অনলাইন ডেস্ক।।
পবিত্র ঈদুল আযহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আগামী ১৬ জুন ঈদুল আযহা পালিত হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সংবাদমাধ্যম খালিজ টাইমস -এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানায়, বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী শুক্রবার পবিত্র জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে ১৬ জুন ঈদুল আযহা পালিত হবে।
এদিকে, পবিত্র ঈদুল আযহার তারিখ ঘোষণা করেছে ওমানও। দেশটিতে আগামী ১৭ জুন ঈদুল আযহা পালিত হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় এমইআরএ।
বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা কবে, জানা যাবে শুক্রবার। ঈদুল আযহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে এদিন।











































