Home Uncategorized আকাশে মেঘ জমলেই নড়াইল পৌরবাসীর কপালে চিন্তার ভাঁজ!

আকাশে মেঘ জমলেই নড়াইল পৌরবাসীর কপালে চিন্তার ভাঁজ!

26

নড়াইল প্রতিনিধি।।


নড়াইল মডেল পৌর এলাকায় জলাবদ্ধতা যেন নিত্যদিনের দৃশ্য। অল্প বৃষ্টিতেই পানি উঠে বসতঘর থেকে শুরু করে সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে। অধিকাংশ রাস্তায় পানি জমে গোড়ালি অবধি, আবার কোথাও কোথাও হাঁটু পরিমাণ। পৌরসভার ৫২ বছরেও মেলেনি এর কোনো সমাধান। পৌরবাসীর চাওয়া এ জলাবদ্ধতার স্থায়ী সমাধান। যদিও এ সমস্যা সমাধানে পর্যাপ্ত অর্থের অভাবকে দায়ী করে জলাবদ্ধতা নিরসনের গতানুগতিক আশ্বাস পৌর মেয়রের।

সরেজমিনে পৌর এলাকা ঘুরে দেখা যায়, বাড়ির আঙিনায় হাঁটু পানি, মনের আনন্দে সেই পানিতে চলছে হাঁসের জলকেলি আর ঢুব সাঁতার। কথায় আছে কারো পৌষ মাস, আর কারো সর্বনাশ। স্বল্প বৃষ্টিতে হাঁসেদের যখন পৌষ মাস, তখন পৌরবাসীর যেন সর্বনাশ। আকাশে মেঘ জমলেই সবার কপালে দেখা দেয় চিন্তার ভাঁজ। বসতঘর থেকে শুরু করে সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে হরহামেশাই।

প্রতি বর্ষামৌসুমে আবাসিক এলাকার পাশাপাশি প্রধান সড়কগুলো তলিয়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় পৌরবাসীর। বসতঘরে পানি ঢুকে পড়ায় বসবাসের অনুপযোগী হয়ে নির্ঘুম রাত কাটাতে হয় তাদের। স্কুল-কলেজে যেতেও দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। আশপাশের গর্তগুলো যেন এক একটি মৃত্যু ফাঁদ; হরহামেশাই ঘটে দুর্ঘটনা।

দুর্গাপুর এলাকার নাঈম হোসেন বলেন, ‘একটু বৃষ্টি হলেই ঘরের মধ্য পানি ওঠে। আমাদের রান্নাঘর, টিউবওয়েল ও বাথরুম ডুবে যায়। আমরা চলাফেরা করতে পারি না। ১৫-২০ দিন পানিবন্দি হয়ে থাকতে হয়; চলাফেরাও করতে পারি না ঠিকমতো।’

গোহাটখোলার আয়েশা বেগম বলেন, `সবাই যখন বৃষ্টি চায়, আমরা তখন আল্লাহকে ডাকি বৃষ্টি যেন না হয়। বৃষ্টি হলেই শোবার ঘরের মধ্যে হাঁটু পানি হয়ে যায়। রান্নাঘর, টিউবওয়েল ও টয়লেট তলিয়ে যায়। এ সময় মনে হয়, বন্যাদুর্গত এলাকার মানুষজন আমাদের চেয়ে ভালো থাকে। মেয়র শুধু মিষ্টি মিষ্টি কথা বলবেন, আর প্রতি বছর এসে নালা কেটে দিয়ে কিছুটা পানি সরায়ে ছবি তুলে হাঁটা দেবেন। নামেই মডেল পৌরসভা, আদতে কিছুই না।’

চিত্রা নদীবেষ্টিত নড়াইল পৌর এলাকার দুর্গাপুর, ভওয়াখালী, গোহাটখোলা, ভাদুলিডাঙ্গা, আলাদাতপুর, বরাশুলা ও মহিষখোলাসহ অধিকাংশ এলাকার চিত্র একই। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণের ফলে অধিকাংশ পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশনের অভাবে বর্ষা মৌসুমজুড়ে পানিবন্দি থাকতে হয় তাদের। শুধু আশ্বাসে সীমাবদ্ধ না থেকে জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ স্থায়ী সমাধানে পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটাই দাবি নগরবাসীর।

পৌরসভা সূত্র মতে, ১৯৭২ সালে ২৮.৫০ বর্গকিলোমিটার আয়তন নিয়ে গঠিত নড়াইল পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয় ১৯৯৯ সালে। শহরের জন্য প্রয়োজনীয় ৫৫ কিলোমিটার নালার ব্যবস্থার মধ্যে আছে মাত্র ৩ কিলোমিটার। যেটি নির্মিত হয় আরও ২০ বছর আগে। পরবর্তীতে নতুন করে ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে পৌর কর্তৃপক্ষের, যেটির দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পায়নি পৌরবাসী।

এদিকে, অপরিকল্পিত নগরায়ণের দায় এড়িয়ে ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধানে অর্থ সংকটের দোহাই দিয়ে চলেছেন পৌর মেয়র আঞ্জুমান আরা। পৌরবাসীর দুর্ভোগ লাঘবের গতানুগতিক আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রতি বছর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে তারা কাজ করেন। এ বছরও বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পানি সরাতে কাজ করছেন। তবে স্থায়ীভাবে জলাবদ্ধতার সমস্যা সমাধানের জন্য প্রয়োজন প্রায় ৫৫ কিলোমিটার নালা নির্মাণ। যার জন্য প্রয়োজনীয় অর্থ পৌরসভার নেই। তবে তারা চেষ্টা করছেন, বড় কোনো ফান্ডিং পেলে স্থায়ীভাবে এ সমস্যার সমাধান হবে।