Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

61
বর্ষা আসার আগেই কদম ফুল ফুটতে শুরু করেছে। দোকান থেকে সেই ফুল কিনছেন দুই তরুণী।

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিট বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদেরর সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, সহকারি প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাল, সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা। সভায় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন এনজিও’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০ জন প্রকল্প অংশীদারদের মাঝে ১০০ কদবেল ও আম রূপালী চারা বিতরণ করা হয়।

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩
নিজস্ব প্রতিনিধি
আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে ওয়ারেন্ট ভূক্ত ২ আসামীসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকুতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে এসআই পিয়াস কুমার সাহা, এএসআই মোঃ কবির হোসেন, এএসআই মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় অভিযান চালিয়ে আশাশুনি থানা মামলা নং- ০৩(০৬)২০২৪ এর আসামী বালিয়াখালী গ্রামের মৃত হোসেন আলী গাজীর ছেলে সিরাজুল ইসলাম গাজীকে, সিআর পরোয়ানা-২১/২৪ এর আসামী গুনাকরকাটি গ্রামের আঃ খালেক সরদারের ছেলে গোলাম রব্বানীকে এবং সিআর পরোয়ানা-২৮৫/২৩ এর আসামী গোয়ালকাটি গ্রামের মৃত তমেজ উদ্দীন গাজীর ছেলে মফিজুল ইসলামকে থানা এলাকা হতে গ্রেফতার করেন।

খাজরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের গ্রুপ পর্যায়ের খেলা সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ২২টি প্রাথমিক বিদ্যালয়ের অংশ গ্রহণে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্ট-২০২৪ এর গ্রুপ পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে।
তিনটি ভেন্যুর মধ্যে ইউনাইটড মাধ্যমিক বিদ্যালয় খাজরা ভেন্যুতে বালক পর্যায়ে ৫৬ নং খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা পর্যায়ে ৯০ নং ফটিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ফাইনাল খলায় অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়। এই ভেন্যুর ৭টি ও অন্য ভেন্যুতে খেলে আসা ২টি দলের খলা অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ জুন) গ্রুপ পর্যয়ের শেষ খেলায় বালক পর্যায়ে পশ্চিম ফটিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও ৫৬ নং খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা মুখোমুখি হয়। নির্ধারিত সময় কোন দল গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করতে সক্ষম হয়। অপরদিকে বালিকা পর্যায়ে ৫৮নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯০ নং ফটিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। এ খেলায় ফটিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল জয়লাভ করে।

মোটরসাইকেল মার্কা নির্বাচিত হলে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হয়ে অগ্রগামী হবে ডুমুরিয়া: তারা বিশ্বাস
খবর বিজ্ঞপ্তি
ডুমুরিয়া রংপুর ইউনিয়নে পথসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আজগর বিশ্বাস তারা বলেছেন, ‘সকল সম্প্রদায়ের মিলিত শক্তি দেশ গড়ার হাতিয়ার। শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা স্বার্থে ঐক্যবদ্ধভাবে মোটরসাইকেল প্রতীকে ভোট দিন। আমি নির্বাচিত হলে ডুমুরিয়াবাসীর বিজয় হবে; আর ষড়যন্ত্রকারীদের ছত্রছায়ায় চিহিৃত অপরাধীরা জিতলে ডুমুরিয়াবাসীর নৈতিক পরাজয় ঘটবে। সকল অন্যায়ের প্রতিবাদ হোক, মোটরসাইকেল মার্কায় সীল দিয়ে। আমি নির্বাচিত হলে শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হয়ে অগ্রগামী হবে ডুমুরিয়া।
বুধবার (০৫ জুন) ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়নে পথসভা এবং বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগর বিশ্বাস তারা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি ডুমুরিয়ার মাটিতে কাজ করতে এসেছি, ডুমুরিয়াবাসীর ভাগ্য নিয়ে রাজনীতি করতে আসি নাই। ইতোমধ্যে ডুমুরিয়াবাসীর অভূতপূর্ব সাড়া আমাকে মুগ্ধ করেছে। মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় উপজেলাবাসী চাইলে আগামী ৯ জুন উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের নিরব বিপ্লব হবে। বিপুল ভোটে জনগনের প্রতীক মোটরসাইকেল বিজয় লাভ করবে।
মোটরসাইকেল প্রতীকে গণসংযোগকালে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।।

ডুমুরিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বজ্রপাতে দিদারুল শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার খর্ণিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া এলাকার মৃত সাত্তার শেখের ছেলে দিদারুল শেখ ঘটনার দিন বিকেলে বাড়ির পাশে একটি আম গাছে আম পাড়তে উঠে। এ সময় হঠাৎ বজ্রপাতে আচমকা গাছ থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে ¯’ানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার এ আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডুমুরিয়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ১১৫টি পরিবারের মাঝে বস্ত্র বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ইকো (ঊঈঐঙ) বাংলাদেশ সং¯’ার পক্ষ থেকে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্র¯’ চার গ্রামে ১১৫ টি পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আটলিয়া ইউনিয়নের গোলাপদহ, মুড়াবুনিয়া, বরাতিয়া ও মনোহরপুর গ্রামে এ শাড়ি বিতরণ করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। এ সময় উপ¯ি’ত ছিলেন নাজমুল ইসলাম মালী, ফজর আলী, জাকির হোসেন প্রমুখ।

বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির ছাত্রী
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী এলাকায় বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সিয়াম হোসেন ও তার সহযোগী রুবেল শেখকে গ্রেফতার করেছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়ে যথারীতি আবার বাড়ি ফিরে আসে। পরে পরিবারের অনুমতি নিয়ে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হয় ওই স্কুলছাত্রী। উপজেলার নলদী এলাকায় বখাটেরা তাদের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর ভুক্তভোগী মেয়েটিকে চড়-থাপ্পড় দিতে শুরু করলে সঙ্গে থাকা অন্য বান্ধবীরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। বান্ধবীদের সঙ্গে ভুক্তভোগী মেয়েটিও দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু সে তখন মাটিতে পড়ে গেলে তাকে ওই বখাটেরা নির্জন এলাকায় ধরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। স্কুলছাত্রী বাড়িতে এসে পরিবারকে এ কথা জানায়।

পরিবারের লোকজন লোহাগড়া থানায় অভিযোগ করেন। পরে অভিযোগ পেয়ে পুলিশ নলদী এলাকায় অভিযান চালিয়ে সিয়াম হোসেন ও তার সহযোগী রুবেল শেখকে গ্রেফতার করে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী তাদের শনাক্ত করেছে। পরে তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তার সহযোগীকে গ্রেফতার করেছে।

সুপেয় পানির তীব্র সংকটে সুন্দরবনের প্রাণীরা
স্টাফ রিপোর্টার
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে নোনাপানিতে প্লাবিত হয়েছে সুন্দরবনের মধ্যে থাকা অন্তত ৮০টি পুকুর। ফলে সুপেয় পানির তীব্র সংকটে পড়েছে বন্যপ্রাণী। এ অবস্থায় ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলায় সুন্দরবনে আরও মাটির কিল্লা তৈরি ও পুকুরের পাড় উঁচু করাসহ নতুন কার্যক্রম গ্রহণের কথা ভাবছে বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, ঝড়-জলোচ্ছ্বাসের সময় যাতে প্রাণীরা উঁচু স্থানে আশ্রয় নিতে পারে, সে জন্য সুন্দরবনের ভেতর ১২টি মাটির কিল্লা তৈরির উদ্যোগ নেওয়া হয়। ঝড়ের আগেই ১০টির কাজ সম্পন্ন হয়েছিল। মান্দারবাড়িয়া ও হলদেবুনিয়া এলাকার দুটি মাটির কিল্লা তৈরির কাজ চলতি মাসে শেষ হবে। এবারের জলোচ্ছ্বাসের সময় অনেক বন্যপ্রাণী নীলকমলসহ অন্যান্য এলাকার মাটির কিল্লাগুলোতে আশ্রয় নিয়েছিল।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, এবারই প্রথম সুন্দরবন একটানা প্রায় ৪০ ঘণ্টা নোনাপানিতে প্লাবিত ছিল, যা আমরা আগে ধারণাও করতে পারিনি। সুন্দরবনে এবারের দুর্যোগ আমাদের ভাবিয়ে তুলেছে। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলায় কী করা যায়, তা নিয়ে আমরা ভাবছি। সেচ পাম্প দিয়ে এখন প্লাবিত পুকুর থেকে নোনাপানি বের করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে যদি ভারি বৃষ্টি হয়, তাহলে রক্ষা। না হলে বন্যপ্রাণীর সুপেয় পানি সংকট বাড়বে। পাশাপাশি বনকর্মীরাও চরম বিপাকে পড়বেন। বনকর্মীদের জন্য খুলনা থেকে জলযানে করে পানি সরবরাহ করা হচ্ছে।
পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম জানান, বৃষ্টি হলে পুকুরগুলো ভরে যাবে, তখন বন্যপ্রাণীর পানি সংকট থাকবে না। কিন্তু এতে কতদিন সময় লাগবে, তা অনিশ্চিত।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, বনের পুকুরগুলো প্লাবিত হওয়ায় বাঘ, হরিণ, বানর, বন্য শূকরসহ প্রাণীরা বাধ্য হয়ে নোনাপানি পান করছে। এর ফলে তাদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলায় সুন্দরবনের মধ্যে আরও মাটির কিল্লা তৈরির ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। পুকুরগুলোর পাড় উঁচু করাসহ আরও কোনো কিছু করা যায় কিনা, সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে।

যশোর জেনারেল হাসপাতাল: রোগীর শরীরে দেওয়া হলো ভিন্ন গ্রুপের রক্ত, জীবন নিয়ে শঙ্কা
যশোর অফিস
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সালেহা বেগম (৭৭) নামে এক বৃদ্ধার শরীরে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ায় ওই রোগী মৃত্যুমুখে পড়েছেন। ঘটনাটি গত ২০ মে ঘটলেও সোমবার সকালে নতুন করে রক্ত দিতে গেলে বিষয়টি জানাজানি হয়।

বর্তমানে ওই রোগী জেনারেল হাসপাতালের মহিলা পেয়িং ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের খড়িঞ্চা হেলাঞ্চি গ্রামের মৃত শামসুর রহমানের স্ত্রী।

রোগীর স্বজনেরা জানান, বাধর্ক্যজনিত রোগে ২০ মে যশোর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক গৌতম কুমার আচার্য্যের পরামর্শে সালেহা বেগমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রক্তশূন্যতার কারণে রক্ত দেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ থেকে সালেহার রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রক্তের গ্রুপ আসে ‘বি পজিটিভ’।

পরে সালেহার শরীরে ‘বি পজিটিভ’ রক্ত দেওয়া হয়। তিন ব্যাগ রক্ত দেওয়ার পরে দু’দিন পর সালেহাকে বাড়িতে নেওয়া হয়। এই অবস্থায় তাঁর শরীরে জ্বালাপোড়া, বমিসহ খিঁচুনি শুরু হয়। সোমবার আবারও তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে শরীরে রক্ত দিতে গেলে সেই ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের দায়িত্বরত কর্মকর্তারাই জানান তাঁর রক্তের গ্রুপ এ পজিটিভ।

রোগীর মেয়ে শিরিনা আক্তার বলেন, হাসপাতালের ব্লাড ব্যাংক থেকেই রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। তাদের কথামতো বি পজিটিভ রক্ত রোগীকে দেওয়া হয়। এখন তারা বলছে রক্তের গ্রুপ এ পজিটিভ। রোগীর অবস্থা খারাপ।

ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ইনচার্জ চঞ্চল হোসেন বলেন, নার্সরা রোগীর রক্তের নমুনা দেন স্বজনদের কাছে। তারা সেই নমুনা নিয়ে ব্লাড ব্যাংকে আসেন। এরপর পরীক্ষা করে ডোনারের রক্তের ম্যাচিং করে ডোনারের রক্ত নেওয়া হয়। সালেহার রক্তের গ্রুপ পরিবর্তনের বিষয়টি কীভাবে হলো বুঝতে পারছি না। একই নামের একাধিক নমুনা থাকলে এ রকম সমস্যা হতে পারে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন আর রশিদ বলেন, রোগীর স্বজনরা মৌখিকভাবে অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করা হবে। কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠিত
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ জুন ২০২৪ ইং) সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত কৃষি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরানজয় মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবীদ মহাদেব চন্দ্র সানা,বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য সংরক্ষণ) এস.এম মিজান মাহমুদ, স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন। আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেন,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,উপ- সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,কৃষি উদ্যোক্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কৃষাণ-কৃষাণীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে একটি র্যালী অনুষ্ঠিত হয়।উল্লেখ্য উক্ত মেলা ০৫ জুন থেকে ০৭ জুন ২০২৪ ইং পর্যন্ত ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। মেলায় ১২ টি স্টলে কন্দাল জাতীয় ফসলের প্রদর্শনী প্রদর্শন করা হয়।

মোটরসাইকেল ঠিক করে না দেয়ায় মেকানিককে গুলি করলো কনস্টেবল!
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল ঠিক করে না দেয়ায় এক মোটরসাইকেল মেকানিককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (৪ জুন) সকালে শিওরদাহ বাজারে এই গুলির ঘটনা ঘটে।
অভিযুক্ত পুলিশ সদস্যের নাম রিকন হোসেন। তিনি শিওরদাহ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। ঘটনার পরপরই তাকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর নাম রিপন হোসেন, সে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রিপন শিওরদাহ গ্রামের মতিয়ার হোসেনের ছেলে। শিওরদাহ বাজারে তার তরকারির দোকান আছে; পাশাপাশি সে মোটরসাইকেলের মেকানিক। ভুক্তভোগীর দাবি, গুলি করার আগে তাকে লাঠি দিয়ে বেদম পিটিয়েছে কনস্টেবল রিকন। পরে উত্তেজিত হয়ে রিকন রাইফেল থেকে গুলিও ছোড়ে রিপনের উপর। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তার শরীরে লাগেনি। কিন্তু লাঠির আঘাতে রিপনের কান ফেটে রক্তাক্ত হয়।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত ওই কনস্টেবলের মোটরসাইকেল ভাংচুর করে এবং ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরে নাভারণ সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান এবং ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে ওই পুলিশ সদস্যের মোটরসাইকেল নষ্ট হলে সে শিওরদাহ বাজারের মেকানিক রিপনের কাছে আনেন। এসময় রিপন মোটর সাইকেলটি ঠিক করতে অপারগতা প্রকাশ করে, ভাল মেকানিক দেখাতে বলে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত কনস্টেবল। তিনি রিপনের উপর চরাও হয়ে লাঠি দিয়ে তাকে বেদম প্রহার করেন। এসময় স্থানীয়রা রিপনকে বাচাতে এগিয়ে আসলে কনস্টেবল রিকন রাইফেল উঁচিয়ে গুলি করতে যান। তবে পাশের এক দোকানী রাইফেলের নল ধরে ফেললে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে এ ঘটনায় গুলির বারুদের আগুনে পানিসারা গ্রামের আজিজ নামের এক ভ্যান চালক আহত হন। তার কাঁধের ডান দিকের একটি অংশ পুড়ে গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রী তাইজেল হোসেন বলেন- ‘রিপনকে মারতে মারতে ওই পুলিশ বলে দোকান থেকে বের না হলে গুলি করে দেব। আর আশেপাশের লোকজনকে হুমকি দিতে থাকে এগোলেই গুলি করবে। পরে সে গুলি করে।’

ভুক্তভোগী রিপনের পিতা মতিয়ার হোসেন বলেন- ‘আমার ছেলেকে বিনা অপরাধে পুলিশ মেরেছে। সে মেকানিক না, তরকারি বিক্রি করে। তবে টুকটাক মোটরসাইকেলের কাজ জানে। ওর অপরাধ শুধু বলেছে এই কাজ আমি করতে পারবোনা। এতেই কনস্টেবল রিকন লাঠি দিয়ে আমার ছেলেকে মেরেছে, দোকান ভাঙচুর করেছে। পাশের এক দোকানদার বন্দুক ধরে ফেলায় ওর গায়ে গুলি লাগেনি।’

ভুক্তভোগী রিপন হোসেন বলেন- ‘ওই পুলিশের মোটরসাইকেলের সিডিআই নষ্ট হয়ে গেছে। আমি বলেছিলাম যশোর থেকে এনে লাগালে ঠিক হয়ে যাবে। সে কথা না শুনেই আমাকে মারতে থাকে, পরে গুলি করে।’

ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন- ‘আমাদের একজন পুলিশ সদস্য যশোরে ডিউটিতে যাচ্ছিলেন। পথে তার মোটরসাইকেল নষ্ট হলে সে শিওরদাহ বাজারে গ্যারেজে যায়। সেখানে লোকজনের সাথে তার কথা কাটাকাটি, ধাক্কাধাক্কির পর হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে ওর কাছে থাকা একটি রাইফেল থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায় যেটাকে আমরা মিসফায়ার বলি। পরে এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এসময় সিনিয়র অফিসারসহ আমরা সেখানে যাই, ক্যাম্প থেকে ওকে আমরা পুলিশ লাইনে নিয়ে আসি। ওর কাছ থেকে অস্ত্র ও গুলি সিজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপকূলের অর্ধেক জমি লবণাক্ত: কমছে কৃষি উৎপাদন, বাড়ছে রোগ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উপকূলীয় এলাকার ৫৩ শতাংশ জমি লবণাক্ত হয়ে পড়েছে। এতে সেখানকার মানুষের স্বাভাবিক জীবনযাপন, কৃষি ব্যবস্থাপনা, মিঠা পানির মাছ ও বন্যপ্রাণীর ওপর প্রভাব পড়ছে। লবণাক্ততা বৃদ্ধির জন্য প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ড এ দুই বিষয়কেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তবে, জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।
লবণাক্ততা বাড়ায় দক্ষিণাঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় কৃষির ক্ষতির পাশাপাশি সেখানকার বাসিন্দারা উচ্চ রক্তচাপ, কিডনির জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউেটটের খুলনা বিভাগীয় কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জি এম মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদককে বলেছেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার মধ্যে বর্তমানে খুলনার কয়রার শিপসা এবং সাতক্ষীরার আশাশুনির মরিচ্চাপ নদীতে লবণাক্তার পরিমাণ বেশি। এ তিনটি জেলার বিভিন্ন নদ-নদীতে লবণাক্তার পরিমাণ ভিন্ন ভিন্ন। নদীর পানি লবণাক্ত হওয়ায় সংশ্লিষ্ট এলাকার কৃষিজমিতে বিরূপ প্রভাব পড়ছে।

‘উপকূলীয় লবণাক্ত এলাকার সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি পায় দুটি প্রাকৃতিক কারণে—জোয়ারে বা জলোচ্ছ্বাসে লবণযুক্ত পানি জমিতে প্লাবিত হয়ে এবং ভূগর্ভস্থ লবণাক্ত পানি কৈশিক রন্ধ্র দিয়ে মাটির উপরে চলে এসে। সাধারণত, শুকনো মৌসুমে (মার্চ-মে) লবণাক্ত জোয়ারের পানিতে বহু জমি তলিয়ে যায়। এ পানি সেচকাজে ব্যবহার করা হলে মাটি বা জমি লবণাক্ত হয়। অন্যদিকে, বর্ষা শেষ হলে জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকে মাটি শুকাতে শুরু করে। মাটিতে অনেক ফাটল সৃষ্টি হয়। তখন মাটির ওপরে রোদ পড়লে উপরিস্তর থেকে পানি বাষ্পীভূত হয়ে উড়ে চলে যায় এবং ভূগর্ভস্থ লবণাক্ত পানি ওই ফাটল দিয়ে ভূমির উপরিস্তরে চলে আসে। জমির উপরিস্তর লবণাক্ত হয়। মনুষ্যসৃষ্ট কারণেও লবণাক্ততা বৃদ্ধি পায়। উপকূলীয় অনেক এলাকায় মৎস্যচাষিরা লবণাক্ত পানির ঘের তৈরি করে চিংড়ি চাষ করেন। এতে ঘেরের মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পায়।

দেশের উপকূলীয় অঞ্চলের ১৯ জেলার ১৪৮টি উপজেলার মধ্যে মাত্রাতিরিক্ত লবণাক্ততার ঝুঁকিতে রয়েছে ১০ উপজেলার নদীর পানি। সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি ও কালীগঞ্জ উপজেলা; খুলনার বটিয়াঘাটা, দাকোপ, ডুমুরিয়া, কয়রা ও পাইকগাছা উপজেলা; বাগেরহাটের মংলা এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এখন ১০ পিপিটি (প্রতি লিটার পানিতে দ্রবীভূত লবণ) মাত্রার লবণাক্ততা রয়েছে। অথচ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, লবণের সহনীয় মাত্রা দশমিক শূন্য ৫ টিটিপি। আগামীতে তা ১৫-২৫ পিপিটি মাত্রায় উন্নীত হওয়ার ঝুঁকি রয়েছে।

উপকূলীয় অঞ্চলের প্রায় ৩২ শতাংশ ভূমিতে বসবাস করছে, প্রায় ৪ কোটি মানুষ, যা মোট জনসংখ্যার ২৭ শতাংশ। এ অঞ্চলের মাত্র ৩০ শতাংশ জমি এখন চাষযোগ্য। ১৭ শতাংশ ব্যবহার হচ্ছে মাছ চাষসহ অন্যান্য কাজে। ৫৩ শতাংশ জমি পতিত রয়েছে শুধু লবণাক্ততার কারণে। চাষযোগ্য ৩০ শতাংশ জমি আবার পরিপূর্ণভাবে উৎপাদনে কাজে লাগানো সম্ভব হচ্ছে না।

আন্তর্জাতিক সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশনের গবেষণায় দেখা গেছে, ১৯৯৫ থেকে ২০১৫ সালের মধ্যে দক্ষিণবঙ্গের জেলা, বিশেষ করে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার কৃষিজমি আশঙ্কাজনক হারে কমেছে। চিংড়ি চাষের জন্য নোনা পানি আনতে স্লুইসগেট ছিদ্র করে বাঁধ দুর্বল করে দেওয়া হচ্ছে। এ কারণে এসব এলাকায় সৃষ্টি হচ্ছে বন্যা ও স্থায়ী জলাবদ্ধতা।

উপকূলীয় জেলায় খাবার পানির মারাত্মক সঙ্কট চলছে। লবণাক্ততা বৃদ্ধির কারণে পুকুরের মতো মিঠা পানির উৎস শুকিয়ে যাচ্ছে এবং টিউবওয়েলেও পানি দিন দিন কমে আসছে। লবণাক্ত ও দূষিত পানি ব্যবহার করার ফলে রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দিচ্ছে।

চিকিৎসকরা বলছেন, মানুষের শরীরে নির্দিষ্ট পরিমাণ লবণের প্রয়োজন। সেটি আসে খাদ্য ও পানি থেকে। কিন্তু, উপকূলীয় এলাকার পানিতে লবণের পরিমাণ অনেক গুণ বেশি। এই পানি শরীরে প্রবেশ করলে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। গর্ভবতী নারীদের জন্য তা বেশি বিপজ্জনক। গর্ভাবস্থায় নারীরা বেশি লবণাক্ত পানি খেলে খিঁচুনি ও উচ্চ রক্তচাপ হয়। এ কারণে নারীদের গর্ভাবস্থায় সন্তান মারা যাওয়ার হারও বেশি, যা বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণায় বলা হয়েছে, লবণাক্ততার কারণে উপকূলের নারীরা শুধু অকালগর্ভপাতের শিকার হন না, ৩ শতাংশ শিশুও মারা যায়। বেশি লবণ খাওয়ার সঙ্গে উচ্চ রক্তচাপের সম্পর্ক রয়েছে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

‘উপকূলীয় লবণাক্ত এলাকার সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, জমিতে লবণাক্ততার কারণে বর্ষাকালে শুধু আমন ধানের উৎপাদন হয়। এছাড়া, সারা বছর পতিত থাকে। শুষ্ক মৌসুমে মিষ্টি পানির অভাবে বোরো ধান আবাদ করা সম্ভব হয় না।

এ গবেষণায় উল্লেখ করা হয়, লবণাক্ততার কারণে উদ্ভিদের বৃদ্ধি কমে যায়, ফুলের সংখ্যা হ্রাস পায়। অনেক ক্ষেত্রে পরাগায়নও হয় না। ফলে, ফসলের ফলন বিভিন্ন মাত্রায় কমে যায়। মাটি লবণাক্ত হওয়ার কারণে মৃত্তিকা দ্রবণের ঘনত্ব বৃদ্ধি পায়।

গবেষণায় লবণাক্ত এলাকার কৃষিতে বিপ্লব আনয়ন সম্ভব, উল্লেখ করে বলা হয়, লবণসহিষ্ণু ফসল ও জাতের উদ্ভাবন এবং আধুনিক চাষ প্রযুক্তি বৃদ্ধি করতে হবে। ভুট্টা লবণসহিষ্ণু ফসল। তাই, কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে স্থানীয় জাতের ধানের পরিবর্তে স্বল্প মেয়াদি আধুনিক জাতের বা হাইব্রিড জাতের ভুট্টা আবাদ করা যেতে পারে। লবণাক্ত এলাকায় লবণাক্ত-সহনশীল ফসল যেমন: সূর্যমুখী, রেড বিট, সয়াবিন ইত্যাদি চাষ করতে হবে। এছাড়া, ঘেরের পাড়ে প্রায় সারা বছর সবজি ও তরমুজ চাষ করা যেতে পারে।

ইজিবাইক চালকের কোমরে মিললো ২২ লাখ টাকার সোনা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে দুটি সোনার বারসহ একজনকে আটক করেছে বিজিবি। বার দুটির ওজন ২৩২ গ্রাম। দাম আনুমানিক ২২ লাখ টাকা।

বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করে ৬ বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সীমান্তের কুতুবপুর পাকা রাস্তার কাছে ওত পেতে ছিল মুন্সিপুর বিজিবি ক্যাম্পের টহলদল। এসময় এক ব্যক্তি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে দ্রুত সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে গাড়িটি থামিয়ে চালককে আটক করে বিজিবি। পরে তার শরীর তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় দুটি সোনার বার উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম কাওসার আলী (৪০)। তিনি দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা করেছে বিজিবি।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, আসামিকে থানায় সোপর্দ করে সোনার বার জেলার ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

সুপেয় পানির অভাবে উপকূল ছাড়ছে মানুষ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর তীরে বেড়িবাঁধের পাশে বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেকে নিয়ে বসবাস সুফিয়া বেগমের। ঘূর্ণিঝড় আইলার পর তিনটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ঘর। প্রতিবার নতুন করে ঘর তৈরি করতে হয়েছে।
সুফিয়া বেগমদের এলাকায় বর্তমানে সুপেয় পানি পাওয়া যায় না। খাবার পানি সংগ্রহ করতে হয় কয়েক কিলোমিটার দূর থেকে। গোসল, রান্নাসহ দৈনন্দিন কাজ সারতে হয় জমিয়ে রাখা বৃষ্টির পানি অথবা দূরের কোনো পুকুর থেকে সংগৃহীত পানি দিয়ে। শুধু পানির কারণে বিভিন্ন ধরনের চর্ম রোগে আক্রান্ত হয়েছেন সুফিয়া বেগম।
এই পরিবারটির মতোই নদী তীরবর্তী এলাকায় বসবাসরত পরিবারগুলো একই সমস্যায় ভুগছে। একদিকে সুপেয় পানির তীব্র সংকট, অন্যদিকে দুর্যোগ এলে বেড়িবাঁধ ভেঙে সর্বস্ব হারানোর শঙ্কা নিয়েই বসবাস তাদের। তবে যাদের আর্থিক অবস্থা একটু ভালো তারা ভিটেমাটি ছেড়ে পাড়ি জমাচ্ছে শহরে।

সুফিয়া বেগম বলেন, ঘূর্ণিঝড় আইলার সময় বাঁধ ভেঙে সবকিছু পানিতে তলিয়ে যায়। ঘূর্ণিঝড় আম্পানের পর বসতবাড়ি ভেঙে যায়। নতুন করে ঘর করতে উচ্চ সুদে ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। এক বছর পর সুদে আসলে ১৫ হাজার টাকা শোধ করতে হয়েছে। আবার ঝড় এলে সেটিও থাকবে কি না, সেই শঙ্কা নিয়েই বসবাস করতে হয়। তাছাড়া খাবার পানির কষ্ট পোহাতে হয় সারা বছরই।
সুফিয়া বেগম বলেন, ‘আমার নিজের কোনো জমি নেই। এজন্য বাধ্য হয়ে এখানে বসবাস করতে হয়। তবে যাদের এখানে জায়গা-জমি আছে, তারা সবাই লবণ পানি তুলে মাছ চাষ করে। যারা টাকা-পয়সার মালিক তারা কেউ এই এলাকায় থাকে না। তাদের সবার শহরে বাড়ি আছে।’

সুপেয় পানির অভাবে উপকূল ছাড়ছে মানুষবিশেষ চাহিদাসম্পন্ন ছেলের যত্নে ব্যস্ত মা সুফিয়া বেগম। মুন্সিগঞ্জ থেকে দক্ষিণে এই উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা। গাবুরার চারপাশ ঘিরে রেখেছে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদ। গাবুরার চকবারা গ্রামে যেতে হয় নীলডুমুর খেয়াঘাট থেকে খোলপেটুয়া নদী পার হয়ে। ঘূর্ণিঝড় আইলায় চকবারা গ্রামের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে লবণ পানি প্রবেশ করে। কয়েক মাস ধরে চলে জোয়ার-ভাটা। আইলার আগে গ্রামটিতে তিন শতাধিক পরিবারের বসতি থাকলেও বর্তমানে ১২০ পরিবার। অধিকাংশ পরিবারের মানুষ এ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে।

এই গ্রামের বাসিন্দা আলতানুর গাজী বলেন, ঘূর্ণিঝড় আইলার আগে তাদের গ্রামে প্রচুর ধান চাষ হলেও এখন পুরোটাই লবণ পানির চিংড়ি চাষ হয়। গ্রামটির কোথাও খাওয়ার মতো পানির উৎস নেই। দেড় কিলোমিটার দূরের একটি পুকুর থেকে খাবার পানি সংগ্রহ করেন স্থানীয়রা।

এছাড়া সরকারি-বেসরকারি সংস্থা থেকে পাওয়া প্লাস্টিকের ট্যাঙ্কে বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার করেন অনেকে। এই অল্প পরিমাণ পানি দিয়ে জীবন ধারণ খুবই কষ্টসাধ্য। এখানকার পানি অতিমাত্রায় লবণাক্ত হওয়ায় নানা ধরনের চর্ম রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। বিকল্প কর্মসংস্থান না থাকায় বাধ্য হয়ে অনেক মানুষ এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছে। যাদের উপায় নেই তারাই এখানে রয়েছে। এখানে যারা বসবাস করছে তাদের সবাই সুন্দরবন ও নদীতে মাছ শিকারের ওপর নির্ভরশীল। এছাড়া যাদের জায়গা-জমি আছে তারা সবাই লবণ পানির মাছ চাষ করছে।

সাতক্ষীরার আরেক উপকূলীয় উপজেলা আশাশুনির চিত্রও একই রকম। ঘূর্ণিঝড় আম্ফান ও ইয়াসের সময় নদীর বাঁধ ভেঙে প্রতাপনগর ইউনিয়নের অন্তত ১০টি গ্রামে ছয় মাস জোয়ার-ভাটা হয়েছে। বাঁধটি সংস্কার করা হলেও সেখানকার মানুষ এখনও নদীতে জোয়ারের পানি বাড়লে আতঙ্কে থাকে।

প্রয়োজন টেকসই বেড়িবাঁধ:

আশাশুনির একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য তৌসিকে কাইফু বলেন, ‘আশাশুনি উপজেলার কিছু বাঁধ নতুন করে নির্মাণ করা হলেও অধিকাংশ এলাকায় বেড়িবাঁধ ঝুঁকিতে আছে। আমাদের এলাকার মানুষের অভাব নেই তবে আতঙ্ক আছে। বর্তমানে সবচেয়ে বড় আতঙ্ক জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভাঙনের। কারণ বাঁধ ভাঙলে ঘের ও খাবার পানির উৎস নষ্ট হয়ে যায়। লোকালয়ে লবণ পানি প্রবেশ করলে মানুষ সর্বস্বান্ত হয়ে যায়। আমাদের দাবি একটাই, বাঁধ ভাঙলে ত্রাণ দরকার নেই। আমাদের দরকার টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ।’

শ্যামনগরের স্বেচ্ছাসেবী সংস্থা সিডিওর পরিচালক গাজী আল ইমরান বলেন, উজানের পানি না আসায় এই এলাকার নদীর পানিতে লবণাক্ততার মাত্রা বেশি। এজন্য এখানকার জমিতে ধান বা অন্য ফসল হয় না। মানুষের বিকল্প কর্মসংস্থান নেই। বেশির ভাগ মানুষের জীবিকার প্রধান উৎস নদীতে রেণুপোনা সংগ্রহ, মাছ ও কাঁকড়া ধরা।

গাজী আল ইমরান বলেন, উপকূলবাসীর এলাকা ছাড়ার প্রধান কারণ সুপেয় পানি ও বেড়িবাধেঁর পাশে বসবাসের অনিশ্চয়তা। টেকসই বাঁধ নির্মাণ হলে মানুষ এলাকা ছাড়ত না।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার পর সাতক্ষীরা উপকূলীয় এলাকার চিত্র বদলে গেছে। সেখানে চিংড়ি চাষ করতে অপরিকল্পিতভাবে বাঁধ কেটে লবণ পানি প্রবেশ করিয়ে ফসলের মাঠগুলো ধ্বংস করা হয়েছে। প্রায় প্রতি বছর ওই এলাকার উপকূল রক্ষা বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে লবণ পানি প্রবেশ করছে। ঘূর্ণিঝড় আইলা, ফণী, মহাসেন, আম্ফান, ইয়াসের আঘাতে উপকূলীয় এলাকার মানুষের জীবন-জীবিকা বিপর্যস্ত হয়েছে। এসব এলাকার অনেক পরিবার জমি ও সম্পদ হারিয়ে দরিদ্র হয়েছে। লবণাক্ততার কারণে উপকূলের মানুষের খাবার পানির জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়।

আবুল কালাম আজাদ বলেন, উপকূলীয় এলাকায় এখনই টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হলে নতুন নতুন এলাকায় লবণ পানি প্রবেশ করবে। এছাড়া সুপেয় পানির ব্যবস্থাসহ বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে মানুষ ওই এলাকা ছেড়ে শহরমুখী হবে।

উপকূলবাসীকে রক্ষায় উদ্যোগ:

যোগাযোগ করা হলে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, উপকূলবাসীকে রক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এক হাজার ২০ কোটি টাকা ব্যয়ে গাবুরা ইউনিয়নের চারপাশে ২৯ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। বাঁধের ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছরের জুন মাসের মধ্যে বাঁধের কাজ শেষ হবে। সেটি শেষ হলে গাবুরার চিত্র বদলে যাবে।’
জেলা প্রশাসক বলেন, পর্যায়ক্রমে অন্য এলাকার বাঁধগুলোর নির্মাণ কাজও শুরু হবে। এছাড়া উপকূলীয় এলাকায় চাষাবাদ ও খাবার পানি সংরক্ষণের জন্য খাল খনন, পুকুর খনন, আধুনিক পানির প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। বৃষ্টির পানি ধরে রাখতে প্লাস্টিকের ট্যাঙ্কি বিতরণসহ একাধিক প্রকল্প চলমান।

প্রাইভেটকার চুরি মামলায় রিমান্ডে এসআই
যশোর প্রতিনিধি
মাগুরায় একটি প্রাইভেটকার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদারীপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উৎপল কুমার দাসের (৩২) নামে মামলা হয়েছে।

তাকে মঙ্গলবার (৪ জুন) দুপুরে তাকে মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার বিবরণে জানা যায়, মামলার বাদী মাগুরার শালিখা থানার আড়পাড়া এলাকার আমির হোসেনের ছেলে রিয়াজ হোসেন। তার একটি প্রাইভেটকার গত বছরের ৭ অক্টোবর মাগুরা-যশোর সড়কের কেচুয়াডুবি সালেহা এলপিজি পাম্প এলাকায় রাখেন। পরদিন সকালে এসে তিনি সেখানে প্রাইভেটকারটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পাশাপাশি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরমধ্যে গত ১ জুন বাদী ঢাকায় অবস্থানকালে জানতে পারেন তার গাড়িটি যশোর সদরের লেবুতলার একটি গ্যারেজে আছে। তখন বাদী ঢাকা থেকে সেখানে তার লোকজনকে পাঠালে আসামি উৎপল কুমার দাস গাড়িটি নিয়ে মাগুরা উদ্দেশ্যে রওয়ানা দেন।

উৎপল কুমার দাস তাদের দেখতে পেয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে বাদীর লোকজন সন্ধ্যা ৬টার দিকে শালিখার সীমাখালী বাজারে এসে গাড়িটি আটক করতে সক্ষম হন। পাশাপাশি গাড়িসহ উৎপল কুমার দাসকে শালিখা থানায় হস্তান্তর করেন। পরে বাদী শালিখা থানায় এসে গাড়িটি শনাক্ত করেন। একইসঙ্গে উৎপল কুমার দাস ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে শালিখা থানায় মামলা করেন।

মামলায় বাদী উল্লেখ করেছেন, আসামি উৎপল কুমার দাস ময়মনসিংহের ভালুকা ভোরাডো হাইওয়ে থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত অবস্থায় গতবছরের ২৩ নভেম্বর স্থায়ীয় ‘সীড স্টোর’ নামের একটি দোকানের সামনে গাড়িটি পান। পরবর্তী সময়ে তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করছিলেন। আসামি বর্তমানে মাদারীপুর হাইওয়ে পুলিশে কর্মরত। বাদীর ধারণা, সংঘবদ্ধ চোরচক্র গত ৭ অক্টোবর সন্ধ্যা থেকে ৮ অক্টোবর সকালের মধ্যে কোনো একসময় গাড়িটি মাগুরা থেকে চুরি করে ময়মনসিংহের ওই স্থানে রেখে গিয়েছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা শালিখা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, আদালত আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সংঘবদ্ধ চোরচক্রের অন্যদের গ্রেফতার করা হবে।

খুলনার ৩ উপজেলায় ভোট দিতে আসেননি ৫২ শতাংশ ভোটার
স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটা, দাকোপ ও রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে গড়ে ৪৭ দশমিক ৭৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোট দিতে যায়নি ৫২ দশমিক ২৪ শতাংশ ভোটার।
রিটার্নিং কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ জানান, দাকোপ উপজেলায় ৫৩.৫৭ শতাংশ, বটিয়াঘাটা উপজেলায় ৪৭.৫৭ শতাংশ এবং রূপসা উপজেলায় ৪২.১৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। অর্থ্যাৎ ৩ উপজেলায় গড়ে ভোট প্রদানের হার ৪৭ দশমিক ৭৬ শতাংশ। এর আগে গত ২১ মে তেরখাদা, ফুলতলা ও দিঘলিয়া উপজেলায় গড়ে ৪৪.৫১ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন।

এদিকে কোনো সহিংসতা ছাড়াই বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩টি উপজেলার ১৮৪টি ভোট কেন্দ্রের ১ হাজার ২৩০টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন ১ হাজার ৫৩২ জন পুলিশ, ২ হাজার ৫৮৪ জন আনসার ও ৬ প্লাটুন বিজিবি। এছাড়া দায়িত্ব পালন করেন ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫ জন অতিরিক্ত জেলা প্রশাসক।
এদিকে এদিন দিনভর বেশিরভাগ কেন্দ্রেই ছিল না ভোটারদের দীর্ঘ লাইন। সকালের দিকে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়ে। ভোটারদের দীর্ঘ লাইন না থাকায় কেন্দ্রে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যরা কিছুটা অলস সময় কাটান। তবে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন।

বিভিন্ন এলাকা ঘুরে কেন্দ্র দখলের কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভোট বর্জনের ঘটনাও ঘটেনি ৩ উপজেলায়। ভোট কেন্দ্রগুলোতে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। ভোট কেন্দ্রগুলোর বাইরে ছিল বিভিন্ন প্রার্থীর কর্মীসমর্থকদের জটলা। তবে ভোটকেন্দ্রের ভেতরে ছিল সুশৃঙ্খল পরিবেশ।

লবণমুক্ত পানির সংকটে সুন্দরবনের বন্যপ্রাণী
ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলার পথ খুঁজছে বনবিভাগ

স্টাফ রিপোর্টার
প্রতিবছর ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের কারণে ক্রমেই বিপদ বেড়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের। গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বারবারই বন্যপ্রাণীর প্রাণহানি ঘটছে। সবশেষ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে লবণ পানিতে প্লাবিত হয়েছে বনে থাকা অন্তত ৮০টি পুকুর।

এর ফলে লবণমুক্ত পানির (মিষ্টি পানি) তীব্র সংকটে সুন্দরবনের বন্যপ্রাণী। এ অবস্থায় ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলায় সুন্দরবনে আরও মাটির কিল্লা তৈরি ও পুকুরের পাড় উঁচু করাসহ নতুন করে পরিকল্পনার কথা ভাবছে বনবিভাগ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালে ১৩৪টি হরিণ ও চারটি বন্য শুকরের মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়াও ২০টি হরিণ এবং একটি অজগর সাপ আহত অবস্থায় উদ্ধারের পর চিকিৎসা শেষে বনে ছেড়ে দেয়া হয়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড়ে ১১ কিলোমিটার গোলপাতা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। বনের মধ্যে নদী ও খালের তীরবর্তী অসংখ্য গাছপালা ভেঙে গেছে-উপড়ে পড়েছে। তবে ক্ষতিগ্রস্ত গাছপালার সংখ্যা এখনো নির্ণয় করতে পারেনি বনবিভাগ।

জলোচ্ছ্বাসে বনের মধ্যে থাকা প্রায় ৮০টি পুকুর লবণ পানিতে প্লাবিত হয়েছে। এই পুকুরগুলোর পানি বন্যপ্রাণীরা পান করতো। এখন বনে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ে বনবিভাগের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে আর্থিক ক্ষতির পরিমাণ ৬ কোটি ২৭ লাখ টাকা।

বন বিভাগ জানায়, ঝড়-জলোচ্ছ্বাসের সময় যাতে বন্যপ্রাণীরা উঁচু স্থানে আশ্রয় নিতে পারে সেজন্য ১২টি মাটির কিল্লা তৈরির উদ্যোগ নেয়া হয়। ঝড়ের আগেই ১০টির কাজ সম্পন্ন হয়। এছাড়া মান্দারবাড়িয়া ও হলদেবুনিয়া এলাকার দুটি মাটির কিল্লা তৈরির কাজ চলতি মাসেই শেষ হবে। এবারের জলোচ্ছ্বাসের সময় অনেক বন্যপ্রাণী নীলকমলসহ অন্যান্য এলাকার মাটির কিল্লাগুলোতে আশ্রয় নিয়েছিল।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, এবারই প্রথম সুন্দরবনের বনভূমি একটানা প্রায় ৪০ ঘণ্টা লবণ পানিতে প্লাবিত ছিল, যা আমরা কখনো ধারণাও করতে পারিনি। এমনকি আবহাওয়া অফিসও কোনো পূর্বাভাস দিতে পারেনি। সুন্দরবনে এবারের দুর্যোগ আমাদেরকে ভাবিয়ে তুলেছে। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলায় কী করা যায় তা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি।

তিনি জানান, সেচ পাম্প দিয়ে এখন প্লাবিত পুকুর থেকে লবণ পানি বের করে ফেলছি। এক সপ্তাহের মধ্যে যদি ভারী বৃষ্টি হয় তাহলে রক্ষা পাওয়া যাবে। তা না হলে বন্যপ্রাণীর সুপেয় পানি সংকট বাড়বে। পাশাপাশি বনকর্মীরাও চরম বিপাকে পড়বে। বনকর্মীরা পুকুরের পানি গোসল ও পান করার কাজে ব্যবহার করে। আপাতত বনকর্মীদের জন্য খুলনা থেকে জলযানে করে পানি সরবরাহ করা হচ্ছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম জানান, জলোচ্ছ্বাসে পুকুরগুলো সাগর-নদীর লবণ পানিতে প্লাবিত হয়। বন্যপ্রাণীরা এসব পুকুরের লবণমুক্ত পানি পান করতো। এ অবস্থায় বন্যপ্রাণীরা পানি সংকটে পড়েছে।

তিনি জানান, সেচ পাম্প দিয়ে পর্যায়ক্রমে পুকুরগুলো থেকে লবণ পানি অপসারণ করা হচ্ছে। এরপর বৃষ্টি হলে পুকুরগুলো যখন ভরে যাবে তখন আর বন্যপ্রাণীর পানি সংকট থাকবে না। কিন্তু এতে কতদিন সময় লাগবে তা অনিশ্চিত।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, অতীতের কোনো ঘূর্ণিঝড়ই পুরো সুন্দরবনকে একসঙ্গে ডুবিয়ে দেয়নি এবং এত দীর্ঘসময় ধরে এত উঁচু জলোচ্ছ্বাসের প্রভাবে বন নিমজ্জিত থাকেনি। সে কারণে এবার বন্যপ্রাণী মারা যাওয়ার সংখ্যা অনেক বেশি।

তিনি বলেন, পুকুরগুলো প্লাবিত হওয়ায় বাঘ, হরিণ, বানর, বন্য শুকরসহ বন্যপ্রাণীরা বাধ্য হয়ে এখন লবণ পানি পান করছে। এর ফলে বন্যপ্রাণী অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলায় সুন্দরবনের মধ্যে আরও মাটির কিল্লা তৈরি করার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়া বন্যপ্রাণী ও বনকর্মীদের ব্যবহৃত পুকুরগুলোর পাড় উঁচু করারও পরিকল্পনাও নেয়া হচ্ছে। তবে পুকুরগুলোর পাড় আবার বেশি উঁচু করলে বন্যপ্রাণীরা ওইসব পুকুরের পানি পান করতে যেতে বাধাগ্রস্ত হবে, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। এছাড়া আরও কোনোকিছু করা যায় কিনা সে ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।

তিনি বলেন, গত ১ জুন থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। আশা করা যায়, এই সময়ে সুন্দরবন প্রাকৃতিকভাবে নিজের ক্ষতি নিজেই অনেকটা কাটিয়ে উঠতে পারবে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের পর সুন্দরবনে ৪০টি হরিণ, একটি বাঘ, একটি বানর, তিনটি সাপ, দুটি পাখি ও একটি তিমির মৃতদেহ পাওয়া যায়। ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার পর তিনটি হরিণ ও একটি শুকরের মৃতদেহ উদ্ধার করা হয়। আর ২০১৩ থেকে ২০২০ সালের ঝড়গুলোতে বন্যপ্রাণীর তেমন ক্ষতি হয়নি। ২০২১ সালের ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসে মারা যায় ৪টি হরিণ।

পথসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহসিন রেজা
সকল ষড়যন্ত্র ভয়-ভীতি উপেক্ষা করে মোটরসাইকেল প্রতিকে
ভোট দিলে কয়রায় মানুষ শান্তিতে ঘুমাতে পারবে

কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রা উপজেলায় ৯ জুন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনকে সামনে রেখে মহেশ^রীপুর ইউনিয়নের কালিকাপুর মোড়ে পথসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী জিএম মোহসিন রেজা বলেছেন, কয়রা উপজেলা উপকূলীয় এলাকা। দূর্যোগপ্রবণ এলাকা। বেঁড়িবাঁধ ভাঙনে মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। এ উপজেলার মাটি যেমন উর্বর, তেমনি কয়রাবাসী বিচক্ষণ। আমি দীর্ঘ দিন ধরে বাংলাদেশ আওয়ামীলীগ কয়রা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছি। সন্ত্রাসী চাঁদাবাজ, দখলবাজদের প্রশয় দেয়নি। আগামীতেও দেব না। খুলনার শস্যভান্ডার খ্যাত কয়রায় অনেক সম্ভাবনাময় দিক আছে। মোটরসাইকেল প্রতিকে ভোট দিয়ে আমাকে উপজেলা পরিষদের কর্মী নিযুক্ত করলে কয়রা উপজেলাকে খুলনা বিভাগের মধ্যে একটি মডেল স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। আমি মনেপ্রাণে বিশ^াস করি সকল সম্প্রদায়ের মিলিত শক্তি দেশ গড়ার হাতিয়ার। তাই মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্ঠান সহ সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি জনপদের সামগ্রকি উন্নয়ন সম্ভব। সকল ভয়-ভীতি উপেক্ষা করে আর্থিক প্রলোভনকে পাশ কাটিয়ে ঐক্যবদ্ধভাবে মোটরসাইকেল প্রতিকে ভোট দিলেই কয়রাবাসীর বিজয় সুনিশ্চিত। আমি ছাত্রজীবন থেকে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। বঙ্গবন্ধু তথা তাঁর তনয়া জননেত্রী শেখ হাসিনার আদর্শে আদর্শিত। আপনাদের কাছে আমি বিগত ৪০ বছর পরিক্ষিত সৈনিক। আমি কয়রায় মাটিতে কাজ করতে এসেছি। মানুষের সুখে দুঃখে সাথী হতে এসেছি। এজন্য অন্যের মত টাকার পাহাড় গড়েনি। কয়রাবাসীর ভাগ্য নিয়ে রাজনীতি করতে আসি নাই। কয়রা উপজেলার মানুষের অভূতপূর্ব সাড়া ও গণজোয়ার ভালবাসায় আমি মুগ্ধ।
বুধবার (৫জুন) বিকাল ৫ টায় উপজেলার বিভিন্ন পথসভা এবং উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জিএম মোহসিন রেজা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কয়রার কৃষকদের ন্যায্যমূল্যে বীজ, সার প্রদান এবং উৎপাদিত খদ্যশস্য উপযুক্ত মূল্য নিশ্চিত করনে কার্যকরী উদ্যোগ নেব। প্রয়োজনে রাজধানী ঢাকার সাথে কয়রার কৃষকদের উৎপাদিত খাদ্য শস্যের সহজ পরিবহন সৃষ্টির চেষ্টা করব। বিভিন্ন ইউনিয়নে বিলে খাল খনন করে কৃষকরা একটি ফসল নয় কমপক্ষে দুটি ফসল নিতে পানি ও বিদ্যুতের সমাধান করাসহ উপজেলার সমস্ত ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনে কঠোর উদ্যোগ গ্রহন করব। যাতে কৃষকের ফসল ফলাতে বিঘ¦ না হয় সে দিকে খেয়াল রাখব। আমি কথায় নয়, কাজে বিশ^াসী। আমার মোটরসাইকেলে প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে কয়রা উপজেলাবাসীর অতন্ত্র প্রহরী হিসেবে নিযুক্ত করুন। আমি কয়রার মা মাটি মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতে চাই। তাই অন্যের ভয়-ভীতির কথায় আবেগে না পড়ে বিবেক কাজে লাগিয়ে খুলনার শস্যভান্ডার খ্যাত কয়রার কৃষকদের উৎপাদিত খাদ্য শস্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরনসহ কয়রা উপজেলা দূর্ণিতী ও হয়রানির হাত থেকে মুক্ত করতে এবং সূলভ মুল্যে সার বীজ সহজপ্রাপ্তি এবং অবকাঠামোগত উন্নয়ন বুঝে নিতে মোটর সাইকেল মার্কায় ভোট দিন।
এসময় পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক নিশিত রঞ্জনমিস্ত্রী, মহেশ^রীপুর চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি, উত্তরবেদকাশি চেয়ারম্যন সরদার নুরুল ইসলাম কোম্পানি, দক্ষিণবেদকাশি চেয়ারম্যান আছের আলী মোড়ল, আমাদী সাবেক ইউপি চেয়ারম্যান আমির আলী গাইন, আওয়ামীলীগ নেতা, ইয়াকুব আলী, প্রভাষক মোক্তার হোসেন, ইব্রাহীম, জিয়াদ আলী গাইন, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম টিংকু, ইখতিয়ার উদ্দীন হিরো, রোকনুজ্জামান কাজল, আবু হায়দার রনি প্রমুখ।

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (৫ জুন) সকাল ১০ টায় কয়রা সদরে এ উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিএম তারিক-উজ-জামান। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম,আনসার ভিডিপি কর্মকর্তা মনোয়ারা খাতুন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন, প্রধান শিক্ষক সুচিত্র কুমার মন্ডল, শিক্ষার্থী মেহেদী হাসান, পিয়াংকা মন্ডল প্রমুখ। আলোচনা শেষে পরিবেশের উপর চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়।

শেখ সুজনের মায়ের মৃত্যুতে বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর শোক বিবৃতি
থবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ খুলনা মহানগর সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃত্তি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন সংগঠনের খুলনা মহানগর আহবায়ক মোঃ মোস্তফা কামাল, সিনিঃ যুগ্ম আহবায়ক এম আসাদুজ্জামান মুন্না, যুগ্ম আহবায়কবৃন্দ এম এ শেখ জিহাদ, মোঃ মহিদুল ইসলাম নান্নু, মোঃ মনিরুজ্জামান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, মোঃ হুমায়ুন কবীর নিয়াজ, মল্লিক রফিকুল ইসলাম লিটন, সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত আলী, মোঃ মোজাম ভুইয়া, মোঃ আলমগীর হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, ইয়াসমিন আহম্মেদ অরিন, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সুমন হাচান, মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, কাজী শরিফুল ইসলাম মিঠু, সরদার সাইদী হাসান বাবু, মোঃ রফিকুল ইসলাম রাফি, লোকমান হোসেন, মোঃ আকরাম মোল্লা, মোঃ জুয়েল আরমান, মোঃ সজীব হোসেন সুরুজ, মোঃ মোস্তফা কামাল রাজা, মোঃ ফিরোজ মিয়া, শেখ আব্দুল হালিম, মোঃ পাপ্পু, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ ফিরোজ ফারাজী, খান জাহিদুর রহমান জুয়েল, আরুপ হোসেন সোহাগ, মোঃ ফোরকান শেখ, দেলোয়ার হোসেন ফারাজী, মোঃ মাছুম শেখ, শেখ জুবায়ের রহমান, খাদিমুল ইসলাম মিজু, মল্লিক আজিজুর রহমান টিটু, মোঃ জাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আছাদ আলী, মোঃ আশিকুর রহমান, ইফতেখার হোসেন দিপু, শ্রীমান ননী বাবু, মোঃ ফরহাদ হোসেন, মোঃ কলিম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শহীদুল ইসলাম, আরমান ব্যাপারীসহ সংগঠনের খুলনা মহানগরের নেতৃবৃন্দ।

বাগেরহাটে ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৫ জুন) বিকেলে মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামে একটি ডোবা থেকে এই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন, আড়ুয়াকান্দি গ্রামে আজিজ খানের ছেলে আমির হামজা (০৭) ও বাকা খানের ছেলে মোঃ শফিউল্লাহ (০৮)। এর দুই জন সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, দুপুর ১টা থেকে ওই দুই শিশুকে খুজে পাওয়া যাচ্ছিল না। খুজতে খুজতে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের ছোট একটি ডোবায় দুইজনের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ডোবায় থাকা ছোট মাছ ধরতে গিয়ে, পানিতে ডুবে এই শিশুদের মৃত্যু হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, ওই শিশুদের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিবারের সাথে কথা ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

শরণখোলা উপজেলা নির্বাচন : দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১২
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের শরণখোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার (৪জুন) রাত ৮টার দিকে উপজেলার শরণখোলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। এ ঘটনায় দুই প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
আহতরা হচ্ছেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আনারস প্রতিকের প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্তর কর্মী টুলু তালুকদার, ইমরান উদ্দিন শুভ, উপজেলা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, আলমগীর শিকদার, ওবায়দুল আকন, ময়নুল ইসলাম এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দোয়াত কলম প্রতিকের প্রার্থী আসাদুজ্জামান মিলনের কর্মী আসাদ কবিরাজ, মাসুম তালুকদার, শাহিন গাজী, মাহাবুব মোল্লা, মেহেদি হাসান, জলিল হাওলাদার। এদের মধ্যে গুরুতর আহত আসাদ কবিরাজ, ওবায়দুল আকন ও খান মতিয়ার রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আনারস প্রতিকের প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত বলেন, নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে আমার কর্মী-সমর্থকরা শরণখোলা বাজারে একটি পথসভা করছিল। এসময় দোয়াত কলমের প্রার্থী আছাদুজ্জামান মিলন ঘটনাস্থলে উপস্থিত থেকে তার সন্ত্রাসী বাহীনি নিয়ে ওই পথসভায় হামলা চালায়। ওই হামলায় আমার ছয়জন কর্মী আহত হয়।
পাল্টা অভিযোগ করে দোয়াত কলম প্রতিকের প্রার্থী আছাদুজ্জামান মিলন বলেন, দুই দিন আগে আনারস প্রতিকের প্রার্থীর সমর্থকদের হামলায় আমার কর্মী রফিকুল ও হারুণ অল রশীদ আহত হয়। ওই আহত কর্মীদের দেখতে শরণখোলা বাজারে পৌছালে দেখতে পাই সেখানে উপজেলা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমানের নেতৃত্বে একটি সভা হচ্ছিল। কিসের সভা জানতে চাইলেই আনারস প্রতিকের প্রার্থী রায়হান উদ্দিন শান্ত‘র ছোট ভাই ইমরান উদ্দিন শুভ‘র নেতৃত্বে কয়েকজন আমাদের উপর হামলা চালায়। এতে আমার ৬ জন নেতা-কর্মী আহত হয়েছে।
মিলন আরও বলেন, নির্বাচন শুরু হওয়ার পর থেকে আনারস প্রতিকের প্রার্থী ও তার সমর্থকরা আমাদের উপর নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। বিশেষ করে সাউথখালী ইউনিয়নে আমার কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকী দিয়েছে। কয়েক জনের উপর হামলাও হয়েছে। সুষ্ঠ নির্বাচনের সার্থে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এই প্রার্থী।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজিত পরিবেশ সৃষ্টি হলে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার আসিকুর রহমান শরণখোলায় এসে উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিত শান্ত করার চেষ্টা করেন।
শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম কামরুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ওই এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। দুই পক্ষের কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি।তারা হয়ত নিজেদের মধ্যে বোঝা পড়ার চেষ্টা করছেন।
গেল ২৯ মে শরণখোলা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঘূর্নিঝড় রিমালের কারণে নির্বাচনটি স্থগিত করা হয়। আগামী ৯ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে এই উপজেলায় ২ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

বাগেরহাটে ঘূর্ণিঝড়ে দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৫ জুন) দুপুরে জেলার মোরেলগঞ্জ উপজেলার প্রত্যন্ত ঘষিয়াখালি ও রামপালের মল্লিকেরবেড় গ্রামের অসহায় দরিদ্রদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
সুন্দরবন মুক্ত স্কাউট দলের উদ্যোগে ডক্টরস ফর ডক্টর ফোরামের সহযোগিতায় সহায়তা প্রদানের সময় সুন্দরবন মুক্ত স্কাউট দল বাগেরহাট শাখার সভাপতি শেখ হায়দার আলী বাবু, জেলা সাধারণ সম্পাদক সাকির হোসেন, স্কাউট লিডার শেখ তানজির হোসেন, সৈয়দা তৈফুন নাহার, মোঃ সাজ্জাদ হোসেন, ফয়সাল হাওলাদার ও প্রকাশ চন্দ্র পালসহ স্কাউট দলের সদস্যরা ।
খাদ্য সহায়তার মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু, তেল, চিনি, লবণ, পিয়াজ, চিড়া, মুড়ি,শুকনা ঝাল, গ্যাস লাইট, স্যালাইন ও সাবান।
জেলা সাধারণ সম্পাদক সাকির হোসেন বলেন, ঘূর্নিঝড়ের পর দুর্গত এলাকায় খাদ্য সংকট দেখা দেয়। অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এ অবস্থায় সংগঠনের পক্ষ থেকে খাদ্য সহায়তার উদ্যোগ নেওয়া হয়। আমরা অনেকে সাথে যোগাযোগের চেষ্টা করলে ডক্টরস ফর ডক্টর ফোরানের অন্যতম সদস্য ডেন্টিস্ট্রি প্রাভা হেলথ এর কন্সালট্যান্ট ডা. লুবনা শারমিন ও অন্য কয়েকজন আর্থিক ভাবে সহযোগিতায় এগিয়ে আসে। আমরা সকলের সহযোগিতায় যাতে কমপক্ষে ১৫ দিন একটি পরিবারে খাবারে কোন সংকট না থাকে সে জন্য বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার প্রত্যন্ত ঘষিয়াখালি ও রামপালের মল্লিকেরবেড় গ্রামের শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করেছি।
গত ২৬ মে ঘুর্নিঝড় রেমালের বাগেরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখনও অনেক এলাকা পানিবন্দী রয়েছে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
তথ্য বিবরণী
আগামী ৯ জুন তৃতীয় পর্বে খুলনা জেলার ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে যানবাহন চলাচলের বিষয়ে নিম্নরূপ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৮ জুন-২০২৪ দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৯ জুন-২০২৪ দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে নির্বাচন এলাকায় ৭ জুন-২০২৪ দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১০ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

উল্লেখিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচপত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। সেই সাথে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচপত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন/নৌ-যান চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনার জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবসে বসুন্ধরা শুভসংঘ খুলনার বৃক্ষরোপণ কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে লবণচরার মোহাম্মাদীয়াপাড়া এলাকায় আমতলা আমেনা মান্নান মহিলা দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার (৫ জুন) দুপুর ১২টার দিকে বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার সদস্যরা এ মাদরাসা প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ খান, সহ-সভাপতি শেখ মাহমুদ হাসান তুহিন, শেখ মোঃ রাসেল, মনিশংকর মন্ডল, সদস্য শেখ হেলাল বাবু, উজ্জ্বল হাওলাদার, মোঃ আব্দুর রহমান, শেখ রিপন, নয়ন, চঞ্চলসহ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমতলা আমেনা মান্নান মহিলা দাখিল মাদরাসা ছাড়াও বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার উদ্যোগে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধশতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।#

খুলনা শহর এরিয়া প্রোগ্রামের ‘পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালার সমাপনী
খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার বিকেলে নগরীর সিএসএস আভা সেন্টারে খুলনা শহর এরিয়া প্রোগ্রামের ‘পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

খুলনা শহর এরিয়া প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ৩ দিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করে। মহানগরীর ৩১টি ওয়ার্ডে শিশু কল্যাণে প্রধান অন্তরায়সমূহ সনাক্তকরণ ও ভবিষ্যত কর্মপরিকল্পনা প্রণয়ন করাই এ প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, খুলনা মহানগরীতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে খুলনা সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেসিসি’র এই কর্মপ্রচেষ্টায় নগরীর সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সিটি কর্পোরেশন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নগরবাসীকে সেবা দিয়ে থাকে। নাগরিক সেবায় কেসিসি’র পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ এগিয়ে আসলে কেসিসি’র প্রচেষ্টা ফলপ্রসু হবে বলে তিনি উল্লেখ করেন।

সংস্থার সিনিয়র ম্যানেজার ফুলি সরকার-এর সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মো: আরিফ হোসেন মিঠু, সংস্থার ডেপুটি ডাইরেক্টর মো: আব্দুল করিম হাওলাদার ও বাংলাদেশ শিক্ষক সমিতি- খুলনা মহানগর শাখার সভাপতি লিয়াকত হোসেন। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: অনিসুর রহমান, বেসরকারি সংস্থা রূপান্তর-এর প্রধান নির্বাহী স্বপন কুমার গুহ, মাসাস-এর নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, টিএন্ডটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কুমার মল্লিক প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন।

মহেশপুরে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে শাহাজাহান আলী ফকিরকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(৫মে) বিকালে উপজেলার খালিশপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাজু (২৩) পাশ^বর্তী যশোর জেলার চৌগাছা উপজেলার রাজাপুর গ্রামের জিয়ারুল ইসলামে ছেলে।
জানাগেছে, তথ্য প্রযুক্তির সাহায্যে হত্যাকান্ডের ৯ দিন পর উপজেলার খালিশপুর বাজার থেকে রাজুকে আটক করা হয়। গত মঙ্গলবার (২৮ মে) রাতে উপজেলার বেলেমাঠ বামনগাছা গ্রামে স্ত্রীকে অন্য ঘরে আটকে রেখে শাহাজাহান আলী ফকিরকে গলা কেটে হত্যা করা হয়। পরের দিন নিহতের মেয়ে বাদী হয়ে রাজুকে প্রধান আসামী করে অজ্ঞাত আসামীদের নামে হত্যা মামলা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, তথ্য প্রযুক্তির সাহায্যে হত্যা মামলার প্রধান আসামী রাজুকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা চালালো হচ্ছে।