অনলাইন ডেস্ক।।
বন্যায় বিপর্যস্ত ভারতের বিভিন্ন রাজ্যের জনজীবন। বিগত সাত দিনের বেশি সময় বন্যাকবলিত ভারতের উত্তর-পূর্বে অসম অরুণাচল এবং আসাম রাজ্য। ব্রহ্মপুত্রের পানিতে আসামে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। ২৯টি জেলার ১৬ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন প্রাণ হারিয়েছেন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৬। এছাড়া তিনজন নিখোঁজ রয়েছেন। রাজ্যজুড়ে ৩৯ হাজার ৪০০ হেক্টরেরও বেশি জমির ফসল বন্যার জেরে নষ্ট হয়েছে।
ব্রহ্মপুত্র ছাড়াও বরাক ও বুড়িডিহিং নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। গত ২৪ ঘণ্টায় ১০০টি সড়ক, ১১টি বাঁধ ও ১৪টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বন্যা দুর্গতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। ১৫ আগস্টের আগে ক্ষতিপূরণের অর্থ তাঁদের হাতে তুলে দেওয়া হবে।
আসামের কাজীরঙ্গা জঙ্গলে ১১টি পশু পানিতে ডুবে মারা গেছে। তাদের মধ্যে বেশিরভাগ হরিণ। পাশাপাশি ৬৫টি পশুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া পশুগুলোকে সাবধানে রাখা হয়েছে। তাদের উপযুক্ত খাবার এবং পানি দেওয়া হয়েছে। গোটা বিষয়টি দেখভাল করছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জাতীয় সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনো প্রাণি যেন মারা না যায়, সেদিকে নজর রাখা হয়েছে।
নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলার বিষয়ে জানান তিনি। আসামের মুখ্যমন্ত্রী লেখেন, ‘প্রধানমন্ত্রী আসামের বন্যা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। তিনি এই বন্যা পরিস্থিতিতে আসামের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’
ভারী বৃষ্টিপাতের ফলে অরুণাচল প্রদেশের কুরুং কুমে জেলায় কুরুং নদীর উপর কুরুং সেতু ভেসে গেছে। এই সেতুটি চীনের সঙ্গে এলএসি সীমান্তকে সংযোগ করত। ইটানগরে বেশ কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট, ভূমিধস এবং মাটি ধসের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু কাঁচা বাড়ি। রাজধানীর ডেপুটি কমিশনার শ্বেতা নাগারকোটি মেহতা সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
ভারী বৃষ্টিতে ত্রিপুরা রাজ্যের আগরতলার পরিস্থিতিও বেশ অবনতি হয়েছে। আগরতলা শহরজুড়ে বেড়েছে জলাবদ্ধতা। ভারী বর্ষণে ফলে মাটির ঘর ভেঙে পড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ২ জনের। গুরুতর আহত ৩ মাসের শিশু সন্তান। ঘটনা ঘটে পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহাকুমার খয়েরপুর মেঘলি পাড়ার ধর্ম টিলায়। মৃত দুজন স্বামী স্ত্রী। প্রাণেশ তাঁতি (৩৫) এবং ঝুমা তাঁতি (২৬)। তাঁরা দুজন রাতে তাদের শিশুকে সঙ্গে নিয়ে সেই ঘরে মধ্যে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রায় রাত ১টা নাগাদ অতিবৃষ্টির কারণে তাদের ঘর ভেঙে পড়ে। ঘুমন্ত অবস্থায় প্রাণেশ তাঁতি এবং তাঁর স্ত্রীর ওপর মাটির দেওয়াল চাপা পড়ে।
এদিকে প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে দেবভূমি উত্তরাখণ্ডে। বন্যা ও ভূমিধসের জেরে বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের অন্তত ১০০টি গুরুত্বপূর্ণ রাজ্যের জাতীয় সড়ক। রাজ্যটির প্রধান নদীগুলো সবই বিপৎসীমার উপর দিয়ে বইছে। ইতোমধ্যেই জারি করা হয়েছে রেড অ্যালার্ট। উত্তরাখণ্ডের হাওয়া অফিস জানাচ্ছে, গোটা এলাকাজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। চম্পাওয়াত, আলমোরা, পিথরোগড়সহ সমস্ত অংশেই প্রচুর বৃষ্টি হবে।
ইতোমধ্যেই গঙ্গা, অলকনন্দা, ভাগীরথী, সারদা, মন্দাকিনী এবং কোশী নদীর পানি বাড়ছে। বিগত ২৪ ঘণ্টায় চাকুটিয়াতে ৭২ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। বাঁশিচানাতে ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
রুদ্রপ্রয়াগ জেলায় অলকনন্দা নদীর পানিবৃদ্ধির ফলে ১০ ফুটের শিবের মূর্তিও বেশিরভাগ জলের তলায় চলে গিয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে সব বাসিন্দাকে নিচু এলাকা ছেড়ে উঁচু এলাকায় চলে যাওয়ার কথা বলা হয়েছে। সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল ছুটি দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটকে বিপর্যয় মোকাবিলার জন্য তৈরি থাকতে বলা হয়েছে।
তবে আশঙ্কার বিষয়, গঙ্গা এবং সরযু নদীতে বিপৎসীমা প্রায় ছুঁয়ে ফেলেছে পানি। অন্যদিকে, অলকনন্দা, মন্দাকিনী, ভাগীরথী নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে। পাশাপাশি গোমতী, কালী, গৌরি এবং সারদা নদীর পানিও পাল্লা দিয়ে বাড়ছে। বদ্রীনাথ জাতীয় সড়কে ধসের ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
এদিকে পশ্চিমবঙ্গ এবং সিকিমে অতিবৃষ্টির জেরে পাহাড়ে ধস ও জলাবদ্ধতায় বিপর্যস্ত দুই রাজ্য। আজ বৃহস্পতিবার সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক আংশিক খুলে দেওয়া হলো ধসের জেরে বিকেলের পরে ফের বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই প্রতি ঘণ্টাতেই গড়ে ৫৭ হাজার থেকে ৬০০০০ কিউসেক পানি তিস্তার গজলডোবা ব্যারাজ থেকে ছাড়া হয়েছে। এতে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বাংলাদেশেও। তিস্তার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকায় আজ সারাদিনই লাল সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। জলঢাকা নদীতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
ভারতের আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে জুলাইয়ের প্রথম সপ্তাহে গোটা দেশেই বর্ষণ অব্যাহত। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পাহাড় থেকে সমুদ্র— বর্ষায় বানভাসি একাধিক রাজ্য। ৭ রাজ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। উত্তরাখণ্ড, আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ ছাড়াও গোয়া, কর্নাটকেও বন্যার আশঙ্কা করছে আইএমডি।











































