Home আন্তর্জাতিক ইউক্রেনকে রুশ সম্পদ থেকে ঋণ, চুরি বললেন পুতিন

ইউক্রেনকে রুশ সম্পদ থেকে ঋণ, চুরি বললেন পুতিন

23


অনলাইন ডেস্ক।।

বাজেয়াপ্ত রুশ সম্পদের সুদ থেকে প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে সহায়তায় ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার ঋণ দেওয়াকে চুরি বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে এমন সিদ্ধান্ত নেওয়ায় জি৭-এর পশ্চিমা দেশগুলো বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। খবর আলজাজিরা ও এপির

গত বৃহস্পতিবার ইতালিতে সম্মেলনের প্রথম দিনে এই ঋণচুক্তি অনুমোদন দেওয়া হয়। এর পর শুক্রবার এর নিন্দা করে প্রতিক্রিয়া জানান পুতিন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রুশ নেতা বলেন, পশ্চিমা দেশের নেতারা সম্পদ জব্দ করার জন্য ‘কিছু আইনি ভিত্তি’ নিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু সব ধরনের চালাকি করলেও চুরি এখনও চুরিই। এর জন্য তাদের শাস্তি পেতে হবে।’

অবশ্য, চুক্তিতে পৌঁছার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই চুক্তির মাধ্যমে পুতিনকে মনে করিয়ে দেওয়া, আমরা পিছিয়ে যাচ্ছি না।’ চলতি বছরের শেষ নাগাদ অর্থ ইউক্রেনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জি৭ সম্মেলনের ফাঁকে আগামী ১০ বছরের জন্য একটি নিরাপত্তা চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন।

এদিকে, ইউক্রেনে যুদ্ধবিরতির সংলাপ শুরুর জন্য নতুন করে দুটি শর্ত দিয়েছেন পুতিন। যে চার প্রদেশ রাশিয়া নিজেদের সঙ্গে যুক্ত করেছে, সেখান থেকে সেনা সরিয়ে নিতে হবে ইউক্রেনকে। আর যুক্তরাষ্ট্র ও মিত্রদের জোট ন্যাটোর সদস্যপদের জন্য আর তদবির করবে না কিয়েভ– এই ঘোষণা দিতে হবে।

সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার অবৈধ অভিবাসন বন্ধের বিষয়ে জোরালো আলোচনা করেছেন নেতারা। কারণ, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের প্রধান রুট ইতালি। আর সেখানেই হচ্ছে এবারের সম্মেলন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রও মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীর স্রোত ঠেকাতে হিমশিম খাচ্ছে। এর ফলে আফ্রিকায় কর্মসংস্থান বৃদ্ধিতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন নেতারা।

এদিন সম্মেলনে যোগ দিয়েছেন পোপ ফ্রান্সিস। এ ছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।