Home খেলাধুলা রেকর্ড গড়ে শেষ আটে জোকোভিচ

রেকর্ড গড়ে শেষ আটে জোকোভিচ

18


স্পোর্টস ডেস্ক

লড়াইটা জমেছিল বেশ। ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নোভাক জোকোভিচ প্রায় ৫ ঘণ্টা সময় নিলেন। আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুনদোলোকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে শেষ আটে জায়গা করে নিলেন পুরুষদের শীর্ষ বাছাই এই তারকা। তিনি এই ম্যাচ জিতে রেকর্ডও গড়লেন।

সেরুনদোলোর বিপক্ষে প্রথম সেট সহজেই (৬-১) জিতে নেন জোকোভিচ। কিন্তু দ্বিতীয় সেটে ফিরে আসেন আর্জেন্টিনার টেনিস খেলোয়াড়। তিনি জেতেন ৭-৫ গেমে। তৃতীয় সেটও হারেন জোকোভিচ। সেরুনদোলো জেতেন ৬-৩ গেমে। তৃতীয় সেটের পরে হারের আশঙ্কা শুরু করেছিলেন জোকোভিচের ভক্তেরা। কিন্তু তিনি কেন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যামের মালিক, তা আরও এক বার প্রমাণ করে দিলেন জোকার। চতুর্থ সেট ৭-৫ ও পঞ্চম সেট ৬-৩ গেমে জিতে ম্যাচ নিজের পকেটে করেন জোকোভিচ।

গ্র্যান্ড স্ল্যামে ওপেন যুগে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়লেন জোকোভিচ। সেরুনদোলোর বিপক্ষে ৩৭০তম ম্যাচ জিতলেন তিনি। রজার ফেদেরারের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন তিনি। এবার ফেদেরারকে টপকে গেলেন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সেরেনা উইলিয়ামস। ওপেন যুগে গ্র্যান্ড স্ল্যামে ৩৬৭টি ম্যাচ জিতেছেন তিনি। রাফায়েল নাদাল জিতেছেন ৩১৪টি ম্যাচ। তিনি রয়েছেন চার নম্বরে। পঞ্চম স্থানে রয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা। তিনি জিতেছেন ৩০৬টি ম্যাচ।