Home আঞ্চলিক খুলনা ওয়াসা: পিঠ বাঁচাতে ‘পদোন্নতির খেলা’ এমডির

খুলনা ওয়াসা: পিঠ বাঁচাতে ‘পদোন্নতির খেলা’ এমডির

192


খুলনাঞ্চল রিপোর্ট।।

খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে ২০০৯ সালের ২৫ অক্টোবর নিয়োগ পান প্রকৌশলী মো. আবদুল্লাহ। গত ১৫ বছর তিনি ছিলেন ওয়াসার দণ্ডমুণ্ডের কর্তা। ক্ষমতা নির্বিঘ্ন করতে উপব্যবস্থাপনা পরিচালকের দুই পদই শূন্য রেখেছেন। পদোন্নতিবঞ্চিত করেছেন প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীদের। নানা অপকর্মের অভিযোগ ওঠায় অনেকবার পত্রিকায় শিরোনাম হয়েছে তাঁকে নিয়ে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর অন্য ‘সুবিধাবাদী’দের সঙ্গে বিপাকে পড়েন প্রকৌশলী আবদুল্লাহও। অবশ্য কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন তিনি। কর্মচারী ইউনিয়নের বিএনপি ও জামায়াত সমর্থক নেতাদের ডেকে পদোন্নতির আবেদন করতে বলেছেন। একই বার্তা দিয়েছেন পূর্ত, হিসাব ও সাধারণ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের। অনেকেই বলছেন পিঠ বাঁচাতে এমডি এই পথ বেছে নিয়েছেন।

গত ১৫ দিনে বিভিন্ন পদে পদোন্নতির আবেদন করেছেন ১৫৬ জন কর্মকর্তা-কর্মচারী। এর মধ্যে আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া কর্মকর্তা এবং সুবিধাভোগীরাও আছেন। পদোন্নতির স্বার্থে এখন কর্মকর্তা-কর্মচারীরাই এমডিকে দায়িত্বে রাখার চেষ্টা করছেন। তাঁর নিয়োগের চুক্তি যাতে বাতিল না হয়, সেজন্য ছুটছেন বিএনপি-জামায়াত নেতাদের কাছে। আগামী ১৬ অক্টোবর এমডির চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগেই পদোন্নতি নিশ্চিত করতে দৌড়ঝাঁপ চলছে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।
২০০৮ সালের ২ মার্চ খুলনা ওয়াসা প্রতিষ্ঠিত হয়। পরের বছরই তিন বছরের জন্য ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান প্রকৌশলী আবদুল্লাহ। পরে ৩ বার তিনি পুনরায় নিয়োগ পেয়েছেন এবং শেষবার তাঁর চুক্তির মেয়াদ ৩ বছর বাড়ানো হয়।

নিয়োগের শর্ত অনুযায়ী, প্রতি মাসে ৪১ হাজার টাকা বাড়ি ভাড়াসহ ২ লাখ ৫০ হাজার টাকা সম্মানী পান তিনি। কিন্তু ১০ বছর ধরে তিনি ছিলেন খুলনা জেলা পরিষদের গেস্ট হাউসে। ভাড়া দিতেন মাত্র ৩ হাজার টাকা। এ নিয়ে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর সমকালে সংবাদ প্রকাশ হয়। পরে এ অনিয়মের বিষয় তুলে ধরে উচ্চ আদালতে রিট করেন এক আইনজীবী।

এ ছাড়া পানি সরবরাহ প্রকল্প ও মিটার কেনায় অনিয়ম নিয়ে সমকালে একাধিক সংবাদ প্রকাশ হয়। এদিকে এমডির অপসারণ দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ আন্দোলন কর্মসূচি পালন করেছে নাগরিক সংগঠনগুলো। কিন্তু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে লিয়াজোঁ করে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন তিনি।

কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, ‘স্বৈরতান্ত্রিক’ কায়দায় ওয়াসা পরিচালনা করেন এমডি। ওয়াসায় চেইন অব কমান্ড বলে কিছু নেই। উপব্যবস্থাপনা পরিচালকের দুটি পদ ইচ্ছা করেই শূন্য রেখেছেন বছরের পর বছর। প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ গুরুত্বপূর্ণ অনেক পদ শূন্য। গত ১৫ বছর তিনি কাউকে পদোন্নতি দেননি।

সূত্র জানায়, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও অপসারিত কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেক ছিলেন আবদুল্লাহর প্রধান পৃষ্ঠপোষক। গত ৫ আগস্টের পর কার্যালয়ে যাওয়া বন্ধ করে দেন তিনি। বিক্ষুব্ধ কর্মচারীরা ওয়াসা ভবন থেকে তাঁর ছবিসহ ফেস্টুন ছিঁড়ে ফেলেন। তাঁকেও লাঞ্ছিত করতে ও পদত্যাগ করাতে খুঁজতে থাকেন। ৬ দিন ছুটির পর ১১ আগস্ট কার্যালয়ে গিয়ে এমডি বিএনপি ও জামায়াত সমর্থক কর্মচারীদের ডেকে তাদের পদোন্নতির জন্য আবেদন করতে বলেন। একই বার্তা পেয়ে পূর্ত ও সাধারণ শাখার কর্মকর্তারাও পদোন্নতির আবেদন করতে থাকেন। মঙ্গলবার কর্মচারীদের পদোন্নতির আবেদন যাচাই-বাছাইয়ের জন্য সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, ওয়াসার বিভিন্ন বিভাগে শূন্য পদ রয়েছে ১৫-২০টি। কিন্তু আবেদন করেছেন দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী। এ নিয়ে নতুন করে চাপে পড়েছেন এমডি। কর্মচারীদের পদোন্নতির প্রক্রিয়া শুরু হওয়ায় তাঁকে ঘেরাও করার ঘোষণা দেন প্রকৌশলীরা। পরে তাদেরও পদোন্নতির আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, ‘তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ কয়েক বছর ধরে খালি। অথচ ১৪ বছর ধরে আমি একই পদে চাকরি করছি। সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীদেরও পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। পদোন্নতি দেওয়া না হলে আমরা শিগগির চূড়ান্ত আন্দোলনে নামব।’

সূত্র জানায়, প্রতিদিনই কেউ না কেউ এমডির বিপক্ষে পদক্ষেপ গ্রহণের দাবি নিয়ে ওয়াসা ভবনে যাচ্ছেন। সবাইকে নিবৃত্ত করছেন কর্মকর্তা-কর্মচারীরা। অবশ্য এসব নিয়ে ইউনিয়নের কেউ কথা বলতে রাজি হননি।

এসব বিষয়ে জানতে চাইলে এমডি মো. আবদুল্লাহ বলেন, ‘গত ১৫ বছর নিজ হাতে ওয়াসাকে আমি সন্তানের মতো গড়ে তুলেছি। বিদায়টা যাতে স্বাভাবিকভাবে হয় এবং সবার মুখে হাসি দেখে যেতে পারি সেই চেষ্টা করছি। আমাকে নিয়ে সব সময় অতিরঞ্জিত সংবাদ প্রকাশ হয়েছে। কখনও কোনো অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলাম না।’