স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ-২০২৩ প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
নারী দলে ডিএমপি ২৩ গোল করে। জবাবে ঢাকা রেঞ্জ ১৮ গোল করে। ডিএমপি চ্যাম্পিয়ন হয়েছে ৫ গোলের ব্যবধানে। পুরুষ দলে ডিএমপি ৩৪ গোল করে। সেখানে প্রতিপক্ষ ঢাকা রেঞ্জ করে ৩১ গোল। এই বিভাগে ডিএমপি চ্যাম্পিয়ন হয় ৩ গোলের ব্যবধানে।
আজ শনিবার বিকালে রাজধানীর ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চট্টগ্রাম রেঞ্জ এবং নারী বিভাগে এপিবিএন তৃতীয় স্থান অধিকার করেছে। পুরুষ বিভাগে সোহাগ হোসেন আরিফ এবং নারী বিভাগে রুবিনা আক্তার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি ও এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সহ-সভাপতি ও ডিআইজি এস এম মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি, নাজমুল ইসলাম, টিম ম্যানেজার ও অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।











































