Home খেলাধুলা চোট নিয়ে মাঠ ছেড়েছেন মুশফিক

চোট নিয়ে মাঠ ছেড়েছেন মুশফিক

22


স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুশফিকুর রহিমের অসাধারণ ইনিংসে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। এই ব্যাটারের ১৯১ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে সিরিজের লিড পেয়েছে টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টে মুশফিককে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কেননা রাওয়ালপিন্ডিতে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।

গতকাল দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টির বাধায় ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় দিন আজ শনিবার টস হেরে ব্যাট করছে পাকিস্তান। বল হাতে আধিপত্য চলছে টাইগারদের। তবে বাংলাদেশি সমর্থকদের জন্য দুঃসংবাদ মুশফিকের চোট।

মিস্টার ডিপেন্ডেবল কাঁধের চোটে পড়েছেন। ইনিংসের ৫৩তম ওভারের সময় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান স্ট্রেট ড্রাইভ করেছিলেন। মিড অফে থাকা মুশফিক ডাইভ দিয়েছিলেন। সেখানেই আঘাত পান তিনি। তাকে মাঠে প্রাথমিক চিকিৎসা দেন বাংলাদেশ দলের চিকিৎসক। কিন্তু মিনিটখানেক পরেই বোঝা গেল খেলা চালিয়ে যাওয়ার অবস্থানে নেই তিনি। ফিজিওকে নিয়ে কাঁধ চেপে ধরেই ছাড়তে হয় মাঠ।

যদিও তার ইনজুরির ধরন নিয়ে বিসিবি থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে যেভাবে মাঠ ছেড়েছেন তাতে দ্বিতীয় টেস্টে তার ব্যাট করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।