাসনও এ হত্যাকাণ্ডের জড়িত ছিল। বিজিএমইএ থেকে কোনো তথ্য আমরা পায়নি। শিল্প পুলিশ শ্রমিকদের দমন-পীড়নে কাজ করেছে। শ্রমিকদের সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি। সংবাদ সম্মেলনে শিল্প পুলিশ বিলুপ্ত করাসহ তদন্ত কমিটির ৯টি সুপারিশ তুলে ধরা হয়।











































