Home খেলাধুলা পিছিয়ে পড়ায় উদ্বিগ্ন নন আনচেলত্তি

পিছিয়ে পড়ায় উদ্বিগ্ন নন আনচেলত্তি

26


স্পোর্টস ডেস্ক

চলতি মৌসুমে শুরুটা ভালো করতে পারেনি রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপা ধরের রাখার মিশনে প্রথম তিন ম্যাচ খেলেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা। অবশ্য এসব কিছু এখনই ভাবাচ্ছে না কোচ কার্লো আনচেলত্তিকে। তার চিন্তায় দলের ছন্দহীন পারফরম্যান্স।

লিগে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে জিততে পেরেছে রিয়াল কেবল একটি। রিয়াল ভায়াদলিদের বিপক্ষে ৩-০ গোলে, সেই ম্যাচেও দুটি গোল করতে পারে শেষ সময়ে। বাকি দুই ম্যাচে মায়োর্কা ও লাস পালমাসের বিপক্ষে করেছে ১-১ ড্র।

বর্তমানে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে আছে রিয়াল। তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে গত মৌসুমের রানার্সআপ বার্সা। তবে দীর্ঘ মৌসুমের সামনের পথচলায় কাতালান ক্লাবটির সঙ্গে এই ব্যবধান ঘুচিয়ে ফেলতে আত্মবিশ্বাসী আনচেলত্তি।

আগামীকাল রবিবার নিজেদের পরের ম্যাচ রিয়াল খেলবে রিয়াল বেতিসের বিপক্ষে। আগের দিন সংবাদ সম্মেলনে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের পার্থক্য নয়, তার দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন আনচেলত্তি।

আনচেলত্তি বলেন, ‘(চিন্তিত কি-না) না, আমরা শেষ পর্যন্ত লড়াই করব। এটা নিয়ে কোনো সংশয় নেই। আমরা খুশি নই, তবে সেটা চার পয়েন্টের (পিছিয়ে থাকার) কারণে নয়, আমরা ভালো খেলিনি তাই। মৌসুম খুব দীর্ঘ এবং এখনকার এই পার্থক্য খুব বেশি অর্থ বহন করে না।’