ঢাকা অফিস।।
ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারো ঝামেলা করলে আওয়ামী লীগের পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই হুঁশিয়ারি দেন।
মির্জা ফখরুল বলেন, ইতিহাস বড় নির্মম, আল্লাহর বিচার বড় নির্মম। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। শেষ মুহূর্ত পর্যন্ত তার (শেখ হাসিনার) মুখ দিয়ে প্রতিশোধের জিঘাংসা স্পষ্ট হয়েছিল। আল্লাহর কি হুকুম দেখেন, সেই তাকেই পালিয়ে যেতে হলো। আবার সেই জায়গায় যেতে হলো, যেখানে তার গোড়া পোতা আছে।
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, এখনো সময় আছে আপনারা আর ঝামেলা কইরেন না। কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজকে (১৫ আগস্ট) চেষ্টা করেছিলেন যে, আপনারা যাবেন, ৩২ নং এ গিয়ে ফুল দেবেন। কারো তো আপত্তি ছিল না। কিন্তু ছাত্ররা তা হতে দেননি। হতে দেননি কেন, কারণ এই মানুষটাকে কেউ দেখতে চায় না। খুনি হাসিনার চেহারা কেউ আর দেখতে চায় না। এক হাসিনা সারা বাংলাদেশে যত আওয়ামী লীগার ছিল তারা খুদে হাসিনা তৈরি হয়েছে, সারা দেশে অত্যাচার-নির্যাতন চালিয়েছে তারা। ছাত্র-জনতার বিপ্লবকে সুদৃঢ় করতে সবাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।
নয়া পল্টনে বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি হয়। কাকরাইল থেকে ফকিরেরপুল পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি অবস্থান কর্মসূচি সমাবেশে রূপ নেয়।
খুনি হাসিনার বিচার চাই : মির্জা ফখরুল বলেন, আজকের সমাবেশের ব্যানারে লেখা আছে, এই যে গণহত্যা, হাসিনা যে খুনি ও তার দোসরদের আমরা বিচার চাই। বিচার আল্লাহ তায়ালা করছে, আরো করবে। আমরা বিচার চাই এই সরকারের কাছে। যারা অন্তর্বর্তীকালীন সরকার যাদের ওপরে জনগণের আস্থা রয়েছে। একটু স্বস্তি ফিরিয়ে এনে তারা নির্বাচন দেবে। একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করবে।
মির্জা ফখরুল বলেন, আমরা চাই, নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক। আমরা যৌক্তিক সময়ও দিতে চাই। একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, গণতন্ত্র সেটার কোনো বিকল্প নাই। এই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি। আমরা লড়াই করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। মির্জা ফখরুল বলেন, নতুন নতুন কৌশল ওরা আবিষ্কার করে। এখন নতুন একটা ধুঁয়া তুলেছে সেই ষড়যন্ত্রকারীরা। সেটা কি? মাইনোরিটির ওপর অত্যাচার হচ্ছে। আমাদের ম্যাডাম (খালেদা জিয়া) খুব সুন্দর করে বলেছেন যে, বাংলাদেশে কোনো মাইনোরিটি নাই, বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ আমরা সবাই মিলে একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। সেই সূত্রে যারা আজকে হিন্দু সম্প্রদায়কে আলাদা করে দেখতে চায় আমরা তাদের সাথে একমত নই। তারা সবাই এক নাগরিক। কিন্তু তাদের(হিন্দু সম্প্রদায়) ক্ষেপিয়ে তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে দেশে অস্থিতিশীল করা যায় সেই চেষ্টা ষড়যন্ত্র আওয়ামী লীগ করছে। তাদের মূল টার্গেট হচ্ছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে আবার যদি ভারতের সাহায্য নিয়ে ঢুকে পড়া ।
এ দিক-ও দিক না করে আত্মসমর্পন করুন : মির্জা ফখরুল বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, ভালোয় ভালোয় এসব ঝামেলা ষড়যন্ত্র না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছে, এ দিক-ও দিক করছেন তারা দেখেছেন প্রবল প্রতাপশালী আইনমন্ত্রী আনিসুল হক, প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান এফ রহমান কি অবস্থায় গেছে কোর্টে। ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। আমাদের নেতাকর্মীদের কোর্টে এভাবে নেয়া হয়েছিল এবং তারেক রহমানকে ওইভাবে হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের বিচার করতে হবে। তাদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে। মির্জা ফখরুল বলেন, যারা অন্যায় অত্যাচার করেছে, টাকা লুন্ঠন করেছে, পাচার করেছে তাদের বিচার করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং এদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আমরা বাংলাদেশকে যে দ্বিতীয়বার স্বাধীন করেছে তাকে সুসংহত করতে হবে। এই সরকারকে আমরা সাহায্য করব।
চক্রান্তকারীদের সরকার থেকে বের করে দিতে হবে : মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো মুক্ত হননি। তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা আছে তা প্রত্যাহার করতে হবে। কোনো মামলা থাকবে না। আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই, তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আরো পদক্ষেপ তাদের নিতে হবে। যেসব চক্রান্তকারীরা সরকারের ভেতরে বসে আছে তাদেরকে অবিলম্বে সরকার থেকে বের করে দিতে হবে, তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। যারা চিহ্নিত সন্ত্রাসী, যারা কাজ করেছে শেখ হাসিনার সরকারের পক্ষে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আজকে বেগম খালেদা জিয়ার জন্মদিন তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশের মানুষের অনেক কামনা ছিল দেশনেত্রীকে মুক্ত অবস্থায় আমরা দেখতে চাই। আমরা দেশনেত্রীকে মুক্ত অবস্থায় দেখেছি আমাদের আর চাওয়ার কিছু নাই। আরেকটা কথা, আন্দোলন শেষ হয়ে যায় নাই। এটা সবাই মনে রাখবেন। এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, এ দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা ১৭ বছর আন্দোলন করেছি। মনে রাখবেন আমাদের আরো কিছুদিন পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, দলকে সুসংগঠিত ও সুশৃঙ্খল রাখবেন।
মির্জা ফখরুলের সভাপতিত্বে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিচালনায় এই কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানি, যুবদলের নুরুল ইসলাম নয়ন, কৃষকদলের শহীদুল ইসলাম বাবুল, সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রশীদ হাবিব ফজলুর রহমান খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
যুবদল নেতার শুভেচ্ছা বিনিময় : বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া কামনা করে গতকাল নয়া দিগন্ত অফিসে শুভেচ্ছা বিনিময় করেছেন যুবদলের হাতিরঝিল থানার সাবেক সাধারণ সম্পাদক মুনতাকিম সারোয়ার রিকিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সারা দেশে বিএনপির কর্মসূচি
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে। দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে হবে। ছাত্র-জনতাকে হত্যাকারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। কোটা আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে নৃশংসভাবে গণহত্যা চালিয়েছে। বিগত ১৫ বছর গুম, খুনসহ লুটপাট করেছে। খুনি হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্র করছে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। শেখ হাসিনা ও তার দোসররা লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার করতে হবে। তাদের হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত। গতকাল বৃহস্পতিবার সকালে কাথজির দেউরীস্থ নূর আহমদ সড়কে কোতোয়ালি ও বাকলিয়া থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, একই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি শেষে বিকেলে বিশাল আনন্দ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার ও সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নেতৃত্বে মিছিলটি গাজীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাজবাড়ি রোড হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এর আগে প্রেস ক্লাব বটমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: মাজহারুল আলম।
অপর দিকে বৃহস্পতিবার স্বেচ্ছাসেবকদল নেতা সরকার শাহনূর ইসলাম রনির নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশনরোড এলাকায় অবস্থান কর্মসূচি পালন ও পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় স্থানীয় নতুন বাজারের সাবেক চাঁদনী হল প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৩টায় নগরীর বাসন থানা বিএনপির নৈরাজ্যবিরোধী একটি বিক্ষোভ মিছিল চান্দনা চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। নগরীর ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি স্থানীয় টিএন্ডটি বাজারে অবস্থান কর্মসূচি, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এ দিকে বৃহস্পতিবারও নগরীর ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সরকারের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে গাজীপুরা পর্যন্ত যানজট নিরসন বা ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত শতাধিক শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়।
খুলনা ব্যুরো জানায়, খুলনা বিএনপি গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে নগরীর কেডিএ এভিনিউয়ের তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। অনুষ্ঠানে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের এখনো বিপদ কাটেনি। আবারো মাথাচাড়া দিতে পারে এ স্বৈরাচার হাসিনা। এ বিপদ মোকাবিলা করতে আমাদের সব ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।
বগুড়া অফিস জানায়, গণত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বগুড়ায় বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল থেকে শহরের নবাববাড়ি রোডস্থ জেলা বিএনপি অফিসের সামনে নেতাকর্মীরা অবস্থান নেন।
পিরোজপুর প্রতিনিধি জানান, পৃথকভাবে পিরোজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও জামায়াত ইসলামী। বিএনপি শহরের পোস্ট অফিস সড়কে ও জামায়াত সদর উপজেলা চত্বরে গতকাল বৃহস্পতিবার দিনভর এ অবস্থান কর্মসূচি পালন করে।
পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। গতকাল বেলা ১১টা থেকে পটুয়াখালী লঞ্চ টার্মিনালের সামনে শুরু হয় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে এ অবস্থান কর্মসূচি। দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। এই অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিকদলসহ বিএনপি’র সব অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শরীয়তপুর প্রতিনিধি জানান, শরিয়তপুর জেলাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শরীয়তপুরের ৬ উপজেলা সদরে জেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ সহযোগী এবং অঙ্গসংগঠনের নেতারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, শেখ হাসিনাকে গণহত্যার দায়ে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে এবং গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়কে দ্বিতীয় বিজয় উল্লেখ করে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ও বিজয় মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা । গতকাল বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত শহরের পুরাতন বাসস্টেন্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাঙ্গামাটি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সকালে রাঙ্গামাটি শহরের গুরুত্বপূর্ণ স্থান থেকে বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল করে শহরের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করে অবস্থান কর্মসূচি পালন করে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বেলা ১টার দিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে জেলা কার্যালয়ে তারা এ কর্মসূচি পালন করে। এ সময় শহরের বিভিন্ন পয়েন্ট থেকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হন। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বক্তারা শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবি জানান।
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা জানান, আশুলিয়ার বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল সকাল থেকে ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর নেতৃত্বে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর, ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় মহাসড়কজুড়ে মোটরসাইকেলে শোডাউন করতে দেখা গেছে।
সকাল থেকেই বিএনপি ও এর অংগসংগঠনের নেতাকর্মীরা আশুলিয়ার জিরাবো, জামগড়া, ইপিজেড, জিরানী বাজার, কবিরপুর ও বাড়ইপাড়া এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। এসব কর্মসূচির প্রত্যেকটাতেই যোগদান করেন ঢাকা-১৯ এর বিএনপির সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল দুপুরের দিকে নাটোর কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে গিয়ে সমাবেশ করে।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। গতকাল সকালে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বিশাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদলের নেতারা।
নাটোর প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, পাশের দেশে বসে ঘসেটি বেগম বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার জন্য তিনি বর্তমান সরকারকে অনুরোধ জানিয়েছেন। গতকাল দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যলয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে হাতিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। গতকাল দুপুরে হাতিয়া উপজেলা সদরের জিরো পয়েন্টেও অবস্থান কর্মসূচি পালন করা হয়। প্রধান সড়কে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে বিএনপি, হাতিয়া পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী যোগ দেন।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী শহরের আজাদী ময়দানে জেলা বিএনপি অফিস প্রাঙ্গণে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর আয়োজনে সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এর আগে তারা শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে।
এ উপলক্ষে জেলার কালুখালি উপজেলায় দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে কালুখালি উপজেলার প্রধান সড়কে উপজেলা অফিসে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি শুরু করে।
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৪ ও ১৫ আগষ্ট দলের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি দিনভর দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের অবস্থান কর্মসূচি প্রত্যক্ষ এবং সংহতি প্রকাশ করেন।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল চৌদ্দগ্রাম বাজারস্থ হায়দার শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপি আহ্বায়ক হারুন অর রশিদ মজুমদারের সভাপতিত্বে ও সদস্যসচিব শরীফুল ইসলাম দুলালের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল দুপুরের দিকে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকা চত্বর ও সলঙ্গা থানার ডাক বাংলোর মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপির অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলার ঘুঘুরাতলী মোড়ে ও উপজেলা সদরে সব বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে অবস্থান নেয়। বেলা সাড়ে ১১টায় একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে। এ ছাড়াও উপজেলার রাণীরবন্দরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। অপর দিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা সকাল ১০টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, দেশজুড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোংলায় বিএনপি’র উদ্যোগে দু’দিনব্যাপী অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনেও পৌর মার্কেটের সামনে সকাল থেকে নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ১১টা থেকে পৌর মার্কেটের সামনে শুরু হয় নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ অবস্থান কর্মসূচি। অবস্থান কর্মসূচি শেষে শেখ হাসিনার বিচারের দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, আইন নিজের হাতে তুলে নেবেন না, আইনের মাধ্যমে সন্ত্রাসীদের বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যানি চৌধুরী। লক্ষ্মীপুরে উত্তর স্টেশন বিএনপির বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।
মিছিলটি উত্তর স্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরিয়েট স্কুলে গিয়ে শেষ হয়। তিনি অবিলম্বে স্বৈরাচার খুনি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে ছাত্র-জনতা ও বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর শহরে মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনকারী ছাত্র-জনতা। বৃহস্পতিবার বিকেলে তাদের পৃথক পৃথক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলও পৃথক পৃথক মিছিল ও সমাবেশ করেছে। জেলা বিএনপির বিশাল বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে।
মেহেরপুর প্রতিনিধি জানান, দেশে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল বিকেলে শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শিক্ষকরা।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর রাজপথ দখলে রেখেছিলেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজশাহী বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী এদিন রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ মহাসড়কে অবস্থান নিয়ে সমাবেশ করেন। ‘ফ্যাসিবাদের কবর রচনা ও বাংলার ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক সব ধরনের ষড়যন্ত্র’ রুখে দেয়ার আহ্বানে রাজশাহীতে এই সমাবেশ করা হয়।
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ছাত্র নেতারা। নগরীর টাউনহল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন স্কুল কলেজ থেকে মিছিল নিয়ে নগরীর টাউন হল মাঠে সমবেত হয় শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা থেকে আসা ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, মাসউদুর রহমান, আবিদ হাসান রাফি ও এবি যুবাইর। কুমিল্লা থেকে সমন্বয়কদের মধ্যে ছিলেন আবু রায়হান, সাকিব হোসাইন, এম এস আবির, রাশেদুল হাসান, রুবেল হোসাইন প্রমুখ।
চাঁদপুর প্রতিনিধি জানান, পুরোপুরি টোল বন্ধের দাবিতে আবারো বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। চাঁদপুর সেতুর দুই পাশে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, চাঁদপুর সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। টোল আদায়ের কয়েকগুণ টাকা উঠলেও বন্ধ হচ্ছে না কেন? আমরা তাদের আলটিমেটাম দিতে চাই, আর যদি টোল আদায় হয় তাহলে আরো কঠোর আন্দোলন হবে। এ ছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলীপি প্রদান করার কথা জানান শিক্ষার্থীরা।











































