Home খেলাধুলা সেমিফাইনাল নয়, ফাইনাল খেলতেই যাব

সেমিফাইনাল নয়, ফাইনাল খেলতেই যাব

20

স্পোর্টস ডেস্ক

২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেই প্রথম ধাপ টপকে পরের ধাপে যায় বাংলাদেশ। সেটিই ক্রিকেটের ছোট সংস্করণের বিশ্বকাপে সেরা সাফল্য। এরপর শুধু হতাশই করে গেছেন টাইগাররা। এখন চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বাংলাদেশের অবস্থা এবার আরও নাজুক। বিশ্বকাপ শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষেও সিরিজ হারতে হয়েছে।

বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে দলকে নিয়ে খুব বেশি প্রত্যাশা না রাখতেও অনুরোধ করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সৌম্য সরকারের চিন্তা অনেক বড়। বাংলাদেশের প্রায় সবসময়ই লক্ষ্য থাকে বড় এসব টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা। তবে সৌম্যর প্রত্যাশা বাংলাদেশ দল খেলবে ফাইনাল।

বিসিবির ডিজিটাল প্লাটফর্মের আয়োজন ‘গ্রিন-রেড স্টোরি’-তে সৌম্য বলেন, ‘আমি তো সবসময় উঁচুতে দেখি, বড় স্বপ্ন দেখি। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। এটা একান্তই আমার চিন্তা। আমি সবসময় বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। তো আমার লক্ষ্য, কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলব, না ফাইনাল খেলতেই যাব। ফলের কথা তো পরে আসবে। মাঠের খেলার ওপর ফল নির্ভর করবে। তবে বড় স্বপ্ন দেখাটা গুরুত্বপূর্ণ।’

অধিনায়ক শান্তর প্রশংসাও ঝড়ল সৌম্যর কণ্ঠে, ‘যেভাবে ওকে মাঠের মধ্যে (শ্রীলংকা সিরিজে) দেখেছি, আমি অভিভূত। সে দলকে সবসময় একত্রিত রাখছে। আশা করি, বিশ্বকাপে সব কিছু একত্রিত করে একটা ভালো দল হিসেবে সবার সামনে আনতে পারবে। আমার পক্ষ থেকে শুভকামনা।’

হার-জিতের মধ্যেই খেলোয়াড়দের সমর্থকদের আনন্দ খুঁজে নিতে বললেন সৌম্য, ‘খেলায় তো উত্থান-পতন, ভালো-খারাপ ও হার-জিত থাকে। এসব তারা (সমর্থকরা) তাদের দিক থেকে যেন উৎসব হিসেবে নেয়। আমরা ক্রিকেটার হিসেবে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এর ভেতর থেকেই তারা যেন আনন্দটা খুঁজে নিতে পারে।’