Home আঞ্চলিক আতঙ্ক কাটলেও থামেনি পাহারা

আতঙ্ক কাটলেও থামেনি পাহারা

23


কয়রা (খুলনা) প্রতিনিধি।।

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর খুলনার কয়রায় বিক্ষুব্ধ জনতার আক্রমণের শিকার হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলটির বিভিন্ন এলাকার কার্যালয় ভাঙচুর করা হয়। এসব ঘটনায় একজন নিহত হন। আহত হন শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় হয়ে পড়েন। এই সুযোগে সুন্দরবন সংলগ্ন নদীতীরবর্তী গ্রামে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্র-জনতার উদ্যোগে দুই-এক দিন ধরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে চুরি-ডাকাতি ঠেকাতে রাতে নানা এলাকায় পাহারা দিচ্ছেন মানুষ।
জানা গেছে, সরকার পতনের পর থেকেই ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের অধিকাংশ জনপ্রতিনিধি এলাকাছাড়া। ফলে প্রয়োজনীয় সেবাবঞ্চিত জনসাধারণ।
রোববার বিকেলে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসীন রেজার বাড়িতে হামলা করে জনতা। এ সময় বাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মানুষ। তারা সংঘবদ্ধ হয়ে বাড়ির ভেতর ঢুকে মোহসীন রেজাকে পিটিয়ে হত্যা করে। করা হয় অগ্নিসংযোগ।
হামলার শিকার হয়েছে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় যুবলীগ সভাপতি এস এম শফিকুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বহারুল ইসলাম, আমাদি, বাগালি, উত্তর বেদকাশি ও দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যানের বাড়িও।
সাধারণ মানুষ জানান, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। তবে পুলিশ ক্যাম্পগুলো ফাঁকা থাকায় ও জনপ্রতিনিধিরা এলাকা ছেড়ে যাওয়ায় তাদের আশঙ্কা কাটছে না। শনিবার সুন্দরবন সংলগ্ন কয়েকটি গ্রামে গেলে বাসিন্দারা বলেন, চুরি-ডাকাতির ভয়ে মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছেন। অনেকেই গবাদি পশুও অন্যত্র রেখে এসেছেন।
মহেশ্বরীপুর গ্রামের সবিরন নেছা বলেন, কয়েক দিন ধরেই এলাকায় অচেনা মানুষের আনাগোনা বেড়েছে। বৃহস্পতি ও শুক্রবার রাতে তাদের গ্রামে ট্রলারে ডাকাত দল এসেছিল। গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা সুন্দরবনে পালিয়ে যায়।
একই তথ্য জানিয়েছেন নয়ানি, তেঁতুলতলারচর, পূর্ব মঠবাড়ি, হরিহরপুর, গাজীপাড়া, গাববুনিয়া ও জোড়শিং গ্রামের বাসিন্দারা। রাতে পালাক্রমে পাহারা দিতে হচ্ছে তাদের। গ্রামবাসীর ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম বন্ধ থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত তারা যেন দায়িত্ব পালনে করেন, এমন দাবিও করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা সমন্বয়কের দায়িত্বে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোশারফ হোসেন রাতুল জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষকে নিয়ে কাজ করছেন। অনেকেই পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে। তারা এসব শক্ত হাতে প্রতিরোধের চেষ্টা করছেন।
দেশের সার্বিক পরিস্থিতিতে পুলিশের মধ্যেও ভয় কাজ করে জানিয়ে কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, কয়েক দিন কেউই থানার বাইরে বের হননি। এখন থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যক্রম শুরুর আশা করছেন।
ভারপ্রাপ্ত ইউএনও তারিক উজ জামান বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার বিকেলে স্থানীয় রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সভা হয়েছে। শনিবার থেকে কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করেছে।
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, উপজেলার হিন্দু সম্প্রদায় অধ্যুষিত এলাকায় নিরাপত্তাহীনতা ও ডাকাত আতঙ্ক বিরাজ করছে। ফলে শুক্রবার নির্ঘুম রাত কাটিয়েছেন কয়েকশ পরিবারের সদস্য। ডাকাত প্রতিরোধে শত শত মানুষ দা-লাঠি নিয়ে মহল্লা পাহারা দিয়েছেন।


সংশ্লিষ্টরা জানান, শুক্রবার রাত ১০টার পর আমতলীর পুরাতন বাজারের চুন্নু তালুকদারের মিলের সামনে পায়রা নদীতে দুটি ট্রলারে ৪০-৫০ মানুষ দেখা যায়। বিষয়টি ছড়িয়ে পড়লে আমতলী পৌরসভার হিন্দু অধ্যুষিত ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন লঞ্চঘাট, পুরাতন বাজার, ৬ নম্বর ওয়ার্ডের আল হেলাল মোড় থেকে নতুনবাজার চৌরাস্তা মোড় ও ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল সড়ক এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী পাড়ামহল্লায় নিজ উদ্যোগে দা-লাঠি নিয়ে পাহারা দেন।
৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিক্ষক জগদীশ কবিরাজ, সমাজকর্মী শিউলী মালা ও ব্যবসায়ী বিনয় দাস জানিয়েছেন, তারা পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত পাহারায় থাকবেন।
মিঠাবাজার এলাকার শিপ্রা রানী বলেন, ‘ডাকাত আতঙ্কে সারা রাত ঘুমাতে পারি নাই। পরিবারের সবাই সজাগ ছিলাম।’
আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, শুক্রবার থেকে পুলিশ কাজে যোগ দিয়েছে। তাদের আতঙ্ক কাটেনি। ডাকাত আতঙ্কে পুলিশ সদস্যদের নিয়ে পাহারা দিয়েছেন।