Home আঞ্চলিক সংস্কারের অভাবে সঙ্গিন শতকোটি টাকার স্থাপনা

সংস্কারের অভাবে সঙ্গিন শতকোটি টাকার স্থাপনা

26


খুলনাঞ্চল রিপোর্ট।।
খুলনা বিভাগের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু শেখ আবু নাসের স্টেডিয়াম। একসময় এ স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলেও এখনকার অবস্থা দেখে তা বোঝার উপায় নেই। সংস্কারের অভাবে মাত্র ৮ বছরের ব্যবধানে ব্যবহার অনুপযোগীতে পরিণত হয়েছে মাঠের সব অবকাঠামো। স্টেডিয়ামটি পুনঃসংস্কার করে ব্যবহার উপযোগী করতে ২০২৩ সালের জানুয়ারি মাসে ১২১ কোটি টাকার একটি প্রকল্প নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। গত দেড় বছরে প্রকল্পের আর দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

খুলনা বিভাগীয় এ স্টেডিয়াম ২০০৪ সালে নতুন করে উদ্বোধন করা হয়। প্রায় শতকোটি টাকা ব্যয়ে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে পুনর্নির্মাণ করা হয়েছিল এ স্টেডিয়ামটি। ২০০৬ সালের জানুয়ারিতে এ মাঠ আন্তর্জাতিক মর্যাদা পায়। ২০১২ সালে পায় দেশের সপ্তম টেস্ট ভেন্যুর মর্যাদা। এ স্টেডিয়ামে এ পর্যন্ত তিনটি টেস্ট, চারটি ওডিআই ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০১৬ সালের ১৫ জানুয়ারির পর স্টেডিয়ামটিতে আর আন্তর্জাতিক কোনো খেলা হয়নি।

মাঠসংশ্লিষ্টরা জানান, ২০১৬ সালের ৫ এপ্রিল কালবৈশাখীতে ভেঙে যায় স্টেডিয়ামে বেশ কিছু স্থাপনা। এরপর আর সেগুলোর সংস্কার করা হয়নি। ফলে দিনে দিনে ক্ষতিগ্রস্ত স্টেডিয়াম আরও জরাজীর্ণ হয়েছে। সরেজমিনে দেখা গেছে, স্টেডিয়ামের গ্যালারি, মিডিয়া বক্স, সাইট স্ক্রিন, হসপিটালিটি বক্স সবই এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফ্লাড লাইট, ইলেকট্রনিক স্কোর বোর্ড আর জায়ান্ট স্ক্রিনও ব্যবহার উপযোগী নেই। প্রয়াত ক্রিকেটার মানজারুল ইসলাম রানার নামে করা স্ট্যান্ডও ভেঙে পড়েছে। পুনর্নির্মাণ ছাড়া এগুলো ব্যবহার উপযোগী করা সম্ভব নয়। বর্তমানে বয়সভিত্তিক আয়োজনেই স্টেডিয়ামের মাঠটি ব্যবহার হয়। বাকি সময় সবকিছু তালাবদ্ধ থাকে।

দেশের অন্য স্টেডিয়ামগুলোর মতো এই মাঠও জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে। জানা গেছে, আবু নাসের স্টেডিয়াম ও খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অধিকতর উন্নয়নের জন্য ২০২৩ সালের ৪ জানুয়ারি ১৩৭ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে পরিষদ। পরে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জন্য ১৬ কোটি টাকার প্রকল্পটি পৃথক করা হয়। ২০২৩ সালের ১৭ জুলাই প্রকল্পের যাচাই-বাছাই কমিটিতে সিদ্ধান্ত হয় ‘ফিজিবিলিটি স্টাডি’ করার। এ জন্য ৫ সদস্যের কমিটিও গঠন করা হয়। গত এক বছরে কমিটি তাদের কাজ শেষ করেনি।
জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী সুকুমার সাহা বলেন, ফিজিবিলিটি স্টাডির জন্য গঠিত কমিটি আগামী জুলাই মাসে স্টেডিয়ামটি ঘুরে দেখবে। এরপর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

শেখ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ইনচার্জ মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, মাঝে মাঝে ক্রীড়া পরিষদের প্রকৌশলীরা আসেন, মাপামাপি করে চলে যান। এরপর সব কিছু থমকে যায়। ব্যবহার না করলে যে কোনো জিনিসই নষ্ট হবে। স্টেডিয়ামটি সচল থাকলে এত স্থাপনা নষ্ট হতো না।
খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান বলেন, স্টেডিয়ামটি আধুনিকায়নের জন্য আমরা মিছিল, মানববন্ধন করেছি। সেই স্টেডিয়ামের এমন করুণ পরিণতি আমাদের কষ্ট দেয়। সব জটিলতা দূর করে স্টেডিয়ামটি দ্রুত পুনঃসংস্কারের দাবি জানান তিনি।