স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের তালিকায় দীর্ঘদিন শীর্ষে ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর কিছুদিন সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন শ্রীলংকার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে গত মাসের শেষদিকে সাকিবকে হটিয়ে এককভাবে শীর্ষে উঠেছিলেন হারারাঙ্গা।
সিংহাসন হারানোর এক সপ্তাহ পর সেটি পুনরূদ্ধার হলো সাকিবের। যদিও এই সময়ে কোনো ম্যাচ খেলেননি বাংলাদেশ তারকা। মূলত, হাসারাঙ্গার বাজে পারফরম্যান্সের কারণেই আবারও শীর্ষস্থানে পৌঁছে গেছেন সাকিব। আজ আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা গেছে এমন চিত্র।
গত মাসের মাঝামাঝি সময় পর্যন্তও সাকিব আর হাসারাঙ্গা সমান ২২৮ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। তবে মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে দুইয়ে নেমে যান সাকিব। তার রেটিং পয়েন্ট নেমে দাঁড়ায় ২২৩-এ। শীর্ষে ওঠেন হাসারাঙ্গা।
গত সোমবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে হাসারাঙ্গার শ্রীলংকা। ম্যাচে বল হাতে ৩.২ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিলেও ব্যাট হাতে ২ বলে শূন্য রানে আউট হন হাসারাঙ্গা। এমন পারফরম্যান্সের কারণে রেটিং পয়েন্ট ৬ কমে যায় তার। ২২২ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবের চেয়ে ১ রেটিং পয়েন্ট পিছিয়ে তিনি।
আইসিসি র্যাঙ্কিংয়ে বোলার ও ব্যাটারদের মধ্যেও কোনো পরিবর্তন নেই। ব্যাটারদের মধ্যে সেরা তিনে ভারতের সূর্যকুমার যাদব, ইংল্যান্ডের ফিল সল্ট ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। আর বোলারদের মধ্যে শীর্ষ তিনে ইংল্যান্ডের আদিল রশিদ, শ্রীলঙ্কার হাসারাঙ্গা ও ভারতের অক্ষর প্যাটেল।











































