বিনোদন প্রতিবেদক
অনেক দিন পর বিটিভির ধারাবাহিক নাটকে দেখা মিলল অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার। ‘ফেরারী সুখ’ নামে নতুন এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।
তাঁর পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জয়রাজ, এসএ হক অলিক, মাহমুদুল হক মিঠু, সঞ্চিতা দত্ত, সায়েম সামাদ, মিহি, মাসুম, শারমিন, নীরব প্রমুখ। রচনা ও নির্দেশনা দিয়েছেন ফজলুল হক আকাশ। প্রযোজনা করেছেন ইয়াসমিন আক্তার।
অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘অনেক দিন পর বিটিভির ধারাবাহিক নাটকে অভিনয় করতে অন্যরকম এক ভালোলাগা কাজ করছে। কারণ বিটিভি অনেক শিল্পীর আঁতুড়ঘর। যেখানে সব সময়ই কাজ করার ইচ্ছা হয়। ভালো লাগার আরেকটি কারণ হলো ভিন্ন ধাচের একটি নাটকে অভিনয় দিয়ে বিটিভিতে ফিরেছি। যে গল্প দর্শককে এই প্রশ্নে তুলে ধরছে, মানুষের জীবনে কোনটির বেশি প্রয়োজন– সময়, অর্থ নাকি পরিবার? এর উত্তরও দর্শক নাটকের গল্পেই পেয়ে যাবেন, যা অনেকের মনে ছাপ ফেলবে।’











































