Home জাতীয় বছরে ডাক বিভাগের লোকসান ৭০০ কোটি

বছরে ডাক বিভাগের লোকসান ৭০০ কোটি

21


ঢাকা অফিস
বাংলাদেশ ডাক বিভাগ প্রতিবছর ৭০০ কোটি টাকা লোকসান দিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে আয়োজিত ‘ডাক বিভাগের ই-কমার্স সেবা সম্প্রসারণ ও চিলার চেম্বার ফাংশনাল করা এবং ক্রস বর্ডার ই-কমার্সসংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রী ডাক অধিদফতরের মহাপরিচালককে এক ঘণ্টার মধ্যে অধিদফতরের নিয়ন্ত্রণে থাকা গাড়ির হিসাব দেখাতে বলেন।

লোকসান কমাতে ডাক বিভাগের মালিকানায় থাকা গাড়ি ও জমি বেসরকারি খাতে দেওয়া হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ডাক বিভাগের মোট ৪৬২টি গাড়ি আছে। এর মধ্যে ১৩৫টি অচল। এসব গাড়ি সাতদিনের মধ্যে ঠিক করে কাজে লাগাতে না পারলে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া হবে। ডাক বিভাগের জমিগুলোও আমরা প্রয়োজনে বেসরকারি খাতে দেব। তারা লভ্যাংশের অংশ আমাদের পরিশোধ করবে।

তিনি জানান, সব গাড়ি ও সার্ভিস পয়েন্ট ছাড়াও প্রয়োজনে ডাক বিভাগের সব জায়গাও বেসরকারি প্রতিষ্ঠানকে লিজ দেওয়া হবে। চলতি জুনের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে চুক্তি হবে।

মতবিনিময় সভায় ডাক বিভাগ, ডাক অধিদফতরের কর্মকর্তা, কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, ই-কমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ লজিস্টিকস খাতসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।