ক্রীড়া প্রতিবেদক।।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে চাইনিজ তাইপে নারী ফুটবল। তবে গুনে-মানে অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে জয় পেল না তারা। ঘাম ঝড়িয়েই জিততে হয়েছে সফরকারীদের। বাংলাদেশের বিপক্ষে তাদের জয় এসেছে ১-০ গোলে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত চাইনিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের শুরুতে বড় চমক ছিল নিয়মিত অধিনায়ক সাবিনা খাতুনকে ছাড়া বাংলাদেশের একাদশ। ২০১০ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলা সাবিনা একাদশ থেকে বাদ পড়েছেন- সেটি খুব একটা দেখা যায়নি। কিন্তু বাংলাদেশের সফল এই অভিজ্ঞ নারী ফুটবলারকে ছাড়া একাদশ গঠনের সাহসী সিদ্ধান্ত নিলেন ইংলিশ কোচ পিটার বাটলার।
সাবিনার সঙ্গে মাসুরা পারভীন ও সানজিদা আক্তারও একাদশে ছিলেন না। তাদের ছাড়া খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। ১৭ মিনিটেই গোল হজম করে স্বাগতিকরা। আগের ম্যাচে হ্যাটট্রিক করা সু ইউ সুয়ান গোল করে দলকে এগিয়ে দেন। বক্সের ভেতরে লিনের কাটব্যাক থেকে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন চাইনিজ তাইপের এই আক্রমণভাগের খেলোয়াড়।
১-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ১৯ মিনিটে মনিকা চাকমা দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শট নিলেও তা গোলকিপারের তালুতে জমে যায়। ২৬ মিনিটে স্বপ্না রানীর বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে ক্রসবারের ওপর দিয়ে বল চলে যায়।
বিরতির পর তাইপে আবারও চেপে ধরার চেষ্টা করে। তবে গোল স্কোরলাইন বাড়াতে পারেনি সফরকারীরা। বাংলাদেশও গোলের চেষ্টা করে। ৬১ মিনিটে স্বপ্না রানীর কর্নারে শামসুন্নাহারের হেডে বল পোস্টের পাশ দিয়ে চলে যায়। এর আগে তহুরা বক্সে প্রবেশের মুহূর্তে ট্যাক করে কর্নার করেন। ৬৯ মিনিটে মনিকার জোরালো শট অনেক ওপর দিয়ে যায়।
৭৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন সাবিনা। সেটপিস থেকে একের পর এক আক্রমণে আতঙ্ক ছড়ান। কিন্তু চাইনিজ তাইপের দৃঢ় রক্ষণভাগের কারণে কাঙ্খিত গোল আসেনি। এ ম্যাচে হারলেও সবার নজর কেড়েছে স্বাগতিক মেয়েরা। র্যাংকিংয়ে শতধাপ এগিয়ে থাকা দলকে শেষ পর্যন্ত আর গোল করতে না দেওয়াই তাদের কৃতিত্ব।











































