স্টাফ রিপোর্টার।।
ক্ষমতা হারানোর ১৬দিনের মাথায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে মহানগরীর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস। বুধবার (২১ আগস্ট) তিনি গণমাধ্যমে পদত্যাগের পত্র প্রেরণ করেছেন। আধিপত্য, টেন্ডাবাজি, দখলবাজির সম্্রাটখ্যাত বুলু বিশ্বাসের দাপটে স্থানীয় রাজনীতি, ঠিকাদারি, ব্যবসা-বাণিজ্য, জমি দখল, ঘাট ও বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ তার একচেটিয়া দৌরাত্ম্যের কথা কারো অজানা নয়।
খুলনার শেরে বাংলা রোডের আলোচিত শেখ বাড়ির সদস্য বিসিবির পরিচালক শেখ সোহেলের অত্যন্ত বিশ্বস্ত হওয়ায় সিদ্দিকুর রহমান ওরফে বুলু বিশ্বাস দাপটে তটস্থ থাকতো দলের অনেক শীর্ষ নেতা। ক্ষমতা হারানো ১৬ দিনে মাথায় দলের সাথে পাল্টি খাওয়ায় নগরজুড়ে ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে অবৈধ পন্থায় কোটি কোটি টাকার মালিক বুলু বিশ্বাসকে নিয়ে। পাল্টিবাজ বুলু নিকট অতীতের অপরাধ ও অবৈধ আয়ের হাজার কোটি টাকা হেফাজতে রাখার জন্য নিজেকে ধোলা তুলশিপাতা প্রমানে পদত্যাগ করেছেন বলে মনে করছেন অনেকে।
সচেতন মহলের বক্তব্য শেখ সোহেল’র ঘনিষ্ট হওয়ার সুবাদে হঠাৎ সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস অর্থবিত্তে ফুলে-ফেঁপে ওঠেন। তিনি বিনাভোটে খুলনা চেম্বার অব কমার্সের সহ সভাপতি ছিলেন। খুলনা মহানগর আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বুলু বিশ্বাস থানা আওয়ামী লীগের সভাপতি হলেও তাঁর প্রভাব ছিলো খুলনা মহানগর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ অনেক নেতার চেয়ে বেশি। বুলু বিশ্বাস ও তাঁর ভাই পানি উন্নয়ন বোর্ড ও পূর্ত বিভাগের যাবতীয় কাজ ভাগ-বাটোয়ারা করতেন। বুলু বিশ্বাসের বিরুদ্ধে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ খুলনায় দাফন করতে বাধা দেওয়ারও অভিযোগ রয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বুলু বিশ্বাস ও তার ছেলের অস্ত্রের মহড়া দেখেছেন অনেকে।
বুধবার (২১ আগস্ট) গণমাধ্যমে এক বিবৃতি দিয়ে পদত্যাগের ঘোষনা দিয়েছেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস। প্রদত্ত বিবৃতিতে উল্লেখ করেন, আমি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, পিতা মরহুম আব্দুর রহমান টুকু বিশ্বাস। আমাদের পরিবার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আমাদের পরিবারের ইতিহাস ও ঐতিহ্যের বাইরে আমি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছি। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। আমার জানা মতে এই সময় আমি কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীর সঙ্গে খারাপ আচরণ করিনি। তারপরও আমরা মানুষ হিসেবে কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে নই। আমার আচরণে কেউ যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’ বিবৃতিতে বুলু বিশ্বাস আরও উল্লেখ করেন, ‘আমি দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ও আন্দোলনরত মেধাবী শিক্ষার্থীদের ওপর সম্মান প্রদর্শন করে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করছি। এ ছাড়া দলের সঙ্গে সকল প্রকার রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আমি খুলনার একজন সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই। তবে বিগত দিনের ন্যায় আপনাদের বিপদ-আপদে সুখ-দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ।
এদিকে পদত্যাগী নেতা সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের বিগত সরকারের আমলে আমাদের অনুসন্ধান চলছে। শীঘ্রই বিস্তারিত প্রকাশিত হবে।











































