ঢাকা অফিস।।
অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটি গুমের শিকার পরিবারকে ভাতা দেয়ার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এখানে অনেক পরিবার যারা অনেক কষ্ট করে পরিবার চালাচ্ছে। ছেলে-মেয়েদের মানুষ করছে। গণতন্ত্র আসছে আমরা সবাই গণতন্ত্রের ফল ভোগ করব। কিন্তু পরিবারগুলোর কি হবে। রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর দায়িত্ব নেয়া।
শুক্রবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশ্ব গুম দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আন্তর্জাতিক গুম দিবসে প্রধান অতিথি আমি না। যারা গুম হয়েছে তারা আজকের সমাবেশের প্রধান অতিথি। আমাদের ইলিয়াস আলীর স্ত্রী ৯ বছর আশায় আছেন ওনার স্বামী হয়তো ফিরে আসবেন, কিন্তু ফিরে আসে না। অনেক গুম হওয়া পরিবার আশায় আছেন, হাহাকার করেন তাদের প্রিয়জন ফিরে আসবে। দীর্ঘ ১২ বছর হয়ে গেছে এখন পর্যন্ত ফিরে আসে না।
অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, গতকাল এই সরকার আন্তর্জাতিক গুম বিরোধী যে সনদ আছে, সেখানে স্বাক্ষর করেছে। আগের সরকার এটাতে সই করে নাই। এই প্রথম স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তদন্ত করার জন্য একটি টিম আসছে। এই দলটি গত দু’মাসে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার তদন্ত করবে। আমি সরকারের কাছে আবেদন জানাই জাতিসংঘের মাধ্যমে, গত ১৫ বছরে সরকার যে গুম খুন করেছে প্রত্যেকটির তদন্ত করতে। সরকার বলেছে জাতিসংঘ সেটা করবে।
আমরা বর্তমান সরকার আবারও ধন্যবাদ জানাই গতকাল এই সরকার একটি কমিশন গঠন করেছে। গত ১৫ বছরে যেসব গুম খুন হত্যাকাণ্ড হয়েছে সেগুলো তদন্ত করার জন্য। আমরা এখানে যারা আছি তারা প্রত্যেকে গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছি। আসুন আমরা সবাই মিলে এই সরকারকে সহযোগিতা করি। যাতে তারা রাষ্ট্রকে সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে।











































