Home খেলাধুলা পর্তুগালের হয়ে রোনালদোর শেষ ম্যাচ, যা বললেন কোচ

পর্তুগালের হয়ে রোনালদোর শেষ ম্যাচ, যা বললেন কোচ

48


স্পোর্টস ডেস্ক

ইউরো চ্যাম্পিয়নশিপে ট্রাইবেকারে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ফল না আসায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে ৫-৩ ব্যবধানে জিতে সেমি নিশ্চিত করে ফরাসিরা।

পর্তুগালের বিদায়ের পর ফের প্রশ্ন উঠেছে, জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ কি খেলে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো? তবে এতে দলের কোচ রবের্তো মার্তিনেসের স্পষ্ট করে কিছু বলেননি।

এর আগে ইউরো শুরুর আগেই রোনালদো ঘোষণা দিয়েছেন, ইউরোতে তার শেষ আসর এটি। তবে ইউরোর ব্যাপারে স্পষ্ট বার্তা দিলেও আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে এখনও কিছু বলেননি ৩৯ বছর বয়সী মহাতারকা।

টুর্নামেন্ট থেকে বিদায়ের পর কোচের কাছে জানতে চাওয়া হয় হয় জাতীয় দলে পর্তুগাল অধিনায়কের ভবিষৎ। তবে তিনি পরিষ্কার কিছু বলেননি, ‘এই ব্যাপারে (রোনালদোর শেষ ম্যাচ কিনা) কথা বলার জন্য এটি খুবই দ্রুত। মাত্রই ম্যাচ শেষ হয়েছে। কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত হয়নি এখনও।’

রোনালদো অবশ্য ইউরোয় নিজের শেষ ম্যাচটা তেমন ভালো করতে পারেননি। ৯০ মিনিটের খেলা ড্র থাকার পর অতিরিক্ত সময়ে দারুণ সুযোগ পান অভিজ্ঞ ফরোয়ার্ড। কিন্তু ডান দিক থেকে পাওয়া বল প্রথম ছোঁয়ায় উড়িয়ে মারেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা।

সিআর সেভেন পুরো আসরে একরকম নিজের ছায়া হয়ে ছিলেন। পাঁচ ম্যাচে কোনো গোল করতে পারেননি ইউরোর রেকর্ড গোলদাতা। ২০০৪ থেকে টানা ছয়টি টুর্নামেন্ট খেলে তার নামের পাশে মোট ১৪ গোল। ইউরোয় ১০ গোলও নেই আর কারও।

এর আগে ২০১২ ও ২০২০ সালে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো। ২০১৬ সালে তিনি জেতেন সিলভার বুট। সেবারই ফ্রান্সকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। রোনালদো পান আন্তর্জাতিক শিরোপার ছোঁয়া।

আর পর্তুগালের হয়ে সব মিলিয়ে ২১২ ম্যাচে রোনালদোর গোল ১৩০টি। এর মধ্যে বিশ্বকাপে ২২ ম্যাচে তিনি করেছেন ৮ গোল। বিশ্বকাপের টানা পাঁচ আসরে গোল করা একমাত্র ফুটবলার তিনি। অবসর না নিয়ে ২০২৬ বিশ্বকাপ খেললে রেকর্ডটি আরও বাড়ানোর সুযোগ থাকবে।