স্পোর্টস ডেস্ক।।
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে ভেড়া সবশেষ তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। এই ক্লাবে আগে থেকেই আছেন ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহ্যামের মতো বিশ্বখ্যাত তারকারা। তারপরও বিশ্বকাপজয়ী এমবাপ্পের প্রতি রিয়াল ভক্তদের প্রত্যাশা অন্যরকম।
মাদ্রিদ ভক্তদের চাওয়া, রিয়ালের হয়ে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো প্রতিপক্ষের অর্ধে যেভাবে ভীতি ছড়িয়েছেন, এমবাপ্পেও এমন করবেন। পিএসজির সর্বোচ্চ গোলদাতা হয়ে রিয়ালে এসেছেন তিনি, তাই তার প্রতি প্রত্যাশার পারদ স্বাভাবিকভাবেই অনেক উঁচুতে। তবে রোনালদো হওয়ার চাপ নেন না এমবাপ্পে স্বয়ং। নিজের মতো করে খেলার প্রতিই বেশি জোর দিয়েছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা।
রিয়ালের জার্সিতে প্রথম ম্যাচেই গোল পেয়েছিলেন এমবাপ্পে। তবে সেটি ছিল উয়েফা সুপার কাপ ফাইনালে। তবে লা লিগার প্রথম তিন ম্যাচে জ্বলে উঠতে পারেননি বিশ্বকাপজয়ী ফরাসি তারকা। অবশেষে গতকাল রাতে ঘুঁচল সেই অপেক্ষা। এমবাপ্পের জোড়া গোলেই এবার রিয়াল বেতিসকে ২-০ গোলে হারাল রিয়াল।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমবাপ্পেকে দিতে হয় রোনালদোর সঙ্গে তুলনার ব্যাখ্যা, ‘আমি (রোনালদোর সঙ্গে তুলনায়) চাপ অনুভব করি না। আমি ক্রিস্টিয়ানোকে নিয়ে অত ভাবি না, তার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি। ক্রিস্টিয়ানো আমার আইডল, হ্যাঁ। কিন্তু না, আমি কাউকে অনুসরণ করতে চাই না। আমি সেই চাপ নিতে চাই না। আমি কিলিয়ান হতে চাই। আমার একমাত্র চাপ হচ্ছে, দলের সঙ্গে মানিয়ে নেওয়া।’
টানা তিন ম্যাচ গোলশূন্য থাকার পর জালের দেখা পেয়েছেন এমবাপ্পে। ম্যাচ নিয়ে তার ভাষ্য, ‘দারুণ মুহূর্ত ছিল। আমি এই বিশ্বখ্যাত স্টেডিয়ামে (সান্তিয়াগো বার্নাব্যু) গোল করতে চেয়েছিলাম, যেটি বিশ্বের সেরা। আমি এখানে দারুণ অনুভব করি। আমি এখানে আসার পর থেকেই বলেছি, আমি খুশি। ফ্যানসহ ক্লাবের সবাই আমি গোল না করা সত্ত্বেও সমর্থন দিয়েছে। কিছু খেলোয়াড়ের জন্য তিন ম্যাচ গোলহীন থাকা বড় কোনো ব্যাপার নয়, কিন্তু আমার জন্য এটি অনেক কিছু। যাই হোক, ক্লাব ও ভক্তদের থেকে অসাধারণ সমর্থন ছিল। এটা আমাকে ক্লাব ও এর ব্যাজের জন্য সর্বস্ব উজাড় করার অনুপ্রেরণ দেয়।’











































