স্টাফ রিপোর্টার।।
বাগেরহাটের ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান খান জাহিদ হাসান ও তার মোটরসাইকেল চালক মুন্নাকে হত্যা মামলায় আসামি মো. আলমগীর হোসেন ওরফে বাঘাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ আসামিকে খালাস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক তাসনিম জোহরা এ রায় ঘোষণা করেন।
আদালতের এপিপি হিমাংশু চক্রবর্তী জানান, ২০১৩ সালের ১৮মে খুলনা থেকে মোটরসাইকেলে ফকিরহাটে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান জাহিদ। পথিমধ্যে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে জাহিদ ও তার মোটরসাইকেল চালক মুন্না নিহত হন।
এ ঘটনায় রূপসা থানায় হত্যা মামলা করেন নিহত জাহিদের স্ত্রী শিরিনা আক্তার। তদন্ত শেষে ফকিরহাট উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শেখ হারুন অর রশিদ ও তার শ্যালক রনিসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
খালাস পাওয়া আসামিরা হলেন- ফকিরহাট উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শেখ হারুন অর রশীদ, বাশার, জিল্লুর, আজাদ, মেহেদী হাসান রনি, মো. আলী হোসেন ওরফে বাবলু, গোলাম হোসেন ওরফে ডালিম, সাবাজ মোল্লা, শেখ জিন্নাত আলী, শেখ মোহাম্মদ আলী ও আব্দুর রহমান।











































