ঢাকা অফিস।।
গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, বাংলাদেশকে বদলে দিয়ে আমরা মহা ইতিহাস তৈরি করব। সেই কাজ চলছে। আমরা এমন এক গ্যারান্টি নির্মাণ করতে চাই, যেখানে জনগণের অধিকার যাতে কোনো শাসক-স্বৈরাচার দখল করতে না পারে। ক্ষমতা এক মানুষের হাতে থাকতে পারবে না। জনগণ যাতে সত্যি সত্যি নিজের ভোটের অধিকার পায় এবং জনগণ সব ক্ষমতার মালিক হন আমরা সে অবস্থা তৈরি করতে চাই।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তারেক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, বিচার ব্যবস্থা জনগণের দরজায় নিয়ে যাব। যাতে গ্রামের মানুষকে কষ্ট করে আর শহরে আসতে না হয়। গ্রামের মানুষ যাতে তাদের জায়গায় বসে বিচার পান, সে ব্যবস্থা করা হবে। এসব কিছু করার জন্য সবকিছু নতুন করে ঢেলে সাজানো হবে। এ দেশকে নতুন একটা দেশে পরিণত করা হবে।
তারেক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা দেন, লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।











































