স্পোর্টস ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো স্কোয়াডেই ছিলেন না। এছাড়া আক্রমণের হোয়াও ফেলিক্স ও গনসালো রামোসদের বেঞ্চে রেখে একাদশ কোচ সাজান মার্তিনেস। তবে এত তারকা না থাকলেও দারুণ জয় পেতে কোনো সমস্যা হয়নি পর্তুগালের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের আগে প্রস্তুতিপর্বের শুরুটা বেশ ভালো করল দলটি।
ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে ফিনল্যান্ডকে ৪-২ ব্যবধানে উড়িয়ে দেয় পর্তুগাল। লিসবনে মঙ্গলবার রাতের প্রীতি ম্যাচে দলটির হয়ে অন্য দুই গোলদাতা রুবেন দিয়াস ও দিয়োগো জটা।
এদিন ১৭তম মিনিটে হেডে পর্তুগালকে এগিয়ে নেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস। আর বিরতির ঠিক আগে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান লিভারপুল ফরোয়ার্ড জটা।
বিরতির পর শুরুতেই রামোস, ফের্নান্দেস, ডিফেন্ডার দিয়োগো দালোতদের মাঠে নামান কোচ। মাঠে নামার ১০ মিনিটের মধ্যে চমৎকার এক গোলে দলকে জয়ের পথে এগিয়ে নেন ফের্নান্দেস। ফ্রান্সিসকো কনসেইকাওয়ের কাটব্যাক পেয়ে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
তবে পর্তুগিজদের একচেটিয়া আধিপত্যের মাঝে কিছুক্ষণের জন্য হলেও হঠাৎই নাটকীয়তা জাগে। পাঁচ মিনিটের ব্যবধানে গোলের জন্য দুটি শট নিয়ে দুটিতেই সফল হয় ফিনল্যান্ড। ৭২ ও ৭৭তম মিনিটে গোল দুটি করেন ফরোয়ার্ড তেমু পুক্কি।
কিন্তু দলকে বেশিক্ষণ অবশ্য দুর্ভাবনায় রাখেননি ফের্নান্দেস। ৮৪তম মিনিটে তার দ্বিতীয় গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় পর্তুগালের।
পর্তুগাল ইউরোর মূল পর্বে নামার আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামী শনিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াইয়ের চার দিন পর রিপাবলিক অব আয়ারল্যান্ডের মুখোমুখি হবে রোনালদো-ফের্নান্দেসরা।











































