Home খেলাধুলা আর্সেনালকে রুখে দিল ব্রাইটন

আর্সেনালকে রুখে দিল ব্রাইটন

24


স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে রুখে দিয়েছে ব্রাইটন। হোয়াও পেদ্রো গোলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাইটন। এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯৫তম মিনিটে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয় এনে দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান।

আজ শনিবার আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে খেলতে আসে ব্রাইটন। যেখানে দ্বিতীয়ার্ধে টানা দুই হলুদ কার্ড দেখা ডেকলান রাইস মাঠ ছেড়েছেন। ফলে টটেনহামের বিপক্ষে লিগের পরের ম্যাচে মিকেল আরতেতার দল তাঁকে পাচ্ছে না। টানা দুই জয় দিয়ে মৌসুম শুরু করেছিল আর্সেনাল। লিগে তৃতীয় ম্যাচ এসে ব্রাইটনের বিপক্ষে পয়েন্ট খোয়াল দলটি।

প্রথম গোলটি অবশ্য আর্সেনালই দেয়। ৩৮তম মিনিটে সাকার বাড়ানো বলে গোলকিপারের মাথার ওপর থেকে জালে জড়ান হাভার্টজ। হাভার্টজকে দিয়ে গোল করিয়ে নতুন এক কীর্তিও গড়েন সাকা। মৌসুমের শুরুর টানা তিন ম্যাচই গোলে সহায়তা করেছেন ইংলিশ ফরোয়ার্ড।

গোল করে নতুন কীর্তি গড়েন হাভার্টজও। জার্মান ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোল এখন হাভার্টজের (৩৪)টি। ছাড়িয়ে গেছেন মেসুত ওজিলের ৩৩ গোল। সর্বোচ্চ গোল ইলকায় গুন্দোয়ানের—৪৪টি।

যদিও ৪৯তম মিনিটে রাইস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় আর্সেনাল। রাইস মাঠ ছাড়ার ৯ মিনিটের মধ্যে গোল করে দলকে সমতায় ফেরান পেদ্রো। ইয়ানকুবা মিনতের শট দাভিদ রায়া ঠেকিয়ে দিলেও ফিরতি বল থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান।

লিগে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাইটন। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আর্সেনাল। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট তোলা ম্যানচেস্টার সিটি ও লিভারপুল যথাক্রমে তিন ও চারে।