Home আঞ্চলিক কাঁচামরিচে কৃষকের মুখে হাসি

কাঁচামরিচে কৃষকের মুখে হাসি

22


মেহেরপুর প্রতিনিধি।।
মৌসুমের শুরুর দিকে তীব্র তাপদাহ ও বৈরী আবহাওয়ার কারণে মরিচের তেমন ফলন হচ্ছিল না। সেচ দিলেও ভ্যাপসা গরমে ফুল ও জালি পড়ে যাচ্ছিল। কিছু জমির মরিচ শুকিয়ে পচে যাওয়ায় কাঙ্ক্ষিত ফলন হয়নি। তবে গত মাসের মাঝামাঝি সময় থেকে কয়েক দফা বৃষ্টিতে পরিস্থিতি পাল্টেছে। ফুল ও মরিচে ভরে গেছে গাছ। চাষিরা এসব মরিচ বাজারে বিক্রি করে পাচ্ছেন বাড়তি অর্থ। দেশের অনেক অংশে মরিচ আবাদে দুর্দিন চললেও মেহেরপুর জেলায় লাভবান হচ্ছেন কৃষক।
ব্যবসায়ীরা এখন জমি থেকেই মরিচ কিনে নিয়ে যাচ্ছেন বলে জানান মুজিবনগরের বাগোয়ন গ্রামের কৃষক শিপন রহমান। সদর উপজেলার বুড়িপোতা গ্রামের শহিদুল ইসলাম এবার এক বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন। তাঁর খরচ হয়েছে ১৫ থেকে ১৬ হাজার টাকা। বর্তমান বাজারে প্রতি কেজি মরিচ পাইকারি ১৭০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ দাম অব্যাহত থাকলে লাখ টাকার বেশি বিক্রির আশা তাঁর।

মরিচের দামের ঝাঁজে কৃষকের মুখে হাসি ফুটলেও দিশেহারা ক্রেতা। মেহেরপুর পৌর এলাকার শিক্ষক সাব্বির হোসেন সোহাগ বলছিলেন, গত মাসেও ১২০ থেকে পৌনে ২০০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনেছেন। তবে জুন মাসের শুরু থেকে দাম বেড়েই চলেছে। বিক্রেতারা বলছেন, দেশের অন্য অঞ্চলে বন্যায় মরিচক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে বাজারে দাম বাড়ছে। ১০ দিন আগে খুচরা ১৫০-১৭০ টাকা কেজি বিক্রি হলেও ঈদুল আজহার পর থেকে বিক্রি হচ্ছে ২৫০-২৬০ টাকা। বন্যা পরিস্থিতির অবনতি বা অতিবৃষ্টি হলে গাছ আরও নষ্ট হবে। তখন ৩০০-৪০০ টাকা কেজি দাম উঠতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, ভৌগোলিকভাবে মেহেরপুর উঁচু ভূমির হওয়ায় সব ধরনের চাষাবাদ হয়। প্রাকৃতিক দুর্যোগও কম। এতে অন্যান্য ফসল ও সবজির সঙ্গে ব্যাপক হারে মরিচও চাষ হচ্ছে। কৃষকের কাছে এটি লাভজনক ফসল। গত বছর লাভবান হওয়ায় এবারও মরিচের আবাদ হয়েছে বেশি। যদিও চারা রোপণের সময় বিরূপ আবহাওয়ায় তেমন সুবিধা করতে পারেননি চাষিরা। তবে এখন প্রচুর ফুল ও জালি ধরেছে গাছে। হঠাৎ কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় চাষিদের ঘরে আসছে বাড়তি টাকা।
কৃষি বিভাগ থেকে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ৮৯০ হেক্টর জমিতে মরিচ আবাদ হয়েছে। আধুনিক পদ্ধতিতে ৭৫ দিনে মরিচ বাজারজাত করতে পারছেন চাষিরা। তাদের ভাষ্য, প্রতি বিঘা জমিতে সার-বীজ, কীটনাশকসহ খরচ হয়েছে ১৫ থেকে ১৬ হাজার টাকা। উৎপাদিত মরিচ বিক্রি করে ১ থেকে দেড় লাখ টাকা ঘরে আসবে বলে তারা আশা করছেন। খরচ বাদে বিঘাপ্রতি অন্তত লাখ টাকা লাভ হবে। এ মরিচ স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে।

সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের চাষি মতিয়ার রহমান পাঁচ বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। তীব্র গরমের সময় গাছ কেটে ফেলার কথা ভেবেছিলেন তিনি। কারণ ফুল ও মরিচ ধরছিল না। তবে কয়েক দিনের বৃষ্টিতে গাছ দেখতে সুন্দর হয়েছে জানিয়ে তিনি বলেন, ভালো মরিচ ধরছে। এ পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ টাকার মরিচ বিক্রি করেছেন। অরও ২ থেকে আড়াই লাখ টাকার বিক্রি হবে বলে আশা তাঁর।
পুরুষের সঙ্গে মরিচ উঠানোর শ্রমিক হিসেবে কাজ করেন মায়মুনা খাতুন। প্রতি কেজি ওঠানোর জন্য ২০ টাকা মজুরি পান। এতে দিনে ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয় জানিয়ে তিনি বলেন, এ সময়টায় মরিচের জমিতে কাজ করতে পারায় বাড়তি কিছু টাকা আয় হচ্ছে। পাশাপাশি সংসারের কাজও করেন তারা।
অন্য যে কোনো সময়ের চেয়ে এ বছর কাঁচামরিচের দাম বেশি বলে জানান আড়তদার মিজানুর রহমান। তাঁর ভাষ্য, চাষিরা আড়তে মরিচ আনার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকার ব্যাপারীরা এসে বসে থাকেন। প্রতিদিন মেহেরপুর থেকে চার-পাঁচ ট্রাক মরিচ দেশের বিভিন্ন বাজারে চলে যাচ্ছে।
এ বিষয়ে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, জেলায় তীব্র তাপদাহের কারণে মরিচের ফলন কম হচ্ছিল। তবে গত মাসের মাঝামাঝি থেকে গরমের তীব্রতা কমেছে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এতে ক্ষেত খুব ভালো দেখা যাচ্ছে। ফলনও হচ্ছে ভালো। চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।