ঢাকা অফিস।।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে বিএনপি নেতাদের ওপর সারাদেশে আক্রমণ চলছে বলে মন্তব্য করেছে বিএপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বুধবার নাটোরে দলের জেলা কার্যালয়ের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশে গুলি করা হয়েছে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর মতো একজন সজ্জন,বর্ষীয়ান রাজনীতিবিদের হাতের কব্জি, পা ও শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত করা হয়েছে। এভাবেই সারাদেশে সরকারের নির্দেশে এই ধরনের হামলা হচ্ছে।’
গতকাল বুধবার সকালে হামলার পর রক্তাক্ত অবস্থায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে আজ তার অস্ত্রপাচার করা হয়।
শহীদুল ইসলাম বাচ্চুর চিকিৎসার খোঁজ-খবর এবং তার শারীরিক অবস্থা দেখার পর আওয়ামী লীগকে একটি বর্বর সংগঠন বলে অভিহিত করে রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আদিম বন্য হিংস্রতায় এভাবে আক্রমণ করে তার হাত, পা, শরীর ক্ষতবিক্ষত করা হয়েছে। তাকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে কী আনন্দ পেলেন সেখানকার আওয়ামী লীগ এবং এমপি শিমুল সাহেব? আমি মনে করি, সরকার প্রধানের নির্দেশের বাইরে এমন কাজ হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপি নেতাদের রক্ত দেখলেই সরকারপ্রধান আনন্দিত এবং খুশি হন। এই কারণেই একটি দোয়ার অনুষ্ঠান এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে বর্বরোচিত হামলা করা হয়েছে। এই হামলা শুধু ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত নয়, আওয়ামী লীগ যে একটি বর্বর সংগঠন সেটির বহিঃপ্রকাশ। আমি দোয়া করছি, শহীদুল ইসলাম বাচ্চুকে আল্লাহ যেন তার দ্রুত সুস্থতা দান করেন। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ছিলেন।’











































