Home খেলাধুলা ট্রফি নিয়ে মেসির মতো ঘুম, যা বললেন শান্ত

ট্রফি নিয়ে মেসির মতো ঘুম, যা বললেন শান্ত

24


স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে কাতারে ২০২২ সালে স্বপ্নের বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল মেসি। শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই রাতে বিশ্বকাপের ট্রফি কোলে নিয়েই ঘুমান মেসি। কারণ ফুটবলে বর্ণাঢ্য ক্যারিয়ারের ষোলোকলা তার তখনই পূর্ণ হয়েছিল।

ট্রফি নিয়ে ঘুমন্ত মেসির সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর অনেকেই তাকে অনুকরণ করেছেন।

এবার সেই তালিকায় নাম লেখালেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের শিরোপা নিয়ে তিনিও মেসির মতো ঘুমিয়েছেন। আজ সকালে সেই ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করেছেন বাংলাদেশ অধিনায়ক।

ছবির ক্যাপশনে শান্ত লেখেন, ‘শুভ সকাল।’ অবশেষে সফল সফর শেষে গতকাল রাতে দেশে ফিরেছে শান্তর দল। দেশে ফিরে সংবাদ মাধ্যমের কাছে ট্রফি নিয়ে ঘুমের গল্প শোনালেন বাংলাদেশ অধিনায়ক।

দেশে ফিরে শান্ত বলেন, ‘সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিলো আমার কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশের সব থেকে বড় অর্জন। মুহূর্তটাকে ভালো ভাবে উপভোগ করার জন্য মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। এটাই আর কি, কাউকে দেখে না … লিওয়েন মেসিকে দিয়ে শুরু হয়েছিলো…..।’