স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপ, বটিয়াঘাটা ও রূপসা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৮৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৪ জুন) সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার ভোরে পাঠানো হবে ব্যালট পেপার।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দাকোপ, বটিয়াঘাটা ও রূপসা উপজেলায় মোট প্রার্থী ৪১ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১০ জন। দাকোপা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আবুল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ যুবরাজ ও স্বতন্ত্র অচিন্ত্য কুমার মন্ডল। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বটিয়াঘাটা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৬ জন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোতাহার হোসেন, জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য জিএম মিলন, সিপিবি’র নিতাই গাইন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ রাসেল কবীর ও জাতীয় পার্টির মো. শাওন হাওলাদার। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রূপসা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৬ জন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা সরদার ফেরদৌস আহম্মেদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. কামরুজ্জামান, উপজেলা যুবলীগের সদস্য মো. নোমান ওসমানী ও জাতীয় পার্টির আব্দুল অদুদ মোড়ল। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দাকোপ উপজেলার ৫৪টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ ৩৬১টি, মোট ভোটার ১ লাখ ৩৪ হাজার ৬৮৩ জন। বটিয়াঘাটা উপজেলার ৬৫টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ ৪৪৯টি, মোট ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬৫৮ জন। রূপসা উপজেলার ৬৫টি কেন্দ্রে ভোট কক্ষ ৪২০টি, মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ৩৫৬ জন।
জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোট কেন্দ্রগুলোতে আইনশৃংখলা রক্ষা বাহিনীর ৪ সহস্রাধিক সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ২ হাজার ৫৮৪ জন ও পুলিশ ১ হাজার ৫৩২ জন। এছাড়া প্রত্যেক উপজেলায় ২ প্লাটুন করে মোট ৬ প্লাটুন বিজিবি এবং র্যাব সদস্যরা টহল দেবেন। দায়িত্ব পালন করবেন ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন। কোথাও কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে। আর রিটার্নিং কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।











































