স্পোর্টস ডেস্ক।।
২০১৫ সালের আগস্টে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন ইংলিশ ব্যাটার জো রুট। এরপর বিভিন্ন সময় তার র্যাঙ্কিং ওঠা-নামা করেছে। গত বছরের জুনে এক নম্বর থেকে আবারও সরে যান রুট। দীর্ঘ ১৩ মাস পর হারানো জায়গা পুনরুদ্ধার করলেন এই ব্যাটার।
আজ বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে এক ধাপ করে এগিয়েছেন বাবর আজম, ড্যারিল মিচেল, স্টিভেন স্মিথ ও রোহিত শার্মা। বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৮৭ রান করে উইলিয়ামসনকে টপকে এক নম্বরে ওঠেন রুট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ২৮ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ৪ ধাপ এগিয়ে ৩০ নম্বরে এখন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরি ছোঁয়া (৯৫) ইনিংস খেলে ৩১ ধাপ এগিয়েছেন ইংলিশ উইকেটকিপার জেমি স্মিথ। আছেন ৬৪ নম্বরে।
এদিকে, টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন গতিময় পেসার মার্ক উড। বার্মিংহাম টেস্টের দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে সেরা বিশে উঠে এসেছেন তিনি। ৭ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের জেইডন সিলস ২৬ নম্বরে। সবার ওপরে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। এই সংস্করণে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রবীন্দ্র জাদেজা।
এদিকে, টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে এগিয়ে চার নম্বরে ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল। ১৬ ধাপ এগিয়ে ২১ নম্বরে শুভমান গিল। ১১ ধাপ এগিয়ে লংকান ওপেনার পাথুম নিসাঙ্কা ১৫ নম্বরে। এই সংস্করণে ব্যাটারদের মধ্যে শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।
টি-টোয়েন্টিতে সবার ওপরে ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। শ্রীলংকা সিরিজে দুর্দান্ত বল করা আরেক লেগ স্পিনার ৮ ধাপ এগিয়ে ঢুকেছেন সেরা দশে। অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে মার্কাস স্টোয়নিস।











































