Home খেলাধুলা বাংলাদেশের বিপক্ষে বাদ পড়ে ভেঙে পড়েছেন শাহিন

বাংলাদেশের বিপক্ষে বাদ পড়ে ভেঙে পড়েছেন শাহিন

24


স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টটি আজ মাঠে গড়ানোর কথা ছিল। তবে বৃষ্টির বাধায় ম্যাচ তো শুরু হয়ই নি, টস করতেও নামতে পারেননি দুই দলের অধিনায়ক। এর আগে, গতকাল দ্বিতীয় এই টেস্ট উপলক্ষে ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান। আগের টেস্ট থেকে একমাত্র সদস্য হিসেবে তাতে বাদ পড়েন পেসার শাহিন আফ্রিদি।

দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়ায় ভেঙে পড়েছেন শাহিন আফ্রিদি। পাকিস্তানি গণমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে এই তথ্য। প্রতিবেদনে তারা লিখেছে, রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের দায় অন্যায়ভাবে শাহিনের ওপর চাপানো হয়েছে।

প্রথম টেস্টের পর শাহিনকে তার নবজাতক সন্তান আলিয়ার সঙ্গে দেখা করার জন্য করাচিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু মাত্র দুই দিন পরই অপ্রত্যাশিতভাবে রাওয়ালপিন্ডিতে ফেরত আনা হয় তাকে। সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান বলছে, যখন টিম ম্যানেজমেন্ট তাকে (শাহিন) বাদ পড়ার কথা জানায়, তখন তরুণ এই পেসার হতবাক হয়ে পড়েন। তিনি বুঝতে চেষ্টা করেন, তাকে যদি খেলানোর পরিকল্পনাই না থাকে, তাহলে কেন ডাকা হয়েছিল।

শাহিনের সঙ্গে পিসিবির এমন আচরণ এই প্রথম নয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আকস্মিকভাবেই তার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। অথচ, তার অধীনে কেবল নিউজিল্যান্ড সিরিজই খেলেছিল পাকিস্তান। এমনকি তার বোলিংয়ের ধরন ও গতি নিয়েও উঠেছিল প্রশ্ন। সম্প্রতি, টেস্ট থেকেও শাহিনের সহ-অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়।

সাম্প্রতিক এসব ঘটনাপ্রবাহ শাহিনের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। অথচ, এই টেস্ট ক্রিকেট খেলার জন্য আর্থিকভাবে লাভবান হতেন, এমন কিছু লিগে খেলার চুক্তি করেননি তিনি। জানা গেছে, টিম ম্যানেজমেন্টের এক সদস্য পছন্দ করেন না শাহিনকে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে তাকে বাদ দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনিই। যদিও এই ম্যাচে কোনো খেলোয়াড়ই ভালো পারফরম্যান্স করতে পারেননি।

দ্বিতীয় টেস্টে পাকিস্তান দল : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সায়েম আইয়ুব, আগা সালমান।