ক্রীড়া ডেস্ক
অলিম্পিক হকি ইতিহাসে একই আসরে পুরুষ ও নারী দুই বিভাগে স্বর্ণ জয়ের অনন্য কৃতিত্ব দেখিয়েছে নেদারল্যান্ডস। জার্মানিকে হারিয়ে পুরুষ দলের স্বর্ণ জয়ের একদিনের মধ্যে শুক্রবার ডাচ নারীরা চায়নাকে পেনাল্টি শুট আউটে ৩-১ গোলে পরাজিত করে অলিম্পিকের শিরোপা জয় করেছে। এ নিয়ে টানা ষষ্ঠ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল নেদারল্যান্ডস। এর মধ্যে পঞ্চম স্বর্ণ জয়ের পথে চায়না তাদের ভালোই মোকবিলা করেছে। নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। ছয় মিনিটে চেন ই’র গোলে এগিয়ে যায় চায়না। প্রথমবারের মতো স্বর্ণ জয়ের আশায় মাঠে নামা চায়নাকে এরপর নেদারল্যান্ডসের প্রচণ্ড চাপের মুখে খেলতে হয়েছে। ম্যাচ শেষের নয় মিনিট আগে পেনাল্টি কর্ণার থেকে ইব্বি জানসেন ডাচদের সমতায় ফেরান। টুর্নামেন্টে এটি জানসেনের নবম গোল। শুট আউটে ডাচ গোলরক্ষক আন্দে ভিনেনডাল চায়নার দুটি শট রুখে দেন। নেদারল্যান্ডস তাদের তিনটি গোল করার পর চায়নার মা নিংয়ের শট রুখে দিয়ে ভিনেনডাল নেদারল্যান্ডসকে স্বর্ণ পদক উপহার দেন। ডাচ কোচ পল ফন অস বলেছেন, ‘এটা দুর্দান্ত ছিল। চায়নিজরা দুর্দান্ত খেলে শুরুতেই গোল আদায় করে নিয়েছিল।
তাদের রক্ষণভাগ ভাঙা খুবই কঠিন ছিল। আমরা শুরু থেকেই আক্রমনাত্মক ছিলাম। শুধুমাত্র পেনাল্টি কর্ণারগুলোকে ঠিকভাবে কাজে লাগাতে পারিনি।’ অলিম্পিক হকির ইতিহাসে এই প্রথম দুই বিভাগে একই দেশ স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখাল।











































