Home খেলাধুলা করাচিতে দর্শকশূন্য স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট, কারণ কী

করাচিতে দর্শকশূন্য স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট, কারণ কী

20


স্পোর্টস ডেস্ক

কিছুদিন পরই ২ ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে হলেও দ্বিতীয় টেস্টটি হবে করাচিতে। আগামী ৩০ আগস্ট থেকে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে শুরু হবে এই টেস্ট। তবে এই ম্যাচটিতে স্টেডিয়ামে থাকতে পারবেন না কোনো দর্শক।

আজ বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই তথ্য জানিয়েছে। আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে স্টেডিয়ামের নির্মাণ কাজ চলায় এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

এই সিদ্ধান্তের পেছনে দর্শকদের নিরাপত্তার ব্যাপারটিই ছিল মূখ্য। এক বার্তায় সংস্থাটি জানায়, ‘ক্রিকেটে আমাদের উৎসাহী দর্শকরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমরা জানি। তারা আমাদের খেলোয়াড়দের অনুপ্রেরণা ও সমর্থন দিয়ে থাকেন। তবে, দর্শকদের নিরাপত্তা ও ভালো থাকাকেই অগ্রাধিকার দিয়েছে বোর্ড। সব বিকল্পগুলো গুরুত্বসহকারে বিবেচনা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, খালি স্টেডিয়ামে খেলাই সবচেয়ে নিরাপদ।’

বিবৃতিতে পিসিবি আরও জানায়, ‘এই সিদ্ধান্ত নেওয়ার ফলে টিকিট বিক্রি অবিলম্বে স্থগিত করা হয়েছে। যেসব ভক্তরা এরই মধ্যে টিকিট কিনেছেন তারা স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন।’

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই দুই টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট হবে ২১ থেকে ২৫ আগস্ট। আর দ্বিতীয় টেস্টটি ৩০ আগস্ট থেকে শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা।’

দুই দলের স্কোয়াড

পাকিস্তান টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিটনেস সাপেক্ষে), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গোলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেট-রক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেট-রক্ষক) ও শাহীন শাহ আফ্রিদি।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।