কুষ্টিয়া প্রতিনিধি
ছেলে ও দেবর মিলে শ্বাসরোধ করে মমতাজ বেগমকে হত্যা করে লাশের হাত-পা বেঁধে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়। ওই হত্যা মামলায় সন্তান-দেবরসহ আরও এক সহযোগীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহ গ্রামের মৃত ফজল বিশ্বাস ও নিহত ওই নারীর ছেলে মুন্না বাবু, একই এলাকার ইয়াছিন আলীর ছেলে রাব্বি আলামিন এবং মৃত ইনছার বিশ্বাসের ছেলে ও নিহত নারীর দেবর আব্দুল কাদের। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাদের পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত ছেলে ও দেবর মিলে মমতাজকে একটি দোকান বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ দেয়; কিন্তু মমতাজ ওই দোকান বিক্রি করতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে মমতাজকে হত্যার ষড়যন্ত্র করেন ছেলে মুন্না ও দেবর কাদের।
মামলার এজাহার মতে, ২০২১ সালের ২১ জানুয়ারি বিকাল ৫টার দিকে নিখোঁজ হন মমতাজ বেগম। ঘটনার চার দিন পর ২৫ জানুয়ারি অভিযুক্ত নিহতের ছেলে মুন্না বাবু মিরপুর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। মিরপুর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ কথাবার্তায় সন্দেহ হওয়ায় মুন্নাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মুন্না স্বীকার করেন চাচা কাদের ও আরেক সহযোগী রাব্বি আলামিনের সহযোগিতায় তার বসতবাড়ির উত্তর ভিটায় মা মমতাজকে গলায় রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ হত্যা করে এবং তার লাশ গুম করতে বাড়ির পাশে জনৈক রাজার পরিত্যক্ত পুকুরের পানির নিচে কাদায় পুতে রাখে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে একমাস পর ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি ওই পুকুর থেকে জেলা গোয়েন্দা পুলিশ মমতাজ বেগমের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মমতাজ বেগমের ভাই তোরাব আলী বাদী হয়ে তিনজনের নামে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার এসআই মো. কায়েস মিয়া আসামিদের বিরুদ্ধে ২০২১ সালের ১৭ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, মমতাজ বেগমকে হত্যার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আসামিদের শরীরে আঘাতের চিহ্ন বিষয়ে সুরতহাল প্রতিবেদনের বর্ণনা এবং ময়নাতদন্ত প্রতিবেদন ও সাক্ষীদের বক্তব্য দ্বারা প্রমাণিত হয়েছে।











































