Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

50

ডুমুরিয়ায় ন্যাশনাল হিউম্যান রাইটস’র উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া
ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ
ডুমুরিয়া উপজেলা ন্যাশনাল হিউম্যান রাইট এন্ড হেলথ কেয়ার সোসাইটির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাৎ বরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় ও দোয়া অনুষ্ঠান (২০ আগষ্ট) সকাল ১১ টায় নিজস্ব কার্যালয়ে অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি মাওলানা মুস্তাক আহমেদ।
সভাপতি,ইমাম পরিষদ ডুমুরিয়া উপজেলা শাখা।প্রধান বক্তা মোশারফ হোসেন মফিজ।আহ্বায়ক,বিএনপি ডুমুরিয়া উপজেলা শাখা। বিশেষ অতিথি মাওলানা মুজিবুর রহমান,সদর মুজাহিদ কমিটি ডুমুরিয়া,মাওলানা ওমর আলী সভাপতি,ইসলামী আন্দোলন ডুমুরিয়া উপজেলা।সাধারণ সম্পাদক অলিউর রহমান,আলহাজ্ব শাহজাহান জমাদ্দার,অধ্যাপক আব্দুর রব জোয়ারদার,হাফেজ মাওলানা তৌফিকুর রহমান,সাংবাদিক খান মহিদুল ইসলাম,সাংবাদিক আরিফুজ্জামান নয়ন,সাংবাদিক গাজী সোহেল আহমেদ,মোহাম্মদ আল আমিন খান,মাওলানা বিলাল হোসাইন,বিএম নাজিমুদ্দিন,মোহাম্মদ সিরাজুল ইসলাম,মাস্টার আমিরুল ইসলাম,মাওলানা আতাউর রহমান,শেখ শাহিনুর রহমান,মুফতি আব্দুস সালাম,অলিউর রহমান খান, আলহাজ্ব জাহাঙ্গীর সরদার,মেম্বার হাবিবুর রহমান খান। আরোও উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস ডুমুরিয়া উপজেলা শাখা’র সদস্য বৃন্দ।

দাকোপে শহীদদের স্মরণে ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
২০ আগষ্ট রোজ মঙ্গলবার বিকাল ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ আবু সাঈদ সহ সকল শহীদের স্মরণে উপজেলার ডাকবাংলা চত্বরে আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশে এর দাকোপ উপজেলার আহবায়ক মাওলানা ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি অধ্যাপক মাওলানা মোহাঃ আব্দুল্লাহ ইমরান। প্রধান অতিথি বলেন ছাত্র-জনতা জীবন ও রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীন করেছে দেশ। মানুষ সুখে-শান্তিতে ও নিরাপদের সাথে বসবাস করবে। তিনি সকল ধর্মের সংখ্যানুপাতিক হারে চাকুরী নিশ্চিতের দাবি ও জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন।জেলা শাখা সহ সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান,দলীয় সম্ভব্য সাংসদ প্রার্থী মাওলানা আবু সাইদ, জেলা শাখার সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ গালিব, দ্বীন কায়েম সংগঠন জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাঃ ফরহাদ মোল্লা,সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারি মুহাঃ রেজাউল করিম, দ্বীন কায়েম সংগঠন দাকোপ উপজেলা সদর মাওলান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাষ্টটার ফিকুল ইসলাম। সাংসদ প্রার্থী মাওলানা আবু সাইদ বলেন, শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। আওয়ামী লীগ দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। চক্রান্ত করে দেশকে সঙ্কটে নিপতিত করতে চাচ্ছে। শেখ হাসিনা দেশত্যাগ করেছে। এখন দেশবাসীর তাদের পক্ষ নেয়া থেকে বিরত থাকা উচিত।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা তাবারক হুসাইন, মোঃ জাহিদুল ইসলাম, হাফেজ আব্দুল কাদের, আবু দাউদ, হাফেজ মোঃ উসমান কারিম, মুফতি ফেরদাউস গাজী, মোঃ আল মামুন, মুফতি মুস্তাফিজুর রহমান, মাওলানা বিল্লাহ, আলহাজ্ব মামুন, মাওলানা খালিদ, মাওলানা মোহাঃ আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুর সবুর, মাওলানা জিয়াউল হক, মাওলানা মোহাঃ আমিনুল ইসলাম, মাওলানা রেজাউল করিম,মামুন আর রশিদ, আবু ইউসুফ গাজী, মুফতি মানসুরুল হক, শ্রমিকনেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন,ছাত্র নেতা মুহাম্মদ তরিকুল ইসলাম, মুহাম্মাদ ফজলুল করিম, মোহাঃ আরাফাত জামিল,মুরসালিন, ইবরাহিম খলিল প্রমুখ।

নড়াইলে কৃষক-কৃষাণির মধ্যে চারা বিতরণ
মো. তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে কৃষক কৃষাণির মধ্যে চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরের দিকে নড়াইল সদর উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষক কৃষাণির মধ্যে ২০০ আমের এবং ২০০ মেহেগুনির চারা বিতরণ করা হয়। নড়াইল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বেসরকারি সংস্থা ইনতেফার আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রোকনুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সৌরভ দেবনাথ, ইনতেফার যশোর ডেপুটি এরিয়া ম্যানেজার মো. মনিরুল ইসলাম, টেরিটোরি অফিসার মো. মৌসুম কবির, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

কালিগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কালিগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২০ আগষ্ট) মঙ্গলবার বিকেলে ডাকবাংলা মোড়স্থ বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সোহেল আহম্মেদ মানিক। কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম, সেলিম আহম্মেদ-এর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সম্পাদক মিলন শিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নীরব সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফুল ইসলাম পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী আহসান খান হাবলু, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সালাউদ্দিন ও শেখ আলম অন্যতম নেতা শেখ আল মামুন প্রমুখ। অন্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ নুরুজ্জামান, সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা এসএম বাবু, শেখ খায়রুল আলম ও শেখ রবিউল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানে উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে শতশত নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহনে সফলতা পায়।

বিএনপি নেতা ডাবলুসহ ৬জনকে খুলনা জেলা বিএনপি’র শোকজ
খবর বিজ্ঞপ্তি
লুটপাটের অভিযোগ উঠায় জেলা বিএনপি’র সদস্য শাহাদাৎ হোসেন ডাবলুসহ ৬জনকে শোকজ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী যৌথ স্বাক্ষরে কারণদর্শাও নোটিশ দেয়া হয়।
কারণদর্শানো নোটিশপ্রাপ্ত অন্য নেতারা হলেন কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সন্তোষ সরদার, হরিঢালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল, যুগ্ম-সম্পাদক মাসুম হাজরা, বিএনপি কর্মী মিঠু গাজী ও যুবদল কর্মী রায়হান সরদার। আগামী ৫দিনের মধ্যে জেলা বিএনপি’র দপ্তরে লিখিত জবাব প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত্ব, হিন্দু ব্যবসায়ীর বাড়ীতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে গত ১০ আগস্ট পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও সদস্য কিশোর মন্ডলকে দলের সকল পদ-পদবী থেকে সাময়িক বহিষ্কার এবং রূপসার শ্রীফলতলা ইউনিয়ন বিএনপি’র পাঁচ নেতাকে শোকজ করা হয়েছিল।।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু রোগীদের জন্য ‘কিডস প্লে জোন’ চালু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কিডস প্লে জোন’ চালু করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা শিশু রোগীদের জন্য এ কিডস প্লে জোন চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে এই কিডস প্লে জোনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিন।
ডাঃ শাহিন জানান, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃ বিভাগে প্রতিদিন প্রায় ৫০ এর অধিক শিশু রোগী তাদের অভিভাবকদের সাথে সেবা নিতে আসে। যেহেতু সেবা প্রদাণকারীদের (চিকিৎসক) সংকট চলছে, তাই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সেবা প্রত্যাশীদের। এতে শিশুরা প্রায়শই অস্থির হয়ে উঠে। শিশুদের অস্থিরতায় অনেক সময় সেবা না নিয়েই চলে যায় হয় অভিভাবকদের। তাই শিশু রোগীদের এই অপেক্ষার সময়কে আনন্দদায়ক করতে বহিঃ বিভাগে বিশেষ ব্যবস্থায় ‘কিডস প্লে জোন’ চালু করা হয়েছে। এর ফলে হাসপাতালের বহিঃ বিভাগে ২ থেকে ৭ বছর বয়সী শিশুরা এখন এই কিডস জোনে খেলাধুলা করে তাদের সময়কে সুন্দর করে কাটাতে পারবে ও প্রয়োজনীয় সেবাও নিতে পারবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ব্যবস্থাপনায় এই কিডস প্লে জোন চালু করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা। #

আনসার ও গ্রাম প্রতিরক্ষার মহাপরিচালকের খুলনা দপ্তর পরিদর্শন
স্টাফ রিপোর্টার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খুলনা রেঞ্জ কার্যালয়ে পৌঁছান তিনি।

এ সময় খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বী তাকে স্বাগত জানান। বেলা সাড়ে ১১টায় আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, দেশসেবার আদর্শকে সমুন্নত রেখে ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দরবারে তিনি ব্যাটালিয়ন আনসারদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা মনোযোগসহকারে শোনেন। তিনি বাহিনীর সুযোগ সুবিধা বৃদ্ধিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

দরবারে খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বী ও পরিচালক-৩ আনসার ব্যাটালিয়ন মোল্যা আবু সাইদ উপস্থিত ছিলেন।

আদালতে ফাঁসির দাবি, কাঠগড়ায় কাঁদলেন দীপু মনি
ঢাকা অফিস
মঙ্গলবার বিকেল ৩টা ২৫ মিনিট। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ ভরে গেছে পুলিশ, আইনজীবী ও মিডিয়াকর্মীর উপস্থিতিতে। এর মধ্যেই একটি সাদা রঙের মাইক্রোবাসে আদালতে আনা হয় তিনবারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে।
আদালত প্রাঙ্গণে তাদের উপস্থিতি দেখে স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। তারা বলতে থাকেন, ‘দীপু মনির দুই গালে জুতা মারো তালে তালে’। যখন সিএমএম আদালতের গেট দিয়ে তাদের বহন করা গাড়ি প্রবেশ করে, তখন এক ব্যক্তি সড়কে শুয়ে পড়েন। তিনি দীপু মনির ফাঁসির দাবি জানান। পরে সেখান থেকে তাকে তুলে দেয় পুলিশ সদস্যরা। এ সময় কেউ কেউ গাড়িতে আঘাত করছিলেন। তাদের সরিয়ে একসময় দুই আসামিকে ভিড় ঠেলে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

বেলা পৌনে ৪টার দিকে দীপু মনি ও জয়কে সিএমএম আদালতের দ্বিতীয় তলার একটি এজলাসে ওঠানো হয়। এ সময় আসামিদের মাথায় হেলমেট ও পরনে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। দ্বিতীয় তলায় ওঠানোর সময় আইনজীবীরা পুলিশের নিরাপত্তার মধ্যে দীপু মনি ও জয়কে মারধরের চেষ্টা করেন। তখন কয়েকটি চড়-থাপ্পড় লাগে জয়ের শরীরে।

সেখানে আইনজীবীরা স্লোগান দিতে থাকেন, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, দীপু মনির ফাঁসি চাই’। হট্টগোলের মধ্যেই দুই আসামিকে আদালতের দ্বিতীয় তলার ২৮ নম্বর এজলাসের কাঠগড়ায় ওঠানো হয়। তখন আইনজীবীরা ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন।

কাঠগড়ায় জয় সামনে দিকে মুখ করে থাকলেও দীপু মনি উত্তরে মুখ করে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কাঁদতে দেখা যায় দীপু মনিকে। তবে জয় চুপচাপ দাঁড়িয়ে ছিলেন।

বিচারক ৫ মিনিটের মধ্যেই এজলাসে ওঠেন। কিন্তু তখনও এজলাস কক্ষে হৈ চৈ চলছিল। আইনজীবীরা অনেকই কাঠগড়ায় দীপু মনি ও জয়ের ভিডিও করছিলেন। দেখতে ক্লান্ত দীপু মনি আদালতে এসে পুলিশ সদস্যদের কাছে পানি চান। তবে আদালতের কার্যক্রম শুরু হয়ে যাওয়ায় তাকে আর পানি খেতে দেওয়া হয়নি।

আদালতে থাকা বিএনপিপন্থী আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসিন মিয়া, ইকবাল হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী আইনজীবীদের থামানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো ফলাফল না হওয়ার পর ওই অবস্থায়ই শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে পরিদর্শক আসাদুজ্জামান তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ওই সময় আসামিদের হাতে হাতাকড়া নেই কেন—এ প্রশ্ন তোলেন আইনজীবীরা। পুলিশের পক্ষ থেকে বলা হয়, জয়ের হাতে হাতকড়া আছে এবং নারী হওয়ায় দীপু মনিকে হাতকড়া পরানো হয়নি।

রাষ্ট্রপক্ষের বক্তব্যের পর একজন আইনজীবী আসামিপক্ষে ‘রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করছি’ মর্মে বক্তব্য বলার পর আদালত আদেশ লেখা শুরু করেন। তখন আসামি জয় কিছু বলতে শুরু করেন। কিন্তু ব্যাপক হৈ চৈ থাকায় কিছু শুনতে পারছিলেন না বিচারক। তাই পুলিশ তাকে থামিয়ে দেন। ওই অবস্থায় আদালত রিমান্ডে আদেশ দেন।

মুদি দোকানি আবু সায়েদকে হত্যা মামলায় সাবেক পররাষ্ট্র, শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি ৪ দিনের এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো আর হবে না
ঢাকা অফিস
এইচএসসি ও সমমানের স্থগিত থাকা পরীক্ষাগুলো আর অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষার্থীদের দাবির মুখে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, স্থগিত থাকা পরীক্ষাগুলো না নেওয়ার জন্য এইচএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই স্থগিত থাকা বিষয়গুলোর পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে।

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলেন পরীক্ষার্থীরা। তারই অংশ হিসেবে গতকাল সচিবালয়ে ঢুকে পড়েন কয়েক শ শিক্ষার্থী। গতকাল সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা। দাবি আদায়ে দুপুরের দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন।

পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বরাবর একটি স্মারকলিপি প্রদান এবং আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেন।

এদিকে, বিক্ষোভরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন থেকে। এরপর পহেলা জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও এর মধ্যেই ঢাকা বোর্ডের সাতটি পরীক্ষাসহ বিভিন্ন বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয়। তবে আন্দোলন ক্রমেই তীব্র হয়ে ওঠায় উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। কয়েক ধাপে পরীক্ষা পেছানো হয়।

সবশেষ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে গতকাল সকালে সচিবালয়ে এক জরুরি সভায় ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া, ১০০ নম্বরের প্রশ্ন থেকে ৫০ নম্বরের উত্তর দেয়ার মাধ্যমে অর্থাৎ অর্ধেক প্রশ্নোত্তরে বাকি বিষয়গুলোর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

আ.লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে রিটের শুনানি কাল
ঢাকা অফিস
ছাত্র-জনতাকে ‘নির্বিচারে হত্যার’ দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

এর আগে সোমবার ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দাখিল করেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে।

এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্র্বতী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে। সেইসঙ্গে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে।

শাহীন চাকলাদারের হোটেলে আগুনের ঘটনায় মামলা, আসামি ২০০
যশোর অফিন
যশোর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ২৪ জনকে হত্যার অভিযোগে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। যশোরের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

ওই হোটেলে আগুনের ঘটনা ঘটে ৫ আগস্ট, যেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যান। ঘটনার ১৫ দিন পর সোমবার রাতে শাহীন চাকলাদারের চাচাতো ভাই যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। শাহীন চাকলাদার শহরের কাজীপাড়া পুরাতন কসবা এলাকার বাসিন্দা।

মামলার অভিযোগে বলা হয়, ৫ আগস্ট বেলা তিনটার দিকে ২০০ দুর্বৃত্ত গানপাউডার ও পেট্রোল নিয়ে হোটেলের মধ্যে ঢোকে। প্রথমে লুটপাট শুরু করে। দুর্বৃত্তরা হোটেলের ক্যাশ ভোল্ট ভেঙে ৯০ লাখ টাকা চুরি করে। ১০০টি ফ্রিজ, ১০০টি স্মার্ট টেলিভিশন, ৪৫০ কিলোভেল্টের দুটি জেনারেটর, হোটেলের স্টোরের রাখা বিভিন্ন ধরনের মালামাল, আসবাবসহ মূল্যবান সম্পদ লুট করে। এরপর গানপাউার ও পেট্রোল দিয়ে হোটেলের ১ তলা থেকে ১৬ তলা পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে ওই হোটেলে থাকা ইন্দোনেশিয়ার এক নাগরিকসহ ২৪ জন পুড়ে মারা যান। ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল থাকায় সে সময় অভিযোগ দেওয়া সম্ভব ছিল না। তাই মামলা করতে দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, সোমবার রাতে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার একটি মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৩ বিশ্ববিদ্যালয়-কলেজ ও ৬ মেডিকেলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ
ঢাকা অফিস
শিক্ষার্থীদের দাবির মুখে দেশের ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়, দুটি সরকারি কলেজ ও ৬টি সরকারি মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩টিতে ছাত্ররাজনীতির পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে। আরও অন্তত ছয়টি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে।

গতকাল পর্যন্ত যেসব বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, সেগুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি), টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), ইডেন মহিলা কলেজ ও রাজশাহী কলেজ।

এর মধ্যে ইডেন ও রাজশাহী কলেজ ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোয় ছাত্ররাজনীতির পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে।

রাজনীতি নিষিদ্ধ হওয়া ছয় মেডিকেল কলেজ হলো- ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও কুষ্টিয়া মেডিকেল কলেজ।

এ ছাড়া অন্তত ছয়টি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো-ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও বরিশাল বিশ্ববিদ্যালয়।
ছাত্র আন্দোলন: মৃত্যুর মিছিলে যোগ হলো কুষ্টিয়ার মাহিমের নাম
কুষ্টিয়া প্রতিনিধি
মা-ফুপুর অনুমতিতেই সঙ্গীদের ডাকে সাড়া দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়েছিল দশম শ্রেণির ছাত্র মাহিম হোসেন। তবে পুলিশের ছোড়া টিয়ারশেলের গ্যাসে মারাত্মকভাবে আহত হয় সে। হাসপাতালে চলছিল চিকিৎসা। তবে সুস্থ করা যায়নি মাহিমকে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৭টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে রক্তবমি আর শ্বাসকষ্টে মারা যায় সে। পরে বিকেলে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বামন পাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের বড় ছেলে মাহিম হোসেন (১৭)। পড়তো চাঁদট গ্রামের ইয়াকুব আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে।

পরিবারিক সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে গ্রামের ছেলেদের সঙ্গে আন্দোলনের মাঠে নামে মাহিম। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে ছোট ফুপু রহিমার উৎসাহে ৪ আগস্ট মিছিলে যোগ দিতে উপজেলা সদরে যায়। কিন্তু সেখানে পুলিশের বাধার মুখে সঙ্গীদের ছেড়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে বাসে ওঠে। পাশের উপজেলা কুমারখালীতে গিয়ে বাস থেকে নেমে আবার আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয় সে।

এসময় পুলিশের ছোড়া মুহুর্মুহু কাঁদানি গ্যাসের মধ্যে পড়ে মাহিম। স্থানীয় কয়েকজন নারী তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে সহায়তা করেন। তবে বাড়ি ফিরে আর স্বাভাবিক হতে পারেনি মাহিম। তার মুখে ও শরীরে জ্বালা-যন্ত্রণা বাড়তে থাকে। একপর্যায়ে শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয় সে।

সোমবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে সে মারা যায়।

বিকেলে গ্রামের বাড়ি পৌঁছায় মাহিমের মরদেহ। পরে ইয়াকুব আহমদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে চাঁদট কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত মাহিমের গ্রামের সহযোদ্ধা জুয়েল ও রফিক জানান, আন্দোলনের শুরু থেকে মাহিম তাদের গ্রুপে ছিল। অন্য ছেলেদের মতো সেও বাড়িতে না জানিয়ে জেলা ও থানা সদরের কর্মসূচিতে অংশ নিতো। সহকর্মীর মৃত্যুতে তারা চরম ব্যথিত।

নিহত মাহিমের ফুুপু রহিমা বিলাপ করতে করতে বলছিলেন, ‘দেশ স্বাধীন করতে শহীদ ভাইদের ডাকে আমার সোনা মিছিলে গিয়েছিল। সেখান থেকে ফিরে আমাকে সব ঘটনা জানিয়েছিল। কিন্তু এতটা অসুস্থ তা বুঝতে দেয়নি।’
মা রেহানা পুত্রশোকে শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা যেন কেউ খুঁজে পাচ্ছিলেন না।
নিহতের বাবা ইব্রাহিম হোসেন জানান, গ্রামের ছেলেদের সঙ্গে তার ছেলে আন্দোলন করেছে। উপজেলা সমন্বয়করা তার সঙ্গে ছিল। তাদের সঙ্গে আলোচনা করে মামলা ও পরবর্তী করণীয় ঠিক করবেন।

রাষ্ট্রায়ত্ত বন্ধ পাটকাল শ্রমিকেরা খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টার-
বাংলাদেশ পাটকল কর্পোরেশনের খুলনা-যশোর অঞ্চলের বিভিন্ন বন্ধ প্রতিষ্ঠানের শ্রমীকেরা খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের বন্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। গতকার মঙ্গলবার দুপুর আড়াইটায় খুলনা জেলা প্রশাসকের অফিসে কক্ষে উপস্থিত হয়ে শ্রমীকেরা জেলা প্রশাসকের হাতে এই স্মারকলিপি তুলেদেন।
স্মারকলিপিতে শ্রমীকরা যে সকল দাবি তুলে ধরেন, শেখ হাসিনার সরকার থাকা কালিন সময় যে সকল পাটকলে লীজপ্রথা চালু করা হয় তা বতিল করতে হবে। আবারো পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্ররিচালানা করা সহ পাটকল ধ্বংসকারীদের আইনের আওতায় আনতে হবে। খালিশপুর ও দৌলতপুর জুট মিলসহ পাঁচটি মিলের ২০১৫ সালের সরকার ঘোষিত মঞ্জুরি কমিশনের বর্ধিত টাকা পরিশোধ করতে হবে। মিল অভ্যন্তর থেকে উচ্ছেদকৃত শ্রমীকদের পূনরায় বসবাসের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন আদালতের রায়ের বিরুদ্ধে মিলকর্তৃক দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। পরবর্তীতে কোন আদালতের রায়ের বিরুদ্ধে নতুন করে মামলা করে শ্রমীকদের আর হয়রানি কার চলবেনা।
স্মারকলিপিতে যে সকল শ্রমীকরা স্বাক্ষর করেন, সমশের আলী জেজেআই জুট মিল, অলিয়ার রহমান ইস্টান জুট, শামসুজ্জোহা ডিয়ার ক্রিসেন্ট জুট, শহিদুল ইসলাম প্লাটিনাম, জামান কার্পেটিং জুট, আ: করিম আলিম জুট, মোফাজ্জেল দৌলতপুর,সামন, নাসিম জেজেআই জুট মিল,মেহেদী হাসান বেল্লাল ইস্টান জুট, খাইরুল স্টার জুট,মনির হোসেন খালিশপুর, নুরুল ইসলাম প্লাপিনাম জুট মিল শ্রমীক।

তালায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে তালা প্রেসক্লাব মোড়ে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তালা প্রেসক্লাব মোড় থেকে শোভাযাত্রা উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেককাটা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকু ইসলাম দাদু ভাই। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।
এসময় যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শেখ রিপন ইসলাম প্রমূখ। এসময় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুব ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে খুলনা জেলা ও মহানগর কমিটির প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়ন এর ২৮ আগস্ট ’২৪ প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে ২০ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় খুলনা জেলা ও মহানগর কমিটির এক প্রস্তুতি সভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা যুব ইউনিয়নের সভাপতি ধীমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন প্রেসিডিয়াম সদস্য এড. নিত্যানন্দ ঢালী। আরও উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, যুবনেতা মিঠুন মণ্ডল, ভবেশ রায়, শাহ্ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, রামপ্রসাদ রায়, উজ্জল বিশ্বাস, উৎপল বিশ্বাস প্রমুখ। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ২৮ আগস্ট বাংলাদেশ যুব ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল ৯টায় পার্টি কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বিকেল ৪টায় শহীদ পার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালী ও পরবর্তীতে পার্টি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়। এবং উক্ত সকল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকল যুব ইউনিয়নের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আহ্বান করা হয়।

সালিশে বাগ্বিতণ্ডা, বিজিবি সদস্যসহ ৩ জন গুলিবিদ্ধ
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় সালিশ করতে গিয়ে বিজিবি সদস্য ও বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাত ৮টার দিকে উপজেলার কামঠানা রেল সেতু এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্য সোহাগ শিকদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য দু’জনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কামঠানা গ্রামের হাফিজার মুন্সীর সঙ্গে ভাতিজা জলিল মুন্সীর রেলওয়ের জমি অধিগ্রহণের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় পর্যায়ে সালিশের সিদ্ধান্ত অনুযায়ী চাচা হাফিজারকে পাওনা আড়াই লাখ টাকা রোববার সন্ধ্যায় দেওয়ার কথা জলিলের। জলিল ওই টাকা না দিয়ে উল্টো হাফিজারের লোকজনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে জলিলের ছেলে নয়ন মুন্সী এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে হাফিজারের পক্ষে আসা চরকর্ফা গ্রামের মিজান শিকদারের ছেলে সাতক্ষীরায় কর্মরত বিজিবি সদস্য

সোহাগ সিকদার, লোহাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিথুন সিকদার ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিচুর সিকদার লিয়ন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিজিবি সদস্য সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সুপারিশ করেন।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, শুনেছেন, মারামারি হয়েছে। আহতরা প্রকৃতপক্ষে গুলিবিদ্ধ কিনা, তা চিকিৎসকের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।

আন্দোলনে হতাহতদের পরিবারের সাহায্যে ফাউন্ডেশন গঠন করছে সরকার
ঢাকা অফিস
ছাত্রদের নেতৃত্বে জুলাই ও আগস্ট মাসে স্বৈরাচার বিরোধী বিপ্লবে অংশগ্রহণকারী আহত ও নিহতদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য সরকার একটি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফাউন্ডেশনটির প্রধান হবেন। ফাউন্ডেশনটিতে অন্তর্ভুক্ত থাকবে অন্তর্র্বতীকালীন সরকারের কিছু উপদেষ্টা, ছাত্র প্রতিনিধিরা এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘ছাত্রদের এবং জনগণের অবদানের কথা আমরা কখনো ভুলতে পারব না। যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে জীবন উৎসর্গ করেছে এবং যারা গুরুতরভাবে আহত হয়েছে। এটি আমার দায়িত্ব এবং আমাদের জাতীয় দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আহত এবং নিহতদের পরিবারের জন্য যা কিছু প্রয়োজন তা করব।’

সরকার প্রধান আরও বলেন, ‘তাদের চিকিৎসা ও পরিবারের প্রয়োজনের জন্য ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে নিবেদিত সরকারি বিভাগ এবং কর্মকর্তাদের নিয়োগ করা হবে।’

ড. ইউনূস খুব শিগগিরই ফাউন্ডেশনের কার্যপ্রণালী ঘোষণা করা হবে উল্লেখ করে ফাউন্ডেশন পরিচালনায় প্রবাসীসহ সকল দেশবাসীকে সহযোগিতা করার আহবান জানান।