Home Uncategorized আত্মগোপনে মেয়রসহ জনপ্রতিনিধিরা, কেসিসিতে স্থবিরতা বিরাজ করছে

আত্মগোপনে মেয়রসহ জনপ্রতিনিধিরা, কেসিসিতে স্থবিরতা বিরাজ করছে

77

স্টাফ রিপোর্টার।।


খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) স্থবিরতা বিরাজ করছে। মেয়র, অধিকাংশ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা অফিস না করায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর পুড়িয়ে দেয়া হয়েছে বেশকিছু কাউন্সিলরের কার্যালয়। এতে জন্মসনদ, মৃত্যু নিবন্ধন ও নাগরিক সনদ দেয়া বন্ধ রয়েছে। একই অবস্থা অধিকাংশ উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদেও। এতে বেড়ে গেছে নাগরিক ভোগান্তি।

এ অচলাবস্থা দূর করতে মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন বলে জানান খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী লস্কর তাজুল ইসলাম।

জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুথানে সরকার পতনের পর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অধিকাংশ কাউন্সিলরের অফিসে ভাঙচুর ও হামলা হয়েছে। এরপর থেকেই আত্মগোপনে রয়েছেন এসব কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর। সেদিনের পর থেকে খোঁজ নেই খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেকেরও।

ফলে অধিকাংশ কাউন্সিলর অফিস থেকে মিলছে না নাগরিক কোনো সুবিধা। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিক সনদ ও ওয়াসিয়াতনামার মতো জরুরি সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন নাগরিকরা। হাতে গোনা দুয়েকজন কাউন্সিলর তাদের অফিস কার্যক্রম স্বাভাবিক রেখেছেন। কিছু অফিসে কাউন্সিলররা এ ধরনের সনদে আগে থেকে স্বাক্ষর করে রাখায় সেবা দেয়া গেলেও সেটা খুবই কম। একই চিত্র উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ অফিসেও। ফলে দিন দিনই বাড়ছে নাগরিক ভোগান্তি।

খুলনা সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ডের বাসিন্দা আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ভারতীয় ভিসার আবেদনের জন্য জরুরি নাগরিক সনদ প্রয়োজন। তবে তিনদিন অফিসে এসে আমি ফিরে যাচ্ছি। কাউন্সিলররা অফিস করছেন না। এখানে যারা আছেন তারা বলছেন কাগজপত্র পুড়িয়ে দেয়া হয়েছে। এখন আমার তো ভোগান্তি বাড়ছে।’

একই ওয়ার্ডের আরেক বাসিন্দা নার্গিস আক্তার সিটি করপোরেশনের জন্ম নিবন্ধনের জন্য এসে পাচ্ছেন না। তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য এই কাগজ জমা দিতে হবে। সনদপত্র না পাওয়ায় পরিচয়পত্র সংশোধনের আবেদন করতে পারছি না। শুধু ২৮নং ওয়ার্ড না, নগরীর ৩১টি ওয়ার্ডের প্রতিটির চিত্র প্রায় একই রকম। একই পরিস্থিতি জেলার ৯ উপজেলা পরিষদ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদেও।’

তিনি আরও বলেন, ‘শুধু এসব নাগরিক সুবিধাই নয়, মেয়রের অনুপস্থিতিতে সিটি করপোরেশনের প্রশাসনিক ও আর্থিক সব কাজও বন্ধ রয়েছে। স্থানীয় সরকার আইন অনুযায়ী সব ক্ষমতা মেয়রের হওয়ায় রুটিন কাজের বাইরে কিছুই করতে পারছে না সিটি করপোরেশন।’

সচেতন নাগরিক কমিটি খুলনার সভাপতি অ্যাড. কুদরত-ই-খুদা বলেন, সংকটকালীন একটা অবস্থা বিরাজ করছে। জাতীয় সংসদ ভেঙে দেয়া মানে তো আর স্থানীয় সংসদ ভেঙে যাওয়া না। মেয়র, প্যানেল মেয়র কাউন্সিলর যারা আসছেন না তারা আসলে রাজনৈতিক কারণে আসছেন না বা নিরাপত্তার কারণে আসছেন না। তবে নাগরিক সেবা অব্যাহত রাখাটা জরুরি। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় কাউন্সিলরদের অনুপস্থিতিতে সচিবদের অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব দিতে পারে কিংবা অন্য যে কোনো বিকল্প উপায়ে নাগরিক সেবা কার্যক্রম অব্যাহত রাখতে পারে।’

লস্কর তাজুল ইসলাম বলেন, ‘গত ৫ আগস্ট থেকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ছাড়াও কাউন্সিলররা অফিস করছেন না। ফলে সিটি করপোরেশনে স্থবিরতা সৃষ্টি হয়েছে। আমরা কর্মকর্তারা ছোটখাটো কিছু রুটিনে কাজ করছি। যেহেতু আমাদের বড় ধরনের কোনো প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা নেই, আমরা গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। ওয়ার্ডগুলোতে কার্যক্রম স্বাভাবিক রাখতে মন্ত্রণালয় আমাদের নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে।’