Home জাতীয় বিস্মিত হাইকোর্ট: আইজিপি কীভাবে এত সম্পদের মালিক হন

বিস্মিত হাইকোর্ট: আইজিপি কীভাবে এত সম্পদের মালিক হন

23


ঢাকা অফিস।।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিপুল সম্পদ অর্জনের খবরে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। এক রিটের শুনানির সময় বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ বিস্ময় প্রকাশ করেন। আদালত বলেন, এক সরকারি কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি নিয়ে দেশে-বিদেশে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। একজন পুলিশ মহাপরিদর্শক কীভাবে এত সম্পদের মালিক হলেন!

যশোরে আটটি সেতু নির্মাণে যথাযথ জায়গা না রাখার বিষয়ে এক রিটের শুনানিকালে আদালত এ মন্তব্য করেন। এদিন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীসহ তিন প্রকৌশলী তাদের অবস্থান ব্যাখ্যা করতে আদালতে হাজির হন। আদালত তাদের বলেন, দেশের স্বার্থে কাজ করতে হবে এবং তারা অনিয়ম-দুর্নীতি করলে আদালত তা খতিয়ে দেখবেন।

রিট আবেদনকারীর আইনজীবী এম শামসুল হক জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ছয় মাসের মধ্যে নিয়ম অনুসারে সেতুগুলোর যথাযথ স্থান বজায় রেখে নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন হাইকোর্ট।

যশোরে কম উচ্চতার সেতুর বিষয়ে গত বছরের ১১ জুন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ হাইকোর্টে রিটটি করেন।