ঢাকা অফিস।।
রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেন, কমিটি গঠন সংক্রান্ত কোনো কারণে বিএনপি কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ভিড় ছিল। তবে কোনো সংঘর্ষ বা গোলমালের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে কে বা কারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। কেউ কেউ বলছেন, চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে বিস্ফোরণে অন্তত দুই পথচারী আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।











































