নড়াইল প্রতিনিধি
পুলিশের হাতে গ্রেপ্তারের পরপরই বেরিয়ে এলো নড়াইলে সন্ত্রাসী উজ্জ্বলের সন্ত্রাসের অডিও। নিজেই হাত-পা কাটার হুমকি দিচ্ছেন আবার আন্ডারওয়াল্ডের শিমুল ভূঁইয়ার (এমপি আনার হত্যার আসামি) সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথা বলেছেন অবলীলায়। নিউটন গাজীকে হুমকি দিতে তারই স্ত্রীর বড়ভাই ইতালী প্রবাসী লিটন ভাইয়ার কাছে একটি ভয়েস ক্লিপ পাঠায় উজ্জ্বল শেখ।
নির্বাচন পরবর্তী সহিংসতায় এলাকার নিউটন গাজীর বাড়ি ও পাকিং করা গাড়ি পোড়ানোর ঘটনায় মঙ্গলবার (৪ জুন) দুপুরে ধোপাখোলা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় উজ্জ্বল শেখকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন নিউটন গাজী।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার হিন্দুদের জমিদখলসহ একাধিক মামলা রয়েছে সাবেক এ চেয়ারম্যানের বিরুদ্ধে। অডিও ক্লিপে উজ্জ্বল ওপাশে কোন বড়ভাইকে বলছে ‘তারে একটা ফু দিলে তার পশম কেউ খুঁজে পাবে না, ওরে তো এমনি মারবো না অন্ধকারে ওর দুটো পা কিন্তু ভাই কেটে দেবো’ এরপরই সে বলে ‘ওরে মাফ করছি আরও একটি কারণ আছে ভাই, এই যে আমাদের যে এমপি মার্ডার হইছে না ইন্ডিয়াতে ওখানে যেমন লোক শিমুল ভাই তার বৌ-মেয়ে ওনার আরও একজন লোক ১৯ তারিখ থেকে আমার বাসায়, আজকে আমি তাদের নিয়ে ঢাকায় আসছি। আমি যদি কোন ঝামেলা করি তাহলে তো পুলিশ আমার বাসায় যাবে, লোকগুলো আমার বাসায় আমার আশ্রয়ে আছে, বোঝেন তো তাদের সঙ্গে চলি।’
নড়াইল সদর উপজেলার শিংগাসোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের সন্ত্রাসী কর্মকান্ড এলাকাবাসীর জানা থাকলেও তা প্রমাণে সাহস করেনি কেউ। সম্প্রতি সংখ্যালঘু পরিবারের জমিদখলসহ নানা সন্ত্রাসী কাজের বিষয়ে সদর থানায় মামলা দায়ের হয়েছে। গত ২১ মে সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে তা আরও স্পষ্ট হয়ে ওঠে। নির্বাচনে প্রতিপক্ষকে খায়েল করতে নানা ধরনের হুমকি এমনকি প্রতিপক্ষ আনারস প্রতীকের এজেন্ট সৈয়দ ওয়াজেদ আলীর পরিবারকে জোর করে নিজের সমর্থিত ঘোড়া প্রতীকে ভোট দিতে বাড়িতে হুমকি দেন।
গোবরা বাজারের নড়াইল-ফুলতলা সড়ের পাশে বসবাস উজ্জ্বল শেখের। তার বাবা সাত্তার শেখ। বিগত ২০১৬ সালের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করে চেয়ারম্যান হন। মূলত এসময় থেকেই সন্ত্রাসী উজ্জ্বল শেখ তার কর্মকান্ড বিস্তার করে। গোবরা বাজারের পাশে তার বাড়িতে পার্শ্ববর্তী যশোরের অভয়নগর থানার নানা ধরনের সন্ত্রাসী লোকেদের আনাগোনা।
গোবরা বাজারের একটি বড় অংশই তার দখলে রয়েছে। গোবরা বাজারের অশোক মেম্বার এর দোকান দখলে নিয়েছে উজ্জ্বল। মহিতোষ দে নামের একজনের দোকানের ভাড়া জোর করে তুলে নেয় উজ্জ্বল। গোবরা-নলদীরচর এলাকার হিন্দুদের জমিজমা সুযোগ পেলেই ভয় দেখিয়ে দখলে নিয়েছে। এ বিষয়ে হিন্দুরা ভয়ে কথা বলেন না।
২০২১ সালের ইউপি নির্বাচনে হেরে যাবার পরে গোবরা বাজারের ধান ব্যবসায়ী আনোয়ার মোল্যাকে পিটিয়ে পঙ্গু করে দেয় উজ্জ্বলের লোকেরা, চরম মানবেতর ভাবে ভাঙ্গা পা নিয়ে ক্রাচে চলাচল করে আনোয়ার। গোবরা প্রগতি বিদ্যালয়ের কর্মচারী মুরগী ব্যবসায়ী মিশকাতকে নির্বাচনে বিরোধিতা করার অপরাধে পিটিয়ে পঙ্গু করে। গোবরা বাসস্ট্যান্ডের মোড়ে ওপর হিন্দু তারাপদ শীল, দুলাল শীল ও তরুণ শীলের প্রায় ২০ শতক জমি ওপর নির্মিত ৫টি দোকান ঘরের সবকটিই দখলে নেয় উজ্জল শেখ। নিজের জমিতে আরও ৭টি দোকান তুলতে গেলে তা বাধা দিয়ে নিজের জমি দাবি করে উজ্জল। দোকানের ভাড়াও তুলে নেয় উজ্জ্বলের লোকেরা। এ দেকানের মধ্যে একটিতে নিজের অফিস বানিয়েছে উজ্জল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, উজ্জ্বলের সঙ্গে ফুলতলার গিয়াস বাহিনীর প্রধান গিয়াস এবং একই এলাকার অন্য বাহিনী শিমুল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ রয়েছে। এই দুই বাহিনীর প্রধানরা নিয়মিত উজ্জ্বলের বাড়িতে বেড়াতে এবং নানা ধরনের সন্ত্রাসী কাজে আসতো।
শিংগাশোলপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হিটু জানায়, ইউপি চেয়ারম্যান হবার পর থেকেই তার সন্ত্রাসী কর্মকান্ড প্রকাশ্যে আশে। সে এলাকার অন্তত শত মানুষের বাড়িঘর- দোকান দখল করে নিয়েছে। ৫ বছরে সে অন্তত আড়াইশো বার ইন্ডিয়া গেছে যা আপনার তার পাসপোর্ট দেখলেই জানতে পাবেন।
নড়াইল সদর থানার ওসি মো.সাইফুল ইসলাম বলেন, দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিকের মাধ্যমে শুনছি তার নানা সন্ত্রাসী কর্মকান্ডের কথা। সেগুলো কোন প্রমাণ বা আরও মামলা হলে তা পুলিশ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।











































