স্পোর্টস ডেস্ক।।
প্যারাগুয়ের নারী সাতারু লুয়ানা আলোনসো। জানা গেছে, অনুপযুক্ত পরিবেশ তৈরির দায়ে সম্প্রতি প্যারিসের অলিম্পিক ভিলেজ থেকে বের করে দেওয়া হয়েছে তাকে। সেই লুয়ানা এবার আরও বেশি আলোচনায় ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়রের প্রসঙ্গ টেনে।
লুয়ানা জানিয়েছেন, নেইমার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাকে গোপন বার্তা পাঠিয়েছেন। বিস্তারিত প্রকাশ না করলেও লুয়ানা দাবি করেছেন, নেইমার তার বড় ভক্ত এবং ইনবক্সে অনেক বার্তা পাঠিয়েছেন। অলিম্পিক ভিলেজ থেকে বের করে দেওয়ার পরদিনই প্যারাগুয়ের একটি রেডিওকে এই তথ্য প্রকাশ করেন লুয়ানা।
লুয়ানাকে উদ্ধৃত করে মেক্সিকোর ফক্স স্পোর্টস লিখেছে, ‘সে আমাকে ডিএম (গোপনীয়তা বজায় রেখে সরাসরি মেসেজ) করেছিল। আমি শুধু এটাই বলছি। এটা (অনুরোধ বার্তা) হিসেবে রেখে দেওয়া হয়েছে।’
অলিম্পিক ভিলেজ থেকে লুয়ানাকে বের করার ব্যাপারটি গণমাধ্যমে এলেও সেটি সত্যি নয় বলে দাবি করেছেন লুয়ানা। দর্শকদের মিথ্যা তথ্য না ছড়ানোর জন্য অনুরোধও করেন এই ক্রীড়াবিদ।
এদিকে, হাঁটুর গুরুতর চোট থেকে সের উঠলেও সৌদি প্রো লিগের নতুন মৌসুমের শুরুতে খেলতে পারবেন না নেইমার। গত সপ্তাহে এই তথ্য জানান তার দল আল হিলালের কোচ। ২০২৩ সালে এই ক্লাবটিতে খেলতে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই ছাড়েন তিনি। সৌদি আরবে প্রতি মৌসুমে তার আয় ১০০ মিলিয়ন ইউরো।
নেইমারের বিরুদ্ধে বিভিন্ন নারীদের এমন বার্তা পাঠানোর অভিযোগ পুরোনো নয়। গত বছরের শেষের দিকে এক মডেলের সঙ্গে নেইমারের চ্যাট ফাঁস হওয়ার পর সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। ওই বছরের শুরুর দিকে দুই মডেলের সঙ্গেও দেখা গিয়েছিল এই ফুটবলারকে।











































